১.
ফসিলের মোড়ে পাড়ার মসজিদটার পেছনে একটা পুরোনো টিনশেড ঘর আছে। চার তরুণের ব্যাচেলর সংসারের সেই ঘরে একপাশে কাঠের টুকরো, রঙের কৌটা, কাপড়, সুতো, আঠা। দেয়ালে ঝুলছে সারি সারি পুতুল। কেউ হাসছে, কেউ বিষণ্ণ মুখে তাকিয়ে আছে, কারও চোখে বিস্ময়, কারো বেনি করা চুল, কারো ঝাঁকড়া।
ঘরটার নাম তারা দিয়েছে "সুতোর টান"।
প্রতিদিন বিকেলে যে যেখানেই থাকুক, সেই চারজন রুদ্র, অয়ন, নীল আর সজল “সুতোর টান” -এ এসে হাজির হয়। একই ভার্সিটির শিক্ষার্থী হলেও রুদ্র চতুর্থ বর্ষে, অয়ন তৃতীয়, নীল দ্বিতীয় আর সজল প্রথম বর্ষে।
তাদের পরিচয় বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। পাপেটিংয়ের একটি ছোট ওয়ার্কশপ আয়োজন করতে গিয়ে। প্রথমে কৌতূহল, তারপর ভালো লাগা, তারপর ভালোবাসা। এখন পুতুল ছাড়া তাদের বিকেলগুলো যেন জমেই না। রুমে আসার পর থেকে বেরিয়ে যাওয়া অব্দি সব আলাপ যেনো শুধুই পুতুল নিয়ে।
রুদ্র পুতুলের নকশা করে, অয়ন মঞ্চসজ্জা সামলায়, নীল গল্প লেখে আর সজল পুতুলের কণ্ঠ দেয়। তাদের কাছে পাপেটিং নিছকই বিনোদন নয়। এটা এমন একটা ভাষা, যার মাধ্যমে মুখে বলতে না পারা কথাগুলোও সবাইকে বলা যায়। কখনো তারা শিশুদের জন্য রূপকথা বানায়, কখনো সমাজের অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক স্ক্রিপ্ট তৈরি করে। কখনো আবার মানুষের একাকিত্ব, ভালোবাসা কিংবা স্বাধীনতার গল্প বলে, কোথাও পূজো কিংবা মেলায় সে ধরণের নাটকের কাজও করে।
তাদের উপার্জন নেই বললেই চলে। পুতুল বানানোর টাকা কখনো রুদ্র দেয়, কখনো অয়ন নিজের টিউশনির টাকা থেকে দেয়। নীল মাঝেমধ্যে বাড়ি থেকে পাওয়া হাতখরচ বাঁচিয়ে রং কিনে আনে। আর সজল? সে প্রায়ই বলে, "আমার কাছে ভাই টাকা নাই, কিন্তু সময় আছে। যা কাজ দেবেন, করে দেব। কিন্তু ভাই, টাকা চায়েন না।”
তিনজন তখন হাসে।
তারা কেউ আসলে জানে না, এই হাসির আড়ালে প্রত্যেকের বুকেই আলাদা আলাদা কিছু দীর্ঘশ্বাস জমে আছে।
২.
রুদ্রের বাবা চান ছেলে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করুক। বাবার চোখে পাপেটিং একটা ছেলেমানুষি, জাস্ট শখ। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর অজুহাত।
একদিন বাবা ফোনে বলেছিলেন, "চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ছিস। এবার তো কিছু একটা কর। সারাজীবন কি পুতুল নাচাবি?"
রুদ্র কথাটা শুনে হাসার চেষ্টা করেছিল। কিন্তু ফোন রাখার পর অনেকক্ষণ পুতুলের বাক্সটার দিকে তাকিয়ে ছিল।
তার বাবা জানেন না, ছেলেটা যখন একটা পুতুলের চোখ আঁকে, তখন কতটা যত্ন নিয়ে আঁকে। জানেন না, একটা কাঠের টুকরোকে মানুষ বানাতে গিয়ে সে কত রাত জেগে থাকে।
অয়নের গল্পটা আরও কঠিন।
সংসারের অবস্থা ভালো নয়। বাবা ছোট একটা চাকরি করেন। অয়ন নিজের পড়াশোনার খরচ চালাতে টিউশনি করে। মাসের শেষে হাতে কিছু টাকা থাকলে সেটা দিয়ে পুতুলের জন্য কাপড় কিংবা রং কিনে আনে। একদিন রুদ্র তাকে জিজ্ঞেস করেছিল, "তোর কষ্ট হয় না? নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করে না?"
অয়ন হেসে বলেছিল, "করে তো। কিন্তু এই পুতুলগুলোর জন্য কিছু কিনলে আমার নিজের জন্যই কেনা হয়েছে বলে মনে হয়।"
নীল স্বপ্ন দেখে একদিন তাদের দল দেশের বিভিন্ন জায়গায় পুতুলনাট্য নিয়ে ঘুরবে। যেসব গ্রামে শিশুরা কখনো থিয়েটার দেখেনি, তাদের সামনে গিয়ে পুতুল নাচাবে।
তার বিশ্বাস, একটা ভালো গল্প মানুষের মনে অনেক দিন বেঁচে থাকতে পারে।
আর সজল?
সে সবচেয়ে ছোট। ভার্সিটিতে ভর্তির পর প্রথমবার নিজের মতো করে বাঁচার সুযোগ পেয়েছে। স্কুলজীবনে সবকিছুই ছিল নির্দিষ্ট। একেবারে বাবা-মায়ের কড়া শাসন বলতে যা বুঝি আরকি!!
কখন পড়তে হবে, কখন ঘুমাতে হবে, কার সঙ্গে মিশতে হবে। এখানে এসে সে যেন প্রথম নিজের ইচ্ছের একটা ঠিকানা পেয়েছে।
একদিন পুতুল বানাতে বানাতে সে বলছিলো "জানেন ভাই, ছোটবেলায় আমি কাউকে আমার কথা বলতে পারতাম না। এখন পুতুলের মুখ দিয়ে নিজের সব কথা বলে ফেলি।"
রুদ্র সেদিন ওর মাথায় হাত রেখে বলেছিল, "তাহলে তুই ঠিক জায়গাতেই এসেছিস।"