৩.
এক বিকেলে তারা নতুন একটা নাটক তৈরির সিদ্ধান্ত নিল। নাটকের বিষয় “মানুষের স্বাধীনতা”।
নীল গল্পের নাম দিল "সুতোর টান"।
গল্পে একটি পুতুল একদিন বুঝতে পারে, তার সমস্ত জীবন অন্যের নিয়ন্ত্রণে। সে যেদিকে যেতে চায়, তাকে সেদিকে যেতে দেওয়া হয় না। সে যেভাবে হাসতে চায়, সেভাবে হাসানো হয় না।
একদিন সে তার নিয়ন্ত্রণকারীকে (আরেকটি পুতুল) প্রশ্ন করে,
"তুমি আমাকে হাঁটতে শিখিয়েছ, কিন্তু কোথায় যাব তা কেন ঠিক করে দাও?"
নিয়ন্ত্রণকারী বলে, "তুমি তো আমার ইচ্ছাতেই হাঁটো।"
পুতুল বলে, "তাহলে আমার ইচ্ছা বলে কিছু নেই?"
নিয়ন্ত্রণকারী উত্তর দেয়, "ইচ্ছা দিয়ে জীবন চলে না।"
এই সংলাপটি নিয়ে চারজনের মধ্যে তর্ক শুরু হলো।
অয়ন বলল, "কথাটা কিন্তু মিথ্যে নয়। শুধু ইচ্ছা দিয়ে তো জীবন চলে না।"
নীল বলল, "তাহলে মানুষ স্বপ্ন দেখবে কেন?"
অয়ন একটু চুপ করে বলল, "সবাই স্বপ্ন দেখার সামর্থ্য নিয়ে জন্মায় না, নীল। কারও কারও স্বপ্ন দেখার আগেই বাজারের ব্যাগ নিয়ে দৌড়াতে হয়।"
কথাটা শুনে নীল চুপ হয়ে গেল।
রুদ্র বলল, "আমরা আসলে সবাই পুতুল। কারও সুতো পরিবারের হাতে, কারও সমাজের হাতে, কারও অর্থনৈতিক বাস্তবতার হাতে।"
সজল বলল, "তাহলে আমরা এখানে কী করছি? অন্যের পুতুল নাচাচ্ছি, অথচ নিজেরাই সুতোয় বাঁধা!"
রুদ্র হেসে বলল, "এটাই তো জীবনের সবচেয়ে বড় জোকস। হাহ হাহ হাহ…"
সেদিনের হাসিটা বেশি সময় স্থায়ী হলো না।
কয়েকদিন পর রুদ্রের বাবা তাকে জানালেন, তার জন্য একটি চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছেন। পড়াশোনা শেষ হলেই যেন সে আর এসব পুতুল নিয়ে সময় নষ্ট না করে।
অয়নকে বাড়ি থেকে বলা হলো, পরের সেমিস্টারের খরচ হয়তো আর দেওয়া সম্ভব হবে না। তাকে পড়াশোনার পাশাপাশি আরও বেশি কাজ করতে হবে।
নীলের বাবা জানালেন, ছেলের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। পুতুলনাট্য করে ভবিষ্যৎ গড়ার কোনো মানে হয় না।
সজলের বড় ভাই একদিন এসে তাদের ঘর দেখে বলল, "েখানে পড়াশোনা করতে এসেছিস, নাকি পুতুল বানাতে?"
চারজনের কেউ কারো কথার কোনো উত্তর দিতে পারেনি।
৪.
সাংস্কৃতিক অনুষ্ঠানের আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু স্ক্রিপ্টই তখনো অসম্পূর্ণ।
অয়ন নিয়মিত আসতে পারছে না। টিউশনি বেড়েছে। রুদ্র চাকরির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। নীলের সঙ্গে বাড়িতে প্রায় প্রতিদিনই ঝগড়া হচ্ছে। সজল একা ঘরে বসে পুতুলের পোশাক বানায়।
একদিন সে রুদ্রকে ফোন করে বলল, "ভাই, আজকে আসবেন?"
রুদ্র বলল, "আজ পারব না সজল। একটু কাজ আছে।"
অয়ন বলল, "আজ টিউশনি আছে। কাল আসব।"
নীল বলল, "বাড়িতে আছি। ফিরতে পারছি না রে।"
সজল ফোনটা রেখে দিল। ঘরে তখন শুধু কয়েকটি পুতুল। জানালার পাশে ঝুলছে একটা ছোট কাঠের পুতুল। সজল সেটার দিকে তাকিয়ে বলল, "কিরে, তোরও কি কেউ নেই?"
তারপর নিজের অজান্তেই পুতুলটাকে বুকে জড়িয়ে ধরল।
সেদিন সন্ধ্যায় রুদ্র ঘরে এসে সজলকে পেল। ছেলেটা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। পাশে অসমাপ্ত পুতুল, কিছু কাটা কাপড়, সুতো আর রঙের কৌটা।
রুদ্র ওর গায়ে হাত রাখতেই সজল জেগে উঠল।
"ভাই, আপনারা কি আর পাপেটিং করবেন না?"
রুদ্র থমকে গেল।
"কেন?"
"কিছু না। সবাই তো ব্যস্ত। ভাবলাম, হয়তো আর হবে না।"
রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল, "জানিস, আমরা যখন এই দলটা তৈরি করেছিলাম, তখন ভেবেছিলাম আমরা স্বাধীন। কিন্তু এখন বুঝছি, স্বাধীনতা পাওয়া যত কঠিন, তাকে ধরে রাখা তার চেয়েও কঠিন।"
সজল মৃদু স্বরে বলল, "তাহলে আমরা কি হেরে গেলাম?"
রুদ্র উত্তর দিতে পারল না।
তার মনে হলো, ছেলেটাকে সে কোনো সান্ত্বনা দিতে পারবে না। কারণ তার নিজের কাছেও কোনো উত্তর নেই।