প্রধানমন্ত্রীর একটি বক্তব্য চোখে পড়ল- আরাফাতের নিমগাছ ‘জিয়া ট্রি’, তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই গাছ লাগিয়েছিলেন। তিনি বলছিলেন, ১৯৭৮ সালে সৌদি আরবে গিয়ে জিয়াউর রহমান নিমগাছ লাগানোর পরামর্শ দেন এবং বাংলাদেশ থেকে চারা পাঠান।
এই সময়েই মনে পড়ল পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের ছেলে ইজাজুল হকও দাবির কথা। এক্স পোস্টে অনেকদিন আগে তিনি দাবি করেছেন, আরাফাতের এসব গাছ তাঁর বাবার দেওয়া, কিংবা তাঁর বাবাই সেখানে চারা পাঠিয়েছিলেন।
বিষয়টা ইন্টারস্টিং লাগলো। তাই এটা নিয়ে আরেকটু ঘাঁটতে ইচ্ছা হলো। একটু ঘাঁটতে গিয়ে দেখলাম, গল্পটা শুধু বাংলাদেশ-পাকিস্তানে থেমে নেই, বিস্তৃতি আরও দীর্ঘ!
শুধু বাংলাদেশ-পাকিস্তান নয়, ইন্দোনেশিয়ার জাতির জনক সুকর্ণোকে নিয়ে এমন একটি দাবি পাওয়া যায়। ইন্দোনেশিয়ার গণমাধ্যমে লেখা হয়েছে, ১৯৫৫ সালে হজের সময় সুকর্ণো সৌদি বাদশাহকে আরাফাতে গাছ লাগানোর প্রস্তাব দেন এবং পরে হাজার হাজার নিমের চারা ও বিশেষজ্ঞ পাঠান। এবং গাছগুলো সেখানে সেয়াজারা সুকর্ণ বা সুকর্ণ ট্রি নামে পরিচিত।
সুদানের গাফফার নিমেইরির নামও পাওয়া গেল এই গল্পে। সুদানের সুদান নাও ম্যাগাজিন ২০১৮ সালে সরাসরি শিরোনাম দিয়েছে ‘Numeiri's Gift To Pilgrims’। প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের প্রেসিডেন্ট গাফফার মোহাম্মদ নিমেইরি ৫ লাখের বেশি নিমের চারা আরাফাতে পাঠিয়েছিলেন। চারা পরিবহনে তাঁর সামরিক সি-১৩০ বিমান ব্যবহারের কথাও বলা হয়েছে। যদিও সেখানে দাবি করা হয়নি গাছগুলোর নাম নিমেইরি ট্রি!
একই দাবি পাওয়া যায় নাইজেরিয়ার সাবেক প্রধান স্যার আহমাদু বেলোকে নিয়েও। নাইজেরিয়ার 'ব্লু প্রিন্ট' একটি ইতিহাসগ্রন্থের আলোচনা উদ্ধৃত করে লিখেছে, বেলো সৌদি আরবকে নিমগাছ উপহার দিয়েছিলেন এবং সেগুলো এখন আরাফাতে ছায়া দেয়।
এদিকে আবার আরব নিউজের ২০১১ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাফাতে হাজিদের ছায়ার জন্য বৃক্ষরোপণের প্রোজেক্ট সৌদি ব্যবসায়ী আবদুর রহমান ফাকিহ ১৯৮৬ সালে শুরু করেন। প্রকল্পটি প্রথমে কয়েকটি গাছ দিয়ে শুরু হয়ে পরে পুরো আরাফাতে ছড়িয়ে পড়ে।
সব দেখে মাথায় ঝিম ধরে গেলো। শেষ পর্যন্ত কুল-কিনারা করতে পারলাম না আরাফাতের নিমগাছ আসলে কে লাগিয়েছিলেন! হতে পারে সবার সমন্বিত উদ্যোগ ছিল! কে জানে!
তবে কৃতিত্বের এই হিসাব যতই জটিল হোক, মরুভূমির বুকে গাছগুলো আজও লাখো হাজিকে ছায়া দিচ্ছে। শেষ পর্যন্ত সেটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ! তাই নয় কি?
(সোর্স কমেন্টে) (ছবি বানিয়েছে প্রিয় এআই)
#আরাফাত #নিমগাছ #জিয়াট্র