...…..........................................
শীতের কোন এক দুপুর। সূর্যের পোয়াতি রোদ। উদাসী হিম বাতাস।
জনাকীর্ণ শহরের হাইওয়ের কোন এক আইল্যান্ড।
মুখোমুখি দাঁড়িয়ে দু'জন।
আমি এবং সে। নির্বাক। মুখে কথা নেই, কারোরই। কেবল তাকিয়ে থাকা, চাতক পাখির মতো।
চোখের ভেতর দৃষ্টি। প্রশ্ন। জিজ্ঞাসা। কিছুটা কি আকুলতা?
মাটি ফুঁড়ে সদ্য বেরিয়ে আসা কোমল চারার মতো নরম অস্ফুট কন্ঠে তার জিজ্ঞাসা, কেমন আছেন?
আমি নিরুত্তর।
কেবল অস্ফুট কন্ঠে বলি,আগে তুমি "তুমি" বলতে...।
দেখতে পাই,তার চোখের কোণে কি যেন চিকচিক করছে মুক্তার মতোন।
তবে কি অশ্রু?
তুমি বোধকরি ভালোই আছো। তাই আর...। অসমাপ্তভাবেই থেমে যাই।
একটু চুপ থেকে অপ্রাসঙ্গিক ভাবে বলি, আমার অনেক দুঃখ যে...
কথাটা শেষ হবার আগেই তার প্রশ্ন,আমি তোমার দুঃখ?
হুম।
আলতো করে মাথা নেড়ে জবাব দেই।
-কতোটা দুঃখ?
এক জনমের। ছোট্ট উত্তর আমার।
কতোটা সুখ?
-যেটা পাওয়া যায়না।
কতোটা ভালোবাসতে?
-এক আকাশ পরিমাণ।
কতোটা দূরত্ব...
-হৃদয় সমান।
তবে,ছেড়ে গেলে কেন?
-উপায় ছিল না যে!
কতোটা ব্যবধান ছিল...
-তুমিও জানো,আকাশ-পাতাল।
কবিতার মত তার প্রশ্নের যাবতীয় উত্তর দেই যন্ত্রচালিতের মতো।
খুক করে ছোট্ট কাশি দেই।আলতো করে শুধাই, আমাকে ভুলতে পেরেছো?
উত্তর নয়, পাল্টা প্রশ্ন আসে, তুমি পেরেছো?
আমি প্রশ্ন করি, তুমি সুখী...?
-সুখের সংজ্ঞা কি!
মনে রেখেছো আমায়?
-নাহ...
মিথ্যে বললে গলা কাঁপতো তার। তেমনি কি শোনালো?
দীর্ঘশ্বাস লুকিয়ে বলি, থাকে কেবল স্মৃতি।
তাই থাকুক!
আমি ফেরার জন্য ঘুরে দাঁড়াই।
পেছন থেকে তার আকুল কন্ঠ।
আর তাহলে দেখা হবেনা?
ঘাড় ঘুরিয়ে কৃত্রিম হেসে উত্তর দেই, স্মৃতিতে রেখো আমায়। ভালো থেকো।
আমি হনহন করে ফেরার পথে পা বাড়াই।
জানি, কান্না চাপতে ততক্ষণে সে হাত দিয়ে মুখ আঁকড়ে ধরেছে।
আমার সাধ্য নেই তা চোখে দেখার!
16
View
Comments
-
-
Md. Aftab Hossen
1 hour ago
ভালো ছিল, চালিয়ে যান।