ভাবছি ,
তুমি আর আমি যাই চলে —
কোনো এক দূরতর নদীর কিনারে ।
যেখানে ,
যদ্দূর চোখ যায়
থাকবে কেবল হরিৎ
ঘাসের কোমল আচ্ছাদন ।
বিহগের সুমিষ্ট গুঞ্জন ব্যতীত
আর কোনো কোলাহল থাকবে না ,
আর কোনো গৃহ থাকবে না
আমাদের নীড়সম কুটীর ব্যতীত ।
এমনই প্রবাহিনী তটে
আমি হবো জেলে আর তুমি গৃহিনী ।
সন্ধ্যায় ফিরে এসে দেখবো তোমার প্রতীক্ষিত চোখের কম্পন ।
একটি চুম্বনের প্রত্যাশায় উজ্জ্বল হয়ে ওঠা ওষ্ঠাধরে বলবে : ‘বোসো’ ।
বেড়ে দেবে মাছের বৃহৎ খণ্ডটি ।
অঞ্চল দ্বারা মুছে দেবে প্রাত্যহিক সমস্ত অবসাদ ।
সমস্ত বাতায়ন খুলে দিয়ে
ধরবে কোনো পরিচিত রবীন্দ্রগান ।
তোমার নগ্ন কুন্তলের ঘ্রাণে
মত্ত হয়ে থাকবো সমস্ত রাত ।
কোনো কোলাহল নেই , ক্লান্তি নেই ।
কোনো অভিমান নেই , প্রতিঘাত নেই ।
কেবল তুমি
আর আমি ।
কেবল সবুজ ।
কেবল আকাশের নীলাভ বিস্তৃতি ।
অবেণীবদ্ধ চুলের মতো
বয়ে যাওয়া অনন্ত পারাবার ,
এমনই প্রবাহিনী তটে
আমাদের সহজ সংসার ।