Poetry

দেবীর প্রতিমা

September 23, 2026

23 views

আমি শিল্পী।

ছবি আঁকি, ছবিতেই বুনি শত স্বপ্ন।

স্বপ্নের মাঝে নড়ে ওঠে দরজার কড়া।

ফিরে দেখি, তুমি।

অলস ভঙ্গিতে বলি, "ওহ, তুমি!"

এলোমেলো ঘর আমার গোছালো করে বললে,

"আমার ছবি না আঁক, একবার আমায় দেখ।"

দেখলাম বটে,

তাচ্ছিল্যের অভাব সেখানে ছিল না।

হতাশ ভঙ্গিতে বললাম,

"দেখছ না, আঁকছি দেবীর প্রতিমা।

তোমার জ্বালায় আমার কিছুই হবে না।"

ফিরে দেখি, তুমি নেই।

দিন যায়, রাত আসে—

প্রতিমা ফোটে না।

আর কবে থেকেই -

তোমার দেখাও মেলে না।

বিষণ্নতায় কাটে দিন।

হঠাৎ সেদিন, কেন জানি,

প্রফুল্লতায় ভরে ওঠে মন।

প্রতিমা আঁকা হয়েছে।

কেমন? ঠিক তুমি যেমন।

ঘরের কড়া আবার নড়ে ওঠে।

ফিরে দেখি, তুমি।

"হাতে ওটা কী?"

"বিয়ের নিমন্ত্রণপত্র, তোমার জন্য"—

বললে নির্বিকার ভঙ্গিতে।

টানা নিঃশ্বাস প্রাণপণে চেপে

আমিও নির্বিকার ভঙ্গিতে বললাম,

"উপহার নেবে না?"

ভাবলে বুঝি কটাক্ষ।

বললে, "তাই দাও।"

আমি তোমার হাতে তুলে দিলাম

আমার এতদিনের সাধনা—

আমার দেবীর প্রতিমা।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login