Poetry

একটি অনাধুনিক কবিতা

September 23, 2026

14 views

বুঝেছিস , তপন !

গতকাল মেয়েটাকে দেখলুম —

বেশ অনিন্দ্য বৈ কী !

ঝকঝকে ইংরেজি উচ্চারণে কীসব বলছিল অবিরাম ।

অত তো বুঝি নি কিছু —

তবে আঁচ করছিলাম ,

এরকম কোনো এক ভাষার জন্যে নাকি

যীশুদের ওখানকার এক উচ্চ বিদ্যালয়ে

নিতাই দা'র বাংলা সাবজেক্টের চাকরীটা হয়নি ।

ইন্টারভ্যুতে নিশ্চয় গর্দভটা বাংলায় বলছিলো ।

ওসব এখন কোনো ভাষা নাকি !

কীরকম গেঁয়ো গেঁয়ো গন্ধ !

ওসব দরিদ্র বর্ণে ,

কৃষকের স্যাঁতস্যাঁতে মুখ ভেসে ওঠে আজকাল ।

নিতাই'দা অবশ্য তারপর

পয়সা খরচে করে ও ভাষা শিখতে চেয়েছিল বটে !

কিন্তু খুব দূর এগোনো যায় নি ।

অর্থাভাবে পৈতৃক জমিখানা বিক্রির পর ,

যে সম্বলটুক পেয়েছিল —

সেটিই হয়েছিল তার আজন্ম কাল ।

চৌরাস্তার পাশ ঘেঁষে যে হাই স্কুলটি গেছে ; —

তার ঠিক পাশের এক সরু ড্রেনে

সে রাত ,

নিতাই দা'র লাশ পাওয়া গেল ।

যদিও বেশ জনপ্রিয় হয়েছিল নিউজটি !

শহরের বড়ো বড়ো ইংরেজি সংবাদপত্রগুলো —

উচ্চমানের এ্যালফাবেট দিয়ে ,

নিতাই দা'র নাম লিখেছিল ।

মজুর-মস্তিষ্ক নিয়ে ছোকরাটা যেখানে গেলো ,

কী জানি সেখানে বাংলা বলা যায় কিনা !

Comments

    Please login to post comment. Login