Poetry

নোটের সমান মানুষ

September 24, 2026

88 views

১।

মানুষ অনেক রকমের হয়

কেউ কথা ক‌ওয়ায়,কেউ কথা কয়

কেউ বোঝাটি ব‌ওয়ায়, কেউ বয়।

কেউ বাঘের মতো, হরিণের জগতে

নিরাপত্তা সহকারে সর্বত্র ছুটে বেড়ায়,

হরিণের হলদে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়

কেউ সাপেদের মতো ব্যাঙের জগতে

কটা তৃণাতিতুচ্ছ পা বিনে বুক নেই যার

বোতাম খোলা শার্টের,দামি ফনা মাথায়

বুক ফুলিয়ে সপরিবারে সাপ,ব্যাঙ খায়

হরিণেরা সব হরিণীর মতো সন্ত্রস্ত হায়!

জানি, মানুষ অনেক রকমের হয়

কেউ মানুষের মতো বোকাসোকা হয়

মানুষের চেয়েও বোকাসোকা হয় কেউ

মানুষের চেয়ে বোকা কিচ্ছুটি কি হয়?

কেউ গাধাদের মতো অবিরাম খাটে

কেউ গাধাদের খাটুনি বিক্রি করে হাটে

কেউ ঘোড়ার মতো দ্রুতলয়ে ছোটে

কে না জানে, স্লো পয়জনিংই জোটে

দ্রুতগামী ঘোড়াদের ঔষধী ললাটে?

২।

মানুষ অনেক, অনেক রকমের হয়

এমনকি মানুষ, কারেন্সির মতোও হয়।

মানুষ হয় নানান মাপের নোটের সমান

কেউ পাঁচ টাকার নোট, কেউ দশ টাকার

কেউ হয় কপর্দকহীন,কেউ পর্বতপ্রমাণ!

কেউ কেউ আবার হয় আগাগোড়া ছেঁড়া

সিংহের জগতে চারপেয়ে, খোঁড়া ভেড়া।

আরো কতো কথা– সমস্ত কি বলা যায়?

নোটের সমান মানুষ মরে নোটের তৃষ্ণায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login