নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে,
নিজস্ব পেশা ছেড়ে,
কৃষিপ্রধান দেশ হয়েও
ভঙ্গুর কৃষিব্যবস্থা নিয়ে-
এভাবেও আধুনিক হওয়া যায়!
যেখানে বহির্বিশ্বের অনেক দেশ
কৃষিকে দিচ্ছে সর্বোচ্চ গুরুত্ব,
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে
গড়ে তুলছে শক্ত ভিত,
সেখানে আমরা কৃষির জমি হারিয়ে
হারাচ্ছি কৃষকের স্বপ্নও।
টাকা থাকার পরও
ভালো খাবার কিনতে পারছি না,
টাকা দিয়েও
নিরাপদ খাবারের নিশ্চয়তা নেই;
আজ বাজারে অর্থ আছে,
কিন্তু ভালো খাবারের নিশ্চয়তা কোথায়?
কৃষিজমি কমছে,
কৃষক হারাচ্ছে আগ্রহ,
চাষাবাদ হচ্ছে অনিশ্চিত,
খাদ্যের মান নিয়ে প্রশ্ন অসংখ্য-
তবুও উন্নয়নের গল্পে আমরা বেশ আধুনিক!
কিন্তু অদূর ভবিষ্যতে
যদি পকেটভর্তি টাকা থাকে,
অথচ বাজারে
কেনার মতো খাবার না থাকে-
তখন কী দিয়ে মেটাব আমাদের ক্ষুধা?
আধুনিকতা কি শুধু
দালান, গাড়ি, পোশাক আর প্রযুক্তি?
নাকি আধুনিকতা মানে
নিজের শিকড়কে বাঁচিয়ে রেখে
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা?
নিজস্ব সংস্কৃতি বাঁচুক,
কৃষি বাঁচুক,
কৃষক বাঁচুক,
বাঁচুক আমাদের মাটি+
তবেই তো আধুনিকতার অর্থ খুঁজে পাওয়া যাবে।