Post

সাভারে নারী পোশাক-শ্রমিককে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

October 7, 2026

QM City

19 views

সাভারে নারী পোশাক-শ্রমিককে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আটক ১

  • সাভার প্রতিনিধি: শুভ্র মামুন বোহরা

সাভারে নির্জন জঙ্গলে এক নারী পোশাক-শ্রমিককে টেনেহিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কাছাকাছি দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) তৎপরতায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টা থেকে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মিনি চিড়িয়াখানার পাশের একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে।

আটক আমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার এলাকায়। তিনি সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় বসবাস করে হাওয়াই মিঠাই বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে সিঅ্যান্ডবি এলাকা থেকে ওই নারী পোশাকশ্রমিককে অনুসরণ করতে থাকেন আমিনুল। পরে মিনি চিড়িয়াখানা-সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে ওই নারীর ওপর হামলা করে তাকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এসআই মোস্তাকিম বিল্লা জানান, ঘটনার সময় তিনি মিনি চিড়িয়াখানার গেটের কাছাকাছি এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পাশের জঙ্গল থেকে কান্নার মতো শব্দ শুনতে পান তিনি।

পরে তিনি দ্রুত পুলিশ গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান। চিড়িয়াখানার প্রহরীদের সঙ্গে নিয়ে টর্চলাইটের আলোয় জঙ্গলে তল্লাশি শুরু করা হয়।

পুলিশের উপস্থিতি ও টর্চলাইটের আলো দেখতে পেয়ে আমিনুল জঙ্গল থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login