Story

অসমাপ্ত ভালোবাসার শেষ অধ্যায়

October 21, 2026

57 views

"কিরে অয়ন? তুই এখনো সেই পুরোনো জায়গাতেই আটকে আছিস?"

বন্ধুর এই হঠাৎ প্রশ্নে অয়নের ঘোরটা কেটে গেল। হাতের কফির কাপটার দিকে একনজরে তাকিয়ে রইল সে। ধোঁয়া উঠতে থাকা গরম কফিটা কখন যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, সে খেয়ালই করেনি।

পাঁচ বছর! দেখতে দেখতে দীর্ঘ পাঁচটি বছর কেটে গেল।

এই চার দেয়ালের শহরে কত কিছু বদলে গেছে। কত নতুন নতুন রাস্তা হলো, কত কফি শপ খুলল, কিন্তু অয়নের হৃদয়ের ভেতরের শূন্যতাটা যেন এক চুলও কমেনি।

ঠিক এই কফি হাউসের ৪ নম্বর টেবিলেই তো বসত ওরা। অয়ন আর নীলা।

নীলা যখন কথা বলতে বলতে হেসে উঠত, তখন তার ডান গালে ছোট্ট একটা টোল পড়ত। আর সেই টোল পড়া হাসির মাঝেই হারিয়ে যেত অয়নের সারাদিনের সমস্ত ক্লান্তি। অয়ন বলত, "নীলা, তুমি হাসলে মনে হয় দুনিয়ার সব আলো এক জায়গায় জমে গেছে।"

নীলা তখন লাজুক হেসে বলত, "আর তুমি যখন এভাবে তাকিয়ে থাকো, মনে হয় সময় থমকে গেছে।"

অথচ আজ? সেই সময় সত্যিই থমকে গেছে, কিন্তু সাথে নীলা নেই। কোনো এক মেঘলা দিনে কোনো কথা না বলেই সে একাই পথ বদলে চলে গিয়েছিল।

হঠাৎ কফি হাউসের দরজার ছোট বেলটা টুং করে বেজে উঠল।

বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ছাতা সামলাতে সামলাতে ভেতরে ঢুকল এক তরুণী। পরনে তার গাঢ় নীল রঙের একটা সুতির শাড়ি, আর কাঁধে ঝোলানো ব্যাগ।

মেয়েটির হাত থেকে ভেজা ছাতাটা হঠাৎ ফঝে গড়িয়ে পড়ে গেল। অয়ন আনমনে সেই দিকে তাকাতেই তার বুকের বাঁ পাশটা যেন এক সেকেন্ডের জন্য একদম থমকে গেল!

না, এটা অয়নের চোখের ভুল হতে পারে না। এই মায়াবী চোখ, শাড়ির আঁচল সামলানোর এই পরিচিত ভঙ্গি...

এটা নীলা!

নীলাও ঠিক ছাতাটা তুলতে গিয়ে থমকে গেছে। কফি হাউসের এত ভিড়ের মাঝেও তার নজর গিয়ে আটকে গেছে অয়নের চার নম্বর টেবিলটার দিকে।

পাঁচ বছর পর... ঠিক যেখান থেকে শেষ হয়েছিল সবকিছু, আজ কি আবার সেখান থেকেই কিছু নতুন করে শুরু হতে চলেছে? নাকি শুরু হতে চলেছে আরও একটা গভীর বিচ্ছেদের অধ্যায়?

(চলবে...)

পর্ব - ১

গল্প :অসমাপ্ত ভালোবাসার শেষ অধ্যায়

লেখক: রিমা আক্তার তৃষা

অক্ষরের আড়ালে —Rima Akter Trisha

Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Shakil Rony 4 hours ago First reader

    যদি ধারাবাহিক ভাবে লেখার ইচ্ছে থাকে তবে গল্প আরেকটু এগোতে পারতো। এমন ভাবে শেষ করলে ভালো হতো যেন পরের পর্ব পড়ার আগ্রহ থাকে।