ভালোবাসার কতো যে রূপ আছে -
ভালোবেসে মানুষ ঘর বাঁধে
ভালোবেসে মানুষ আবার সে ঘর
ছেড়ে ও যায়।
আমি তোমায় একটু ভিন্ন রূপে ভালোবেসেছি।
তোমার সাথে বৃষ্টি ভেজা রাস্তায়,
জুতা শূন্য পায়ে হাঁটতে ইচ্ছে হয়েছে ঠিকই,
খোলা চুলে, সমুদ্র তীর ধরে
মুক্ত বাতাসে ঘুরতে ও ইচ্ছে হয়েছে,
কিন্তু কখনও নিভৃতে পাবার বাসনা জাগেনি।
ঝুম বৃষ্টি দেখলে একটু মন খারাপ হয়েছে ঠিকই,
কিন্তু পাইনি বলে, পাবো না বলে
কখনও কোনো অভিযোগ ও মনে আসেনি।
বেশ তো ভালোবাসি,
তোমার শূন্যতাই আমার প্রিয় হয়ে উঠেছে,
তোমার সাথে হয়তো,
এক কাপ চা ও খাওয়া হয়ে উঠবে না কখনও,
তাতে কি! তোমার অভাব বোধ টা-ই
আমার কাছে ভালোবাসা।
চিরাচরিত রূপেই ভালোবাসতে হবে
এমন তো কোনো কথা নাই!
শুধু মনের সাথে মনের লেনদেন -
তুমি ভাবতে পারো এমন স্বচ্ছ সম্পর্ক
পৃথিবিতে আর দ্বিতীয়টি আছে কি?
বোধ করি নাই,
কেউ না জানুক -
আমরা তো জানি, আমরা অনন্য-
ভালোবাসা আমাদের কাছে ভিন্ন রূপে ধরা দিয়েছে
শুধু আমাদের জন্য।