ডটকম রোডের টাওয়ার তলায় এডোবি রেস্টুরেন্টে। আউটসোর্সিং টাইমে নিশাচর একদল নেটপোকা প্রবেশ করে। হটস্পটে বসে সার্চিং ইঞ্জিন গুগলকে অর্ডার করে। ফটোশপড পানীয়সহ ফেসবুক কারি দিয়ে টুইটার বিরিয়ানির একটা এনিমেটেড ডিস দিতে। কিছুক্ষণ পর ইলাস্ট্রেটেড বেয়ারা জানায় আরেকটা ট্যাব নিয়ে আপনারা কিছু ওয়েব ডেজার্টের অর্ডার করতে পারেন। আমাদের ওয়েব ডেজার্ট ভার্চুয়াল সেরা। চাইলে ডব্লুডব্লুডব্লু ডট পুংটা ডটকমে এর এলেক্সা রেংকিং দেখতে পারেন। নেটপোকারা বেয়ারাকে স্ক্যান করে তার কথার সত্যতা পেয়ে অর্ডার করে। তবে কেউ একজন নিশ্চিত হতে চায় ডেজার্টটি কি ম্যালওয়ারমুক্ত কিনা!
রাত পৌনে তিনটায় এডোবি রেস্টুরেন্ট থেকে একদল রোবট নেমে আসে টাওয়ার তলা হয়ে ডটকম রোডে। এমন সময় ওদের দলনেতা বলে, "হোমোসেপিয়েন্স আর ডাইং আউট" আমাদের এই প্রজাতিটা টিকিয়ে রাখতে হবে। বৈশ্বিক জীব বৈচিত্র্যর জন্যই। সবাই সমস্বরে বলে, চলুন একটা প্রজেক্ট নিয়ে হোমোসেপিয়েন্সের সারভাইবের জন্য কিছু এপ বানাই...
ঠোঁটকাটা এক পথিক চিকন স্বরে বলেন, "পৃথিবীর চাষ আকাশে করার আইডিয়াটা খুবই ফলপ্রসূ হবে। স্ক্রীনের জীবন যদি বাইরে আসতে পারে!"