রাজ্যের নাম ছিল সোনারপুর। রাজা ছিলেন ন্যায়পরায়ণ, অন্তত রাজ্যের ইতিহাসে তাঁর নাম সেভাবেই লেখা ছিল।
সেই রাজ্যে নানা কাজের জন্য নানা রকম মানুষের প্রয়োজন হতো। কেউ মাটির সঙ্গে কথা বলত, কেউ মানুষের ব্যাধি সারাত, কেউ ইট-পাথর দিয়ে পথ তৈরি করত, কেউ অন্ধকার ঘরে আলো জ্বালাত। আর কেউ ছিল, যারা এই সমস্ত কাজের হিসাব রাখত, কাজের সমন্বয় করত, প্রয়োজনে রাজাকে পরামর্শ দিত।
সবাই রাজকর্মচারী। সবারই প্রবেশ একই রাজদ্বার দিয়ে। নিয়োগের দিনে কারও চোখে কম স্বপ্ন ছিল না, কারও কপালে কম পরিশ্রম লেখা ছিল না।
প্রথম প্রথম তাদের মধ্যে বেশ সখ্য ছিল। একসঙ্গে বসে চা খেত, ভবিষ্যতের কথা বলত। কেউ বলত, একদিন বড় কর্মকর্তা হব; কেউ বলত, নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেব।
কিন্তু সময়ের হাতে সবার জন্য একই রকম দিন জমা ছিল না।
রাজ্যের এক বিশেষ গোষ্ঠীর জন্য যেন উন্নতির সিঁড়ি একটু বেশিই প্রশস্ত ছিল। কয়েক বছর পরপর তাদের সামনে নতুন দরজা খুলত। পদবির সঙ্গে বাড়ত বেতন, বাড়ত ক্ষমতা, বাড়ত পরিচয়ের পরিধি। একসময় তারা শুধু নিজেদের কাজই করত না, অন্যদের কাজের ভবিষ্যৎ নির্ধারণের আসনেও বসতে শুরু করল।
অন্যদিকে, যারা রাজ্যের মাঠে-ঘাটে কাজ করত, তাদের দিন কাটত দায়িত্বের হিসাব মেলাতে মেলাতে। নতুন প্রকল্প, নতুন নির্দেশ, নতুন লক্ষ্য—সবকিছুই তাদের কাঁধে এসে পড়ত। তাদের কাছে মানুষের প্রত্যাশার শেষ ছিল না, কিন্তু নিজেদের প্রত্যাশার কথা বলার অবকাশও ছিল না।
এমনই একজন ছিল অমল।
চাকরিতে যোগ দেওয়ার সময় তার চোখে ছিল উজ্জ্বল স্বপ্ন। সে বিশ্বাস করত, কাজের প্রতি নিষ্ঠা থাকলে একদিন তারও সামনে নতুন পথ খুলবে। সে কখনো বড় চেয়ারের জন্য ব্যাকুল ছিল না। শুধু চেয়েছিল, জীবনের দীর্ঘ পরিশ্রমের শেষে যেন তার অভিজ্ঞতা ও দায়িত্বের একটা যথার্থ মূল্য থাকে।
বছর কেটে গেল।
অমলের সঙ্গে একই দিনে যোগ দেওয়া রমেশ এখন রাজ্যের অনেক উঁচু আসনে। তার কক্ষে প্রবেশের আগে অনুমতি নিতে হয়। তার কথায় সভার সিদ্ধান্ত বদলে যায়। অমলও বদলেছে—চুলে পাক ধরেছে, চোখে চশমা উঠেছে, অভিজ্ঞতার ঝুলি ভারী হয়েছে। শুধু তার পদবিটি বড় একটা বদলায়নি।
একদিন ছুটির বিকেলে রমেশ অমলের বাড়িতে এল।
পুরোনো বন্ধুত্ব। অনেক দিন পর দেখা।
চা খেতে খেতে রমেশ বলল, — অমল, তোমার তো অনেক অভিজ্ঞতা হয়েছে। এত বছর ধরে একই জায়গায় আছ, বিরক্ত লাগে না?
অমল একটু হাসল। — জায়গাটা একই, কাজগুলো নতুন। বিরক্ত হওয়ার সময় কোথায়?
রমেশ বলল, — তোমার পদোন্নতি হলো না কেন?
অমল জানালার বাইরে তাকাল। উঠোনে একটি গাছের নিচে শুকনো পাতা জমেছে।
— জানি না। হয়তো আমার জন্য সিঁড়িটা ছোট করে বানানো হয়েছিল।
রমেশ একটু অপ্রস্তুত হয়ে বলল, — সবকিছু তো নিয়ম মেনেই হয়।
অমল বলল, — নিয়মের প্রতি আমার কোনো অভিযোগ নেই বন্ধু। শুধু মাঝে মাঝে ভাবি, নিয়মগুলো যখন তৈরি হয়, তখন কি সবার পথের কথা সমানভাবে ভাবা হয়?
কথাটি শুনে রমেশ চুপ করে রইল।
কিছুক্ষণ পর সে বিদায় নিল।
সেদিন রাতে অমলের ছোট ছেলে বাবার কাছে এসে জিজ্ঞাসা করল, — বাবা, তুমি এত কাজ করো, তবু তোমার পদোন্নতি হয় না কেন?
অমল ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, — সবাই একই রকম পথে বড় হয় না রে বাবা।
ছেলেটি আবার প্রশ্ন করল, — তাহলে ভালো কাজ করলে কি বড় হওয়া যায় না?
অমল উত্তর দিতে গিয়ে থেমে গেল। তারপর ছেলেকে বুকে টেনে নিল।
সে জানত, শিশুকে পৃথিবীর সব সত্য একসঙ্গে বোঝানো যায় না।
পরদিন রাজপ্রাসাদে এক বড় সভা বসল। রাজা জানতে চাইলেন, রাজ্যের উন্নয়ন কতদূর এগিয়েছে। সভায় অনেক বড় বড় কর্মকর্তা উপস্থিত ছিলেন। সুন্দর সুন্দর প্রতিবেদন পড়া হলো। কোথাও উৎপাদন বেড়েছে, কোথাও সেবা বেড়েছে, কোথাও নতুন স্থাপনা তৈরি হয়েছে।
কিন্তু সেই উন্নয়নের পেছনে যারা দিনের পর দিন মাঠে কাজ করেছে, তাদের কথা প্রতিবেদনের শেষ পাতায় ছোট অক্ষরে লেখা রইল।
সভা শেষে রাজা এক বৃদ্ধ কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, — তোমাদের আর কী প্রয়োজন?
বৃদ্ধ বললেন, — মহারাজ, আমাদের কাজের অভাব নেই। অভাব শুধু ন্যায্য স্বীকৃতির। আমরা কারও আসন চাই না, কারও প্রাপ্য কেড়ে নিতে চাই না। শুধু চাই, আমাদের জন্যও উন্নতির পথটি বন্ধ না থাকুক।
রাজা বললেন, — তোমাদের কাজ তো খুবই গুরুত্বপূর্ণ!
বৃদ্ধ মৃদু হেসে বললেন, — গুরুত্বপূর্ণ হওয়া আর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হওয়া, মহারাজ, এক কথা নয়।
রাজা এবারও কিছু বললেন না।
সভা ভেঙে গেল।
বৃদ্ধ কর্মচারী ধীরে ধীরে প্রাসাদের সিঁড়ি দিয়ে নেমে এলেন। সিঁড়ির ওপর দিয়ে তখন আরও কয়েকজন নতুন কর্মকর্তা ওপরে উঠছিলেন। তাদের মুখে আনন্দ, চোখে ভবিষ্যতের স্বপ্ন।
বৃদ্ধ একবার পেছন ফিরে তাকালেন। তারপর নিচের পথ ধরে হাঁটতে লাগলেন।
সেদিন সন্ধ্যায় রাজ্যের আকাশে একই সূর্য অস্ত গেল। প্রাসাদের উঁচু মিনারেও তার আলো পড়ল, দূরের মাঠের কুঁড়েঘরেও পড়ল।
শুধু সূর্যের আলো সমান হলেও, মানুষের ভাগ্যের আলো যে সমান হয়নি, সে কথা কেউ রাজ্যের ইতিহাসে লিখল না।
--‐-------------------------------------------------------------------------------
একটি রাষ্ট্রে সবাই একই পদে অধিষ্ঠিত হবে, এমন প্রত্যাশা অযৌক্তিক। কিন্তু একই যোগ্যতা, দায়িত্ব ও কর্মজীবনের পরও কারও জন্য উন্নতির দরজা প্রশস্ত আর কারও জন্য সংকীর্ণ থাকবে—এ প্রশ্ন অযৌক্তিক নয়।