নিশ্চুপ রাতে শহরের এক ঘরে— "ফোনে যতবার জোনাকি জ্বলে, আমি ততবার ঝাপসা হই।"
প্রথমে আঙুলগুলো আবছা হলো; সকাল-বিকেল চা এগিয়ে দিতে গিয়ে সে কাপটা নেয় কিন্তু হাতটা দেখে না। মনে মনে বলি, "আমি তো জোনাকি নই, আমার তো নীলাভ-সবুজ আলো নেই, আমি তো কৃত্রিমভাবে জ্বলে উঠতে জানি না।"
"শুনছো?"
"আজকাল শরীরটা আর চলতে চায় না। চুলে রুপালি ছোঁয়ার কুয়াশা ভর করছে, নির্ঘুম চেহারায় বলিরেখা আর মেঘের ছায়ার মতো ছোপ, হাতের টান-টান চামড়া আস্তে আস্তে কুঁচকাতে শুরু করেছে।"
এই দৃশ্যমান বদলগুলো সবার আগে ওর চোখে পড়ার কথা ছিল। কিন্তু ওর চোখ যে আটকে আছে ওই স্ক্রিনের আলোর ভেতর। আমার এই মন শুধু সেই ছোটবেলার নিভৃত বিকেলে ফিরে যেতে চায়।
উত্তর আসে, "হুম"। ফোনের রিলসের ভেতর থেকে।
ফেসবুকে নাকি এখন মেয়েরা এই বয়সটার শারীরিক ও মানসিক পরিবর্তনকে "দ্বিতীয় বয়ঃসন্ধি" বলে হাসাহাসি করে, রিলস বানায়, একে অন্যকে বলে— "তুমি একা নও।" এই ফেসবুকেই তো সেও সারাক্ষণ ডুবে থাকে। হাসতে আমারও ইচ্ছে করে, কিন্তু আমার ঘরে হাসার মতো কেউ নেই।
"ওগো! টেবিলে প্লেটগুলো আর পানি কি দিতে পারবে? আমি তো খাবার বেড়ে আনছি।"
সাড়া নেই। একটু গলা চড়িয়ে ডাকি; সোশ্যাল মিডিয়ার ডিসকাউন্ট লাইভের ঝড়ের হাওয়ায় আমার গলার স্বর আবছা হতে থাকে। রান্নাঘর থেকে খাবার টেবিল পর্যন্ত নিয়ে এসে টের পাই, আমার ডাক নিজের কানেই প্রতিধ্বনিত হয়ে রয়ে গেছে। আমি যে জোনাকি হয়ে জ্বলে উঠতে জানলাম না।
সে খেতে আসে, এক হাতে ফোন। আমার পাশের চেয়ারটা টেনে নেয়, কিন্তু ওর চোখে ওটা শূন্য। খাবারের থালায় হাত আছে, পানির বোতলের গায়ে ফোনটা হেলান দিয়ে রাখে, নীল আলোয় ওর মুখটা জ্বলে ওঠে। দিনের পর দিন ওর মুখে এত আলো দেখি, অথচ সে আলো আমার দেখানো নয়। আমি পাশে দাঁড়িয়ে থাকি, হাতে শূন্য পানির মগ নিয়ে।
রাত বাড়ে, বিছানায় শুয়ে থাকি; চোখে ঘুম নেই। হঠাৎ ভেতর থেকে আগুনের একটা ঢেউ ওঠে; পা থেকে গলা, গলা থেকে কপাল— চুলের গোড়া ভিজে যায়, কপাল বেয়ে বুকে চলে আসে ঘাম। চাদর ছুড়ে ফেলি, ফ্যানটা পুরো বাড়িয়ে দিই। এপাশ-ওপাশ আর বালিশ খামচে ধরা, এটাই আমার রাত। পরক্ষণে সেই আগুনই আবার বরফ হয়ে ফিরে আসে, আবার চাদর টানি। শরীরের ভেতর এই হরমোনের নিষ্ঠুর খেলা চলে। ঘড়ির কাঁটা একটা, দুইটা, তিনটা পেরোয়।
ওর হাতে ফোন। প্রতিদিনই শুনি "আর পাঁচ মিনিট", সেই পাঁচ মিনিট সারারাত পর্যন্ত গড়ায়। একটা ভিডিও, তারপর আরেকটা। নীলাভ-সবুজ আলোয় ওর মুখ ভেসে যায় পাশের ঘরে; ঠোঁটের কোণে একটা হাসি, যেটা আমি রোজ দেখি, কিন্তু সেটা ঠিক কখন শেষবার আমার জন্য ছিল, মনে নেই। রিলসের হাসির আওয়াজ আমার নির্ঘুম কানে তীরের মতো বিঁধে।
"ঘুম আসছে না গো, গরমে দম বন্ধ লাগছে।" যখন পানি পান করতে ফ্রিজে কিংবা ফিল্টারের কাছে উঠে যাই, আমার আঙুলগুলো জোনাকির সেই নীলাভ-সবুজ আলোর ভেতর দিয়ে গলে যায়। সে তো শোনে না। শোনার কথাও না, কারণ আমার গলা ততক্ষণে সেই ঘরের কোণায় অবরুদ্ধ হয়ে থমকে গেছে।
বাইরে আকাশ ফর্সা হয়ে আসে, দূরে কোথাও ফজরের আজান শোনা যাচ্ছে। ওর চোখ তখনও ফোনে। শেষ পর্যন্ত সে উঠে দাঁড়ায়, পর্দাগুলো আঁটসাঁট করে সেঁটে দেয়— ভোরের স্নিগ্ধ আলো যেন তার স্ক্রিন দুনিয়াকে ছুঁয়ে যেতে না পারে। জোনাকি থেকে চোখ না তুলেই আমার নির্ঘুম রাতটা ভেদ করে হেঁটে যায়, সোজা ওই জোনাকির নীলাভ-সবুজ আলোর দিকে।
আমি দরজার সামনে দাঁড়িয়ে।
আমি আর আবছা নই, একেবারে ঝাপসা—
জানালার কাচে জমা ভোরের কুয়াশার মতো। সে টেরও পায় না যে ওর পায়ের নিচ দিয়ে একটু ঠান্ডা
হাওয়া চলে গেল।
✍🏻সুলতানা আরজুমান