শখের ফটোগ্রাফিতে দারুণ সফলতা অর্জন করেছেন জামালপুর জেলার ইসলামপুর থানার বেলগাছা গ্রামের মোঃ আশিক বিন সাদী। তার তোলা “Traditional Cow Race” শিরোনামের গরু দৌড় খেলার ছবি ২০২৫ সালে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা উইকি লাভস ফলকলোর-এ দ্বিতীয় টপ কন্ট্রিবিউটর পুরস্কার অর্জন করে। এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে ১,৯১৩ জন আলোকচিত্রী অংশ নেন, যেখানে সাদী একাই ১০,০৫২টি ছবি আপলোড করে দ্বিতীয় স্থান অধিকার করেন। দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি এ পর্যন্ত ৫০টিরও বেশি পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
মোঃ আশিক বিন সাদী জামালপুর জেলার ইসলামপুর থানার বেলগাছা গ্রামের সন্তান। তার পরিবারে বাবা, মা এবং ছোট বোন রয়েছে। শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং পরে ঢাকার পিপল এন্ড টেক আইটি ইন্সটিটিউট থেকে ওয়েব ডেভেলপমেন্টে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন।
ছবি তোলার যাত্রা তার জীবনের একটি আবেগময় অধ্যায়। আশিকের ফটোগ্রাফি শুরু হয় একটি করুণ ঘটনার মাধ্যমে। তার এলাকার নদী ভাঙ্গনের সময় আশিক বুঝতে পারেন যে কিছুদিনের মধ্যে তার গ্রামের প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যেতে পারে। তাই তিনি পরিবারের ডিজিটাল সাইবারশট ক্যামেরা দিয়ে এলোমেলোভাবে ছবি তোলেন। প্রাথমিকভাবে এসব ছবি স্থানীয় বড় ভাই-বন্ধুদের দেখান, যাঁরা তার কাজকে প্রশংসা করেন। এই প্রশংসা আশিককে ফটোগ্রাফির প্রতি আরও উৎসাহী করে তোলে। পরে হাতে একটি এন্ড্রয়েড ফোন পান, যা দিয়ে তিনি ফেসবুক ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ফটোগ্রাফির কাজ দেখে অনুপ্রাণিত হন। বিশেষ করে আব্দুল মোমিনের তোলা ছবিগুলো তাকে প্রেরণা জোগায়, যার মাধ্যমে তিনি দৃঢ় সংকল্প করেন, নিজেরও এমন সুন্দর ছবি তুলতে হবে।
ছবি তুলার শুরুতেই পরিবারের কাছ থেকে উৎসাহ পান তিনি, তবে গ্রামের কিছু মানুষকে তার কাজের মান বোঝাতে সমস্যা হয়। কেউ কেউ বলতেন, "এই ছেলে কি গোল্লায় গেছে?"। তবু আশিককে এই নেতিবাচক মন্তব্যগুলো থামাতে পারেনি। বরং এগুলো তাকে আরও উদ্যমী করেছে।
ফটোগ্রাফি তার কাছে কেবল শখ নয়; এটি মানসিক শান্তির উৎস। ছবি তোলার মাধ্যমে তিনি নতুন নতুন জায়গা ঘুরে মানুষদের সাথে পরিচিত হন, যা তার অভিজ্ঞতা ও জীবনের দিককে সমৃদ্ধ করে। যদিও এখনো ফটোগ্রাফি তার পেশা নয়, ভবিষ্যতে তিনি আশা করেন ছবির মাধ্যমে নিজের জীবনকে প্রবাহিত করবেন।
আশিক মূলত লাইফস্টাইল ও ন্যাচার/ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করতে ভালোবাসেন। এছাড়াও স্ট্রীট ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি এবং ডকুমেন্টারি স্টাইলের কাজ করেন। দেশের বেশিরভাগ জেলায় তিনি ছবি তুলতে গিয়েছেন, এবং ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে নেপাল থেকে শুরু করে আরও বহু দেশে ছবি তোলার পরিকল্পনা আছে।
ফটোগ্রাফি শেখার ক্ষেত্রে আশিক নিজে নিজে ইউটিউব ও গুগল থেকে শিখেছেন। পরবর্তীতে তিনি দীন মাহমুদ শীবলির ছায়া ইন্সটিটিউট থেকে কিছু কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া সিনিয়র আলোকচিত্রশিল্পীদের সঙ্গে পরিচয় এবং ফটো অ্যাফেয়ার্স গ্রুপের সহায়তায় তিনি অনেক কিছু শিখেছেন। আশিক নিয়মিত নতুনদের ছবি শেখাতে আগ্রহী। ইতিমধ্যে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের ফটোগ্রাফি ক্লাবের জন্য অনলাইন সেশন পরিচালনা করেছেন।
আশিক বিন সাদীর ছবি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তার “Traditional Cow Race” শিরোনামের গরু দৌড় খেলার ছবির জন্য তিনি উইকি লাভস ফলকলোর-এ দ্বিতীয় টপ কন্ট্রিবিউটর পুরস্কার অর্জন করেছেন। উইকি লাভস ফলকলোর হলো একটি আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা, যা লোককথা, ঐতিহ্য ও সংস্কৃতির ছবি সংরক্ষণ এবং বিশ্বব্যাপী ভাগ করার জন্য অনুষ্ঠিত হয়। ছবিটি তুলতে তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন—সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাঝেই, খেলার দিন ভোর রাতে কিশোরগঞ্জ থেকে গ্রামের মাঠে রওনা দেন, পরিবারের কাউকে না জানিয়ে। খেলার ঠিক ২০ মিনিট আগে পৌঁছে, সাহস ও নিষ্ঠার সঙ্গে তিনি ছবিটি তুলতে সক্ষম হন।
এরপর মধুপুরে তোলা একটি অনন্য ছবি রয়েছে, যার শিরোনাম “The Weight of Livelihood”। ছবিটি আনারস বহনের দৃশ্য তুলে ধরে। পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটো এক্সিবিশনে এই ছবির জন্য তিনি পিপল চয়েস অ্যাওয়ার্ড লাভ করেন। তবু ছবিটি তোলার সময় তার ক্যামেরা মোটামুটি নষ্ট ছিল, কিন্তু আশিকের দৃঢ় মনোবল তাকে থামতে দেয়নি। নষ্ট ডিভাইস নিয়ে তিনি আশ্চর্যজনকভাবে ছবি তুলতে সক্ষম হন, যা তার ফটোগ্রাফির প্রতি নিষ্ঠা ও প্রতিশ্রুতিকে আরও উজ্জ্বলভাবে প্রমাণ করে।
ছবি তুলতে গিয়ে তিনি চরম বিপদও ভোগ করেছেন। ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন এবং ২০২২ সালে কিশোরগঞ্জের সরারচর স্টেশনে রাতের বেলায় ডাকাতির চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন।
দেশের মধ্যে তার ছবি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ, বার্তাবাজার, নর্থ ক্যাপিটাল নিউজ, বাংলাদেশ প্রতিদিনসহ আরও বিভিন্ন পত্রিকায়। এছাড়া আন্তর্জাতিক ন্যাশনাল এক্সিবিশন ও অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি প্রেজেন্ট “টেল অব দ্য ডার্করুম” সিজন III, চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফটোগ্রাফিক সোসাইটি প্রেজেন্ট “ক্যাচ দ্য লাইট” সিজন III, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব প্রেজেন্ট “আর্ট ইন ইয়োর হার্ট” সিজন II, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি প্রেজেন্ট “অরন্যক ২.০” ফটোগ্রাফি এক্সিবিশন, বি জি এম ই এ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব প্রেজেন্ট “ফ্রেমস অফ ফ্রিডম”।
তিনি ৫০টির বেশি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য: উইকি লাভস ফলকলোর-২০২৫, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব আয়োজিত পিপল চয়েস অ্যাওয়ার্ড,-২০২৫, উইনার “তারুণ্যের চোখে কিশোরগঞ্জ-২০২১”কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে,চলো দেখি বাংলাদেশ-২০২৪ এ ২য় রানার্স আপ ইত্যাদি।
আশিকের ছবি বিশেষভাবে গ্রামবাংলার প্রকৃতি, মানুষের জীবনধারা ও জীবনকাহিনী তুলে ধরে। তিনি অনেকবার ছবির বিক্রয় থেকে অর্জিত অর্থ বন্যার্ত ও অসহায়দের সহায়তায় দান করেছেন। এছাড়া অসুস্থ ও ঝড়ের পরে আহত বেশ কয়েকটি পাখি রেসকিউ করেছেন। ছবি তোলার বাইরে তিনি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন, যেমন বৃক্ষরোপণ ও অসহায় মানুষের সহায়তা।
ভবিষ্যতে আশিক চায় ছবি এবং আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করতে।