Article

লেখালেখিতে এআই ব্যবহার

November 21, 2026

18 views

লেখালেখিতে এআই ব্যবহার নিয়ে বিতর্কটা বেশ জমে উঠেছে। একদল এআইয়ের নাম শুনলেই নাক সিটকান। আরেকদল লেখালেখিতে এআইয়ের সাহায্য নেন। আবার একদল আছেন, পুরো লেখাটাই এআই দিয়ে লিখিয়ে নিজের নামে চালিয়ে দেন।

এই বিতর্কের শুরুতেই একটা বিষয় মেনে নিতে হবে, নতুন কোনো প্রযুক্তি এলে সেটাকে নিজের মতো করে গ্রহণ করতে হবে। ধরুন, একসময় মানুষ হাতে কাগজ-কলমে লিখত। নিউজপ্রিন্টে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেত। এরপর টাইপরাইটার এলো। মানুষ সেটা গ্রহণ করল। এরপর এলো কম্পিউটার।

এই যে প্রযুক্তিপণ্য বা মাধ্যমগুলো এলো, এগুলো কিন্তু নানা রকম সুবিধা নিয়ে এসেছে। কাজ সহজ করেছে। ধরুন, কম্পিউটারে একটি লেখা দশবার সম্পাদনা করতে পারেন। নিউজপ্রিন্টে লিখে সেটা কি এত সহজে করা যেত? কম্পিউটার যে এই সুবিধা দিয়েছে, সেটা অন্যায় কিছু নয়। বরং এই সুবিধা গ্রহণ না করলে আপনি পিছিয়ে পড়বেন। এটাই বাস্তবতা।

এখানে তিনটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। লিখবেন আপনি। আপনার মনের মাধুরী মিশিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে। সেই লেখার বানান ভুল, ব্যাকরণগত ভুল ধরতে যদি এআইয়ের সাহায্য নেন, সেটা দোষের কী আছে? বরং কাজটা সহজ হবে, খরচও বাঁচবে। সম্পাদনাগত কাজে এআই বেশ ভালো সাহায্য করতে পারে। এই সহযোগিতা গ্রহণ করলে আপনাকে অসৎ বলা যাবে না। কারণ মূল লেখাটা তো আপনারই। তাই নয় কি?

প্রযুক্তিকে অস্বীকার করে থাকা যায় না। প্রযুক্তিকে অস্বীকার করে কেউ বেশিদিন টিকে থাকতে পারে না।

আরেকটি বিষয় খেয়াল করুন। আপনি এআই দিয়ে গল্প লেখাবেন, কিন্তু গল্পের মূল প্লট বলে দিচ্ছেন আপনি। চরিত্র, ঘটনা ও গল্পের গতিপথও আপনি নির্ধারণ করছেন। সেক্ষেত্রে এআই আপনার সহযোগী হিসেবে কাজ করছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি এআইয়ের নেই? আছে। কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে আপনার নির্দেশনা ও ভাবনাও কাজ করছে।

এখন এআই দিয়ে লেখা গল্পের প্রতিযোগিতাও হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়। তবে পুরো গল্পটাই যদি এআই দিয়ে লেখান, তাহলে সেটি উল্লেখ করে দেওয়া ভালো। এআইয়ের মধ্যে অসংখ্য গল্পের প্লট, ভাষা ও লেখার ধরন রয়েছে। সেখান থেকে সে একটি গল্প তৈরি করে দিতে পারে। ভাষাগত ও কাঠামোগত দিক দিয়ে সেটি বেশ নিখুঁতও হতে পারে। অন্যদিকে মানুষের লেখায় ভুল থাকবে, ভাষাগত দুর্বলতা থাকবে। কখনো গল্পের কাঠামোতে অসংগতি থাকবে, চরিত্রের দ্রুত উত্থান-পতন ঘটবে। এসব দেখে অনেক সময় বোঝা সম্ভব, কোনটি মানুষের লেখা আর কোনটি পুরোপুরি এআই দিয়ে তৈরি।

আবার আপনি গল্প লেখার আইডিয়া চাইলেন এআইয়ের কাছে। এটাও দোষের কিছু নয়। কারণ মূল লেখক আপনি। সমস্যা হলো, এআইকে দিয়ে পুরো লেখাটি তৈরি করিয়ে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া, অথচ বিষয়টি পাঠকের কাছে গোপন রাখা। এখানেই সততার প্রশ্নটি আসে।

ধরুন, এমন সময় তো আসতেই পারে, যখন লেখালেখিতে এআই আরও বেশি প্রাধান্য বিস্তার করবে। কারণ প্রযুক্তির এত দ্রুত উন্নতি হচ্ছে, যা আমরা একসময় কল্পনাও করিনি।

একটু ভাবুন তো, আমরা যারা নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি, তারা নিউজপ্রিন্টে সংবাদ লিখতাম। সংবাদ পাঠানোর মাধ্যম ছিল ডাক। আমরা কি কখনো ভেবেছিলাম, প্রযুক্তি এতটা উন্নতি করবে? তাহলে লেখালেখিতে এআই ব্যবহার নিয়ে বিতর্ক একপর্যায়ে অর্থহীন হয়ে পড়তে পারে।

আপনি পাঠকের ওপর ছেড়ে দিন। পাঠক যেটা পছন্দ করে, সেটাই গ্রহণ করবে। এখন যদি পাঠক এআই দিয়ে তৈরি লেখা গ্রহণ করে, তখন আপনি চাইলেই কি এআইয়ের ব্যবহার বন্ধ করতে পারবেন? পারবেন না। আবার পাঠক যদি লেখকের নিজস্ব লেখা আনন্দের সঙ্গে গ্রহণ করে, তাহলে তো ভালোই। সবকিছু পাঠকের ওপর ছেড়ে দিন। লেখকের কাজ লেখা।

তবে আমার ব্যক্তিগত ধারণা, এআই এখনো এতটা শক্তিশালী হয়নি যে মানুষ শুধু তার তৈরি লেখাই পড়বে। আমার মনে হয়, মূল লেখক এবং যারা এআইয়ের সাহায্য নিয়ে লেখেন, তারা দুপক্ষই টিকে থাকবেন। তবে যাদের লেখায় নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা ও মানুষের অনুভূতির প্রকাশ থাকবে, তাদের লেখা বেশি মানুষ পড়বে।

তাই লেখকদের খুব বেশি চিন্তিত হওয়ার কারণ দেখি না। লেখক যদি সৎ থাকেন, নিজের চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেন, তাহলে শেষ পর্যন্ত তাঁর জয় হবে।

 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login