হিজল ফুলের মাদকতা ছড়ায় নদীর জলে
মন হারায় নীরব দুপুরে , এক মায়াবী ছলে।
নদীর বুকে ঢেউয়ে নাচন বাতাস ছড়ায় ঘ্রাণ
হিজল ডালে ফুলের হাসি ব্যাকুল করে প্রাণ।
কে যেন দূর আকাশে মেঘের ভেলা ভাসায়
হিজল ফুলের গন্ধ এসে হৃদয় খানি হাসায়।
পাখির গানে জেগে ওঠে নিঝুম গ্রামের পথ
বুকের মাঝে দোলা দেয় হারিয়ে যাওয়া রথ।
হিজল তলে বসে একা লিখি মনের কথা
পাতার ফাঁকে জমে থাকে কত হাজার ব্যথা।
কারো চোখের মায়া যেন ফুলের রঙে আঁকা
স্মৃতিসন্ধ্যা হিজল ঘ্রানে লাগে ফাঁকা ফাঁকা।
নদীর জলে ফুলের ছায়া কাঁপে দিন আর রাত
হিজল ফুলের গন্ধ মেখে জাগে যে প্রভাত।
কে জানে কোন অচিন পাখি খবর নিয়ে আসে
হিজিল ডালে চুপটি বসে একা একা হাসে ।
হিজল বনে জোনাক জ্বলে অন্ধকারের বুকে
তোমায় খুঁজি প্রতিটি ক্ষণে বৃষ্টি ভেজা সুখে।
শিশির মাখা ফুলের পাপড়ি ছুঁয়ে দেখি আজ
স্মৃতির মায়ায় বাঁধা যেন আমার সকল কাজ।
যদি আবার ফিরে আসো হিজল ফুলের দেশে
বসবে তুমি আমার পাশে হিজল মালার বেশে।
নদীর জলে ভাসবে তখন ভালোবাসার গান
হিজল ফুলের মাদকতায় মাখবো অভিমান।