ঊনবিংশ পর্ব : স্বপ্নের আয়নায়
বহু বছর পর এক শীতের সন্ধ্যায়
বাবু বসে পুরোনো উঠোনে,
হাতে সেই পুরোনো ডায়েরি,
পাতায় পাতায় হারিয়ে যাওয়া দিনের স্মৃতি।
বাবার ছবি দেয়ালে,
মায়ের চশমা টেবিলে,
স্বান্ত্বনা পাশে বসে,
দূরে সন্তানদের হাসির শব্দ।
বাবু ডায়েরির পাতা উল্টায়,
একটি পুরোনো চিঠি চোখে পড়ে,
যেখানে লেখা ছিল—
"চাকরি পেয়েছি মা,
এবার তোমার কষ্ট শেষ হবে।"
চিঠির কাগজে বয়সের দাগ,
অক্ষরগুলো ঝাপসা,
কিন্তু স্বপ্নের ব্যথা এখনো স্পষ্ট।
স্বান্ত্বনা জিজ্ঞেস করে,
"কখনো কি মনে হয়,
সেদিন চাকরিটা পেলে জীবনটা অন্যরকম হতো?"
বাবু মৃদু হেসে বলে,
"হয়তো হতো।
কিন্তু তখন কি এই মৌচাক থাকত?
এই কৃষকগুলো থাকত?
এই সবুজ উঠোন, এই প্রশিক্ষণকেন্দ্র,
এই শত মানুষের মুখের হাসি?"
কিছুক্ষণ নীরব থেকে বলে,
"আমি চাকরিটা হারিয়েছিলাম,
কিন্তু জীবনকে হারাইনি।
আমার স্বপ্নের পথ বদলেছিল,
স্বপ্নের অর্থ বদলায়নি।"
স্বান্ত্বনা তার হাত ধরে,
জানালার বাইরে তখন পূর্ণিমার আলো।
বাবু আয়নায় নিজের মুখ দেখে,
সেখানে আর সেই ক্লান্ত বালক নেই,
আছে দীর্ঘ পথ পেরিয়ে আসা এক মানুষ।
সে বুঝতে পারে,
স্বপ্নের আয়নায় মানুষ শুধু নিজের মুখ দেখে না,
দেখে তার পেছনে ফেলে আসা পথ,
দেখে কত মানুষের জীবন
তার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে।