ঝড়ের রাতে যে হাতটা ধরেছিল শক্ত করে,
ভোরের আলো ফোটার আগেই
সেই হাত ছেড়ে গেছে অচেনা পথের বাঁকে।
তপ্ত রোদে যে ছায়া হয়ে দাঁড়িয়েছিল ক্লান্ত দেহে,
বৃষ্টি এলে এখন তার খোঁজ রাখে না কেউ।
সময় বয়ে যায়, নদীর স্রোতের মতো নিঃশব্দে,
বদলে যায় চোখের ভাষা, চেনা মুখের আলিঙ্গন।
যে-জল তৃষ্ণায় প্রাণ বাঁচিয়েছিল একদিন,
সাগর পেরিয়ে এলে আজ তার মূল্য ফুরিয়ে যায়।
মানুষ ভুলে যায় উপকারের কথা…
সহজ, স্বচ্ছ, নির্বিকার এক ভুলে যাওয়ার অসুখে।
অপ্রাপ্তির হিসেব কষতে কষতে
প্রাপ্তির খাতাটা রয়ে যায় ধুলোমাখা আলমারিতে।
অথচ অন্ধকারের ভেতর যে-আলোটুকু জ্বলেছিল,
তাতে পথ চিনেছিল কত ক্লান্ত পথিক।
কষ্টের দিনে যে-কথাটা বুকে বল জুগিয়েছিল,
সুখের দিনে তা হয়ে ওঠে কেবলই পুরনো ক্যালেন্ডারের পাতা।
স্বার্থের সিঁড়ি বেয়ে যখন কেউ ওঠে চূড়ায়,
নিচে পড়ে থাকা মইটার দিকে আর তাকায় না।
কৃতজ্ঞতা যেন আজ বিলুপ্তপ্রায় কোনো শব্দ,
অভিমান আর অহংকারের ভিড়ে হারিয়ে গেছে চিরতরে।
তবুও যারা দিতে জানে নিঃস্বার্থ হৃদয়ে,
তাদের বুকে জমে থাকে এক নীরব সমুদ্র।
মানুষ ভুলে যায় উপকারের কথা….
জেনেও তারা প্রদীপ জ্বালায় বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে,
কারণ আলো দেওয়াটাই তাদের স্বভাব,
প্রতিদান চাওয়া নয়,
নিজেকে নিঃশেষ করে দেওয়াই তাদের ধর্ম।