FF.
শুকিয়ে যাওয়ার অপেক্ষায় Book page

Chapter 1

শুকিয়ে যাওয়ার অপেক্ষায়

Nov 25, 2026 4 min read

“অপেক্ষাপুর” একটি ছোট্ট বাজার।

বাজারটা সকাল থেকেই বেশ সরগরম। দোকানপাট খুলছে, ক্রেতাদের আনাগোনা বাড়ছে, রাস্তায় রিকশা আর ভ্যানের ভিড়। এরই মধ্যে রাস্তার পাশে ২ ফুট বাই দুই ফুট একটি ছোট চেম্বার নির্মাণের জন্য মাটি খোঁড়া হয়েছে। মাটি রাখা হয়েছে তার ঠিক পাশেই, যেন রাস্তায় চলাচলে কারও অসুবিধা না হয়। চেম্বারের কাজও শেষ। উপরে যে স্ল্যাব বসানো হবে তা ঢালাই করে একটা নিরাপদ জায়গায় রাখা হয়েছে। চৌদ্দ দিন পর সেটি যথাস্থানে বসানো হবে।

এর আগে প্রায় ৬০০ মিটার রাস্তার মাটি খুঁড়ে পাইপলাইনের কাজ করা হয়েছে। সেই মাটি আবার পাইপলাইনের উপর ভরাট করা হয়েছে। দিন ভালো থাকায় সে নিয়ে কোনো সমস্যাতেই পড়তে হয়নি। 

কিন্তু এবার প্রকৃতি যেন একটু অন্য পরিকল্পনা করে রেখেছিল। স্ল্যাব ঢালাইয়ের সপ্তা খানেক পর দুদিনের টানা বৃষ্টিতে শুকনো মাটি গলে কাদায় পরিণত হয়েছে। সেই কাদা রাস্তার পাশ থেকে গড়িয়ে রাস্তায় এসে পড়েছে। তাই রাস্তার পাশ দিয়ে চলাচলে সাময়িক কিছুটা অসুবিধা তৈরি হয়েছে।

ব্যস, শুরু হলো বিপত্তি।

পাশের দোকানের ব্যবসায়ী মানুষটি বিষয়টি মোটেও সহজভাবে নিতে পারলেন না। দোকানের সামনে কাদা, ক্রেতাদের আসতে অসুবিধা, ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে সব মিলিয়ে তাঁর বিরক্তি ক্রমশ ক্ষোভে পরিণত হলো।

তিনি বারবার কাজের লোকদের তাগাদা দিতে লাগলেন। দ্রুত মাটি সরিয়ে ফেলতে হবে, দ্রুত কাজ শেষ করতে হবে। তাঁর কাছে চৌদ্দ দিনের অপেক্ষার চেয়ে আজকের অসুবিধাটাই অনেক বড় হয়ে উঠল।

কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করলেন। বোঝানোর চেষ্টা করলেন, বৃষ্টি থামলে মাটি শুকিয়ে যাবে, তখন আর এই সমস্যা থাকবে না। আর কাজটি শেষ হয়ে গেলে সেটি থেকে উপকারভোগী হবেন আপনারাই। একটু অপেক্ষা করুন, আর স্রষ্টার কাছে প্রার্থনা করুন যেন কাজ শেষ হবার আগে আর এমন বৃষ্টি না আসে। বললেন, স্ল্যাবের যথাযথ শক্তি অর্জনের জন্য সময় প্রয়োজন। এখনই সেটি বসিয়ে দিলে ভবিষ্যতে ক্ষতি হতে পারে। আর আশপাশে মাটি সরিয়ে রাখার মতো পর্যাপ্ত জায়গাও নেই।

কিন্তু যুক্তির চেয়ে বিরক্তির শব্দ তখন অনেক বেশি জোরালো।

মানুষটি হয়তো একবারও ভাবলেন না, যাঁরা কাজ করছেন, তাঁরাও তো ইচ্ছা করে তাঁর দোকানের সামনে কাদা জমিয়ে রাখেননি। তাঁরাও চাইছেন কাজটি দ্রুত শেষ করতে। কিন্তু চাইলেই তো সবকিছু করা যায় না।

একদিন বিকেলে একজন প্রবীণ কর্মচারী কাদার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, “জানেন, পৃথিবীতে সবকিছু শুকানোর জন্য রোদ লাগে না। কিছু জিনিস শুকানোর জন্য শুধু একটু সময় লাগে।”

কথাটা খুব সাধারণ। অথচ এর ভেতরে যেন অন্য কোনো অর্থ লুকিয়ে ছিল।

ঠিক পরদিন সকালে আকাশটা বেশ পরিষ্কার। অনেক দিন পর রোদের দেখা মিলেছে। দুপুর গড়াতেই গর্তের পাশে রাখা মাটির ওপরের কাদা শুকিয়ে আসতে শুরু করল। বিকেলের দিকে মাটি আবার আগের রূপ ফিরে পেল। যে মাটি নিয়ে এত অভিযোগ, এত বিরক্তি, এত অস্থিরতা সেই মাটিই এখন আর কারও অসুবিধার কারণ নয়।

বাজারও আগের মতো স্বাভাবিক।

ব্যবসায়ী মানুষটির মুখেও আর আগের সেই বিরক্তি নেই। হয়তো তিনি ভুলে গেছেন গত কয়েক দিনের ক্ষোভ, অভিযোগ আর তাড়াহুড়োর কথা।

আর এই ঘটনাটা আমার মনে একটা প্রশ্ন রেখে গেল।

আমরা কি সত্যিই এতটা অধৈর্য হয়ে গেছি?

অন্যের সাময়িক অসুবিধা, অসমাপ্ত কাজ কিংবা প্রতিকূল পরিস্থিতি মেনে নেওয়ার মতো ধৈর্য কি আমাদের আর অবশিষ্ট নেই?

অথচ আমাদের প্রত্যেকের জীবনেই তো এমন কিছু সময় আসে, যখন চারপাশটা কাদাময় হয়ে ওঠে। কোনো সম্পর্কের ভুল বোঝাবুঝি, কোনো মানুষের ব্যক্তিগত সংকট, কারও আর্থিক দুরবস্থা কিংবা জীবনের কোনো অসমাপ্ত অধ্যায় সবকিছুই সবসময় আমাদের ইচ্ছেমতো এগোয় না।

কেউ হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, অথচ বাইরে থেকে তাঁকে দেখে মনে হচ্ছে তিনি স্বাভাবিক। কেউ হয়তো নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতির বৃষ্টিতে বারবার সবকিছু কাদায় মিশে যাচ্ছে।

আমরা তখন তাঁদের তাড়া দিই। দ্রুত স্বাভাবিক হতে বলি। দ্রুত ঘুরে দাঁড়াতে বলি। অথচ একবারও জানতে চাই না, তাঁদের জীবনের স্ল্যাবটা আদৌ শক্ত হওয়ার সময় পেয়েছে কি না!

আমরা ভুলে যাই, অপরিপক্ব অবস্থায় কোনো কিছুকে জোর করে দাঁড় করালে সেটি হয়তো দাঁড়ায়, কিন্তু স্থায়ী হয় না।

সেদিন অপেক্ষাপুরের বাজারে মাটি শুকিয়ে গিয়েছিল কয়েক ঘণ্টার রোদে। কিন্তু জীবনের সব কাদা এত সহজে শুকোয় না।

কিছু মাটির শুকোতে রোদ লাগে, কিছু ক্ষতের শুকোতে সময় লাগে, আর কিছু মানুষের মন শুকোতে লাগে একটু সহানুভূতি।

“পৃথিবীর সবকিছু নিজের সুবিধামতো শুকিয়ে যায় না। অথচ অন্যকে একটু সময় দেওয়ার ক্ষেত্রেই আমরা সবচেয়ে বেশি কার্পণ্য করি।”

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.