Posts

কবিতা

চিরায়ত বাঙালি

December 19, 2025

ভোঁতা পেন্সিল

42
View

আমি কোনো ভবঘুরের কণ্ঠ নই,
আমি তাদের ই একজন।
আমি বিপ্লবী নই, রাজনীতিবীদও নই,
আমি পল্লির চাষার ছেলে,
আমি নেতার হুমকি-ধমকি ভয় পাই,
আমি ভারি বর্ষণের ভয়েও তটস্থ সদা।
আমি স্বৈরাচারকে সশ্রদ্ধ সালাম করি,
আমি পথের ধারের ভবঘুরে উদ্ভাস্তুকেও স্যালুট করি।
আমি বিপ্লবীর বেশ ধরি,
আমি স্বৈরাচারের মিছিলে কণ্ঠ মেলাই।
আমি চেয়ারম্যানের চুরি দেখে চুপ থাকি,
আমি দশ টাকা পকেটমারকে আধমরা করি মেরে।
আমি রিকশাওয়ালাকে নীতি শেখাই,
আমি নেতার চামচার কাছে নীতিশাস্ত্র শিখি।
আমি বাঙ্গাল বলে
আমি কাঙ্গাল বলে
নিত্যদিনের পরিচয় লুকিয়ে গিরগিটি সাজি।
আমি চাষাভুষার ছেলে তাই
সবার মন জুগিয়ে চলি।
আমি ভূস্বামী নই,
আমি মজুতদার নই,
আমি সংসদের ইদুর নই,
আমি রাষ্ট্রের হর্তাকর্তাও নই,
তাই ন্যায়-অন্যায়ের সংজ্ঞা আমার কাছে বাহুল্য।
তাই আমার কাছে, নীতি আর দূর্নীতি আলাদা কিছু নয়।
কারণ আমি চাষা-ভুষার ছেলে,
আমার কোনো রাজনৈতিক দর্শন নেই,
আমার পররাষ্ট্র নীতি নেই,
আমার কোনো কূটনীতিও নেই,
আমার আছে পেটনীতি, বস্ত্রনীতি আর বাসস্থান নীতি,
আমার আছে স্বার্থপরতার নীতি।
আমার জগত শুধুই আমাকে ঘিরে,
আমার লড়াই শুধুই টিকে থাকার।
আমার সংগ্রাম নির্ঝঞ্ঝাট থাকার,
আমার সংকল্প জোতদারের রোষানল থেকে বেচে থাকার।
আমার শপথ মজুতদার আর 
রাষ্ট্রের ভাগ-বাটোয়ারাকারীদের অগ্নিচক্ষুর আড়ালে থাকার,
আমি বিপ্লবী, আমি ভীতু বাঙালি,
আমি চাষার ছেলে, আমি মজুর।
আমার বিপ্লবের কোনো ভাষা নেই,
পরিবর্তনের কোনো আশা নেই,
তীব্র সংস্কারবিরোধী ভীতু আমি।
আমার সংগ্রাম আমারই বিরুদ্ধে,
নিজের ভেতরে লুকিয়ে থাকা প্রতিবাদী সত্তার বিরুদ্ধে প্রতিবাদী আমি।
নিজের বিপ্লবী সত্তাকে গলা টিপে হত্যা করা ঘাতক আমি,
সত্য-মিথ্যার পার্থক্য ভুলে নিজেকে অমানুষে পরিনত করা মানুষ আমি।
ন্যায়-অন্যায়, বোধ-বিবেকের বিরুদ্ধে আজন্ম যুদ্ধ আমার,
আমি চিরায়ত বাঙালি, আমি ভীতু বিপ্লবী।
 

Comments

    Please login to post comment. Login