Posts

কবিতা

কান্নারা মোর ফুরিয়ে এলো বলে

January 1, 2026

হুযাইফা মুহাম্মাদ

Original Author হুযাইফা মুহাম্মাদ

196
View

বৃষ্টি নামো আকাশ ভেঙে মেঘ

ভিজাও আমার দুঃখগুলো যত,

বিষন্নতা যা আছে মোর হৃদে

তোমার জলে ডুবাও আমার ক্ষত।


 

বৃষ্টি নামো আকাশ ভেঙে মেঘ

কান্নায় আমার চক্ষু টলমল, 

বৃষ্টির তলে অশ্রু গড়ায় যদি

অশ্রুও হয় শুধুই বৃষ্টিজল।


 

বৃষ্টি নামো আকাশ ভেঙে মেঘ

মান জমেছে মনের জানালায়,

আত্মাভিমান আত্মগোপন করেই

অশ্রু লুকাই ধারার আঙিনায়। 


 

মেঘ শুনে যাও মনখারাপির কথা

কোন বিষাদে যায় ছেয়ে মোর মন,

কাব্য শোনার নেই মানুষের ক্ষণে

আমার একটা মানুষ প্রয়োজন।


 

অশ্রুপাতের শেষ কবিতার শ্লোক

অশ্রু মুছার এমন মানুষ পেলে,

বলবো তোমায়;বৃষ্টি থামাও মেঘ!

কান্নারা মোর ফুরিয়ে এলো বলে।















 

Comments

    Please login to post comment. Login