Posts

নিউজ

ভেনেজুয়েলা নিয়ে বই প্রকাশ করবেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

January 9, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
54
View

ভেনেজুয়েলা নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী এবং দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিতব্য এই বইটিতে দেশের জন্য নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তিনি।     

‘দ্য ফ্রিডম ম্যানিফেস্টো’ নামের বইটি প্রকাশ করবে স্কাইহর্স পাবলিশিং। সম্প্রতি মার্কিন এই প্রকাশনা সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বইটিতে কেবল মাচাদোর সরকারি কর্মসূচির উপর ভিত্তি করেই নয়, বরং রাষ্ট্র সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং ভেনেজুয়েলার জন্য তার নতুন জাতীয় প্রকল্পের ধারণাও উপস্থাপন করা হবে। 

১২০ পৃষ্ঠার এই বইটি প্রাথমিকভাবে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বইটির প্রকাশকের ওয়েবপেজে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশনার তারিখ পরিবর্তন করে ১৭ মার্চ করা হয়েছে।  

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গত সপ্তাহে এক সামরিক অভিযানের মাধ্যমে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার আগেই এই বইটি প্রকাশের ঘোষণা দিয়েছিল স্কাইহর্স পাবলিশিং।    

প্রকাশনা সংস্থাটি জানিয়েছে, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাচাদোর লেখা বইটিতে একনায়ক নিকোলাস মাদুরো ছাড়াও ভেনেজুয়েলার জন্য 'নতুন যুগের' স্বপ্নের উপর আলোকপাত করা হবে।    

উল্লেখ্য, মারিয়া কোরিনা মাচাদো লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিরোধীদলের নেতা এবং বেসরকারি ভোট পর্যবেক্ষণ গ্রুপ সুমাতে এর সহ প্রতিষ্ঠাতা। তিনি কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একজন কট্টর সমালোচক। ৫৮ বছর বয়সী এই নেতা গত বছর শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login