Posts

নিউজ

৯০ বছর বয়সে মারা গেলেন সুইস লেখক এরিক ফন দানিকেন

January 13, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
48
View

বেস্টসেলিং সুইস লেখক এরিক ফন দানিকেন ৯০ বছর বয়সে মারা গেছেন। ১০ জানুয়ারি সুইজারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসময়ের সাড়া ফেলা এই লেখক। দানিকেনের মেয়ে কর্নেলিয়া গণমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

‘চ্যারিয়টস অভ দ্য গডস’ নামের একটি বই লিখে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন এরিক ফন দানিকেন। ১৯৬৮ সালে প্রকাশিত বইটি লাখ লাখ কপি বিক্রি হয়েছিল। এই বইয়ে তিনি দাবি করেন, উন্নত এলিয়েনরা বারবার পৃথিবীতে এসেছিল এবং ইনকা ও মিশরীয় সভ্যতার মানুষদের সঙ্গে তাদের দেখা হয়েছিল। তারা পিরামিডের মত বিস্ময়কর বিশাল স্থাপনা তৈরির বিদ্যা শিখিয়েছিল। এমনকি প্রাচীন গুহাচিত্রও এলিয়েনদের তৈরি।  

মানব সভ্যতায় এলিয়েনদের অবদান নিয়ে ২৪টির বেশি বই লেখেন দানিকেন। এই বইগুলো ৩২টি ভাষায় অনূদিত হয় এবং ৭ কোটির বেশি বিক্রি হয়। তবে শিক্ষাবিদ এবং বিজ্ঞানীরা তার তত্ত্বগুলোকে খণ্ডন করে একাধিক বই লিখেছেন। তাকে ছদ্মবিজ্ঞানের কিছু কাল্পনিক ধারণার প্রবক্তা হিসাবে সমালোচনা করেছেন। 

জার্মান পত্রিকা ডের স্পিগেল ১৯৭৩ সালে ‘দ্য দানিকেন হোক্স’ শিরোনামে একটি লেখা প্রকাশ করেছিল। তা সত্ত্বেও বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত ছিল। তারা তার বইগুলো সংগ্রহ করেছেন। এই বইগুলো নিয়ে অসংখ্য তথ্যচিত্রও নির্মিত হয়েছে।     

উল্লেখ্য, এরিক ফন দানিকেন ১৯৩৫ সালের ১৪ এপ্রিল সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি একসময় সুইজারল্যান্ডে একটি হোটেল চালাতেন। তবে জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগে তাকে ১৮ মাস জেলে কাটাতে হয়েছিল। তিনি মিশর, ভারত ও লাতিন আমেরিকার প্রাচীন সভ্যতা নিয়ে বিভিন্ন গবেষণা করেছেন।

সূত্র: রয়টার্স  

Comments

    Please login to post comment. Login