Posts

নিউজ

শহীদ ওসমান হাদি স্মরণে ঢাবিতে বইমেলা

January 14, 2026

নিউজ ফ্যাক্টরি

48
View

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ আয়োজন করা হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই বইমেলার ঘোষণা দেন ঢাবি লেখক ফোরামের সভাপতি আশিক খান। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে এই বইমেলা টিএসসির পায়রা চত্বরে ১৮ জানুয়ারি থেকে শুরু হবে।   

৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম প্রমুখ নেতৃবৃন্দ। 

ঢাবি লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।  

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা এই বইমেলার মূল উদ্দেশ্য।

তিনি জানান, এই বইমেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা, শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে। আমরা বিশ্বাস করি, এটি শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলন মঞ্চ।  

এদিকে ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সেটাকে এগিয়ে নিতে আমাদের এ আয়োজন। প্রতি বছর আমরা এই বইমেলা অব্যাহত রাখব।  

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ১৮ থেকে ২২ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। 

Comments

    Please login to post comment. Login