ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক রান্ডা আবদেল-ফাত্তাহকে আমন্ত্রণপত্র দিয়ে পরে তা বাতিল করার প্রতিবাদে ১৮০ জন লেখক অ্যাডিলেড ফেস্টিভ্যালের লেখক উৎসব বয়কট করেন। এই ঘটনার জেরে লেখক উৎসবের পরিচালক লুইস অ্যাডলারও পদত্যাগ করেন। ফলে অ্যাডিলেড ফেস্টিভাল কর্পোরেশন ২০২৬ সালের লেখক উৎসব বাতিলের ঘোষণা দেয়।
লুইস অ্যাডলার পদত্যাগ করে বলেছেন, আমি কোনো ফিলিস্তিনি লেখকের কণ্ঠরোধ করার অংশ হতে পারি না। গত মাসে সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার পর প্রতিবাদ ও স্লোগান নিষিদ্ধ করার পদক্ষেপ বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।
প্রসঙ্গত, গত মাসে সিডনির বন্ডাই সৈকতে ইহুদি ধর্মীয় একটি উৎসবে বন্দুক হামলায় ১৫ জন নিহত হয়। ওই ঘটনায় অ্যাডিলেড ফেস্টিভাল বোর্ড লেখক উৎসবে ফিলিস্তিনি লেখক ও শিক্ষাবিদ রান্ডা আবদেল-ফাত্তাহ এর আমন্ত্রণ বাতিল করার সিদ্ধান্ত নেয়।
ফেস্টিভাল বোর্ড জানিয়েছে, বন্ডাই সৈকত ট্র্যাজেডির পর ফিলিস্তিনি লেখককে সাহিত্য উৎসবে রাখা ঠিক হবে না। হামলার ঘটনায় শোকাহত সম্প্রদায়ের প্রতি সম্মান দেখিয়েই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর রান্ডা আবদেল-ফাত্তাহ এর প্রতি সংহতি জানিয়ে পুলিৎজার বিজয়ী মার্কিন লেখক পার্সিভাল এভারেট, ব্রিটিশ লেখক জেডি স্মিথ, অস্ট্রেলিয়ান উপন্যাসিক হেলেন গার্নার, মিশেল ডি ক্রেটসার সহ ১৮০ জন লেখক এই উৎসবে অংশগ্রহণ না করার ঘোষণা দেন।
১৫ জানুয়ারি অ্যাডিলেড ফেস্টিভ্যালের বোর্ড জানিয়েছে, তারা ফিলিস্তিনি লেখককে এই বছর অ্যাডিলেড রাইটার্স উইকে বক্তা হিসেবে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করছে।
বোর্ড এক বিবৃতিতে বলেছে, আমরা সিদ্ধান্তটি প্রত্যাহার করেছি। যেহেতু চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় লেখক উৎসবটি বাতিল করা হয়েছে, ফলে ২০২৭ সালের অ্যাডিলেড রাইটার্স উইকে বক্তৃতা দেওয়ার জন্য রান্ডা আবদেল-ফাত্তাহ এর আমন্ত্রণ পুনর্বহাল করা হবে। আমাদের সিদ্ধান্তের কারণে তার যে ক্ষতি হয়েছে সেজন্য আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই।
এদিকে ১১টি উপন্যাসের লেখক রান্ডা আবদেল-ফাত্তাহ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি বোর্ডের ক্ষমা গ্রহণ করেছেন এবং পরের বছর অংশগ্রহণের আমন্ত্রণটি বিবেচনা করবেন।
তিনি বলেছেন, আমি এই ক্ষমা প্রার্থনার বিষয়টি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতা সম্পর্কে প্রকাশ্যে সত্য কথা বলার আমাদের যে অধিকার, তার স্বীকৃতি হিসাবে গ্রহণ করছি। এতে ফিলিস্তিন বিরোধী বর্ণবাদ এবং সেন্সরশিপের বিরুদ্ধে আমাদের সম্মিলিত সংহতির প্রতিফলন ঘটেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা