Posts

নিউজ

ঢাবিতে ৫ দিনের শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

January 18, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
37
View

শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) ছাত্র শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে এই মেলা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। 

রোববার ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই বইমেলার উদ্বোধন করেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার হত্যাকান্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার অপচেষ্টা। আমরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার দেখতে চাই। 

ডাকসু’র ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে ও ঢাবি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ও ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতেমা তাসনিম জুমা, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উপদেষ্টা ও সাবেক সভাপতি আমজাদ হোসেন হৃদয়, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রমুখ।   

সাদিক কায়েম বলেন, শহীদ ওসমান হাদি তার কাজের মাধ্যমে দেখিয়েছেন আমাদের লড়াইটা কাদের সাথে। তারা ভেবেছিল হত্যা করার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির যে আদর্শ, প্রত্যাশা এবং আকাঙ্খা সেগুলো নিভিয়ে দিতে পারবে, কিন্তু তারা সেটি পারেনি বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এক সুরে সবাই বলছে আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমরা বেঁচে থাকতে তার হত্যাকারীদের বিচার করেই ছাড়ব ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলায় অংশ নিয়েছে ২২টি প্রকাশনা সংস্থার স্টল। এই বইমেলায় শহীদ ওসমান হাদিকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাও অনুষ্ঠিত হবে। বইমেলাটি ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।   

Comments

    Please login to post comment. Login