Poetry

চুপ করে থাকে নদী

January 28, 2026

207
View

চুপ করে থাকে নদী

চুপ করে থাকে নদী নাকি আমরাই আর ডাকিনি তাকে,
যেমন চুপ করে থাকো তুমিও,অভিমানি কারও মতো।
ঝুম বৃষ্টির নিচে ভিজে যায় পুরনো জানালার কাঠ,
তার ভেতরেও কি কেউ একদিন ভালোবেসেছিল কারো চোখ?
শহরের ধোঁয়া মেখে ফিরি,প্রতিদিন মানুষ হয়ে ওঠার ক্লান্তিতে,
তবু মনে পড়ে তুমি একদিন বলেছিলে, ‘তোমাকে যেন না হারাই ’
এখন কে আর খোঁজে খামে রাখা সেই চিঠিগুলো,
আঙুলে পড়ে থাকা শেষ চায়ের কাপে জমে যায় দীর্ঘশ্বাস।
একটা ঘাসফুল মরে গেলে, আর কেউ কি তার গল্প শোনে?
একটা গান থেমে গেলে, বাতাস কি বোঝে সে সুরের দুঃখ?
আমরা চলেছি হেটে ,ভুলে গেছি কে কার কাঁধে ঘুমাতো,
শুধু সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করে ওঠে হারানোর আলো।

চুপ করে থাকে নদী নাকি আমরাই আর  ভালোবাসিনি?
ভালোবাসা তো মাঝে মাঝে এমনই, চুপ করে থাকাই ভাষা।
যে চলে যায়, সে চলে যায় না,
সে থেকে যায়, যে থাকে তার চেয়ে গভীরে।
এই জীবন একা হাঁটে,সব প্রেমই একসময় দর্শন হয়ে যায়।

Comments

    Please login to post comment. Login