সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লেখা পলিটিকাল থ্রিলার ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ অবলম্বনে একটি সিনেমা নির্মিত হবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ডেডলাইন। আর এই সিনেমায় অভিনয় করবেন অস্কারজয়ী হলিউড তারকা হ্যালি বেরি। তিনি এই ছবিটি প্রযোজনা করবেন বলে জানা গেছে।
‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ ২০১৮ সালে প্রকাশিত হয়। বেস্টসেলার এই বইয়ে ক্লিনটনের সহ লেখক ছিলেন জেমস প্যাটারসন। থ্রিলার এই বইটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে জোনাথন লিংকন ডানকান। তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু অবিশ্বস্ত ভাইস প্রেসিডেন্টের ষড়যন্ত্র এবং হত্যা ও সন্ত্রাসী হামলার হুমকির মুখে হঠাৎ অদৃশ্য হয়ে যান তিনি।
বিল ক্লিনটনের থ্রিলারে প্রেসিডেন্ট পুরুষ থাকলেও বইটির চলচ্চিত্র রূপান্তরে নারী প্রেসিডেন্ট থাকছে। আর এই নারী প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি। সিনেমায় তার নাম থাকবে জোয়ানা ডানকান। চিত্রনাট্যটি লিখেছেন নিকোল পার্লম্যান এবং ডেভিড চ্যাস্টিন। ছবিটির প্রযোজকদের মধ্যে রয়েছেন হ্যালি বেরি, বিল ক্লিনটন এবং জেমস প্যাটারসন।
এর আগে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’ উপন্যাসটি নিয়ে টিভি সিরিজ নির্মাণের কথা ছিল। কিন্তু ২০১৯ সালে করোনা মহামারীর শুরুতে প্রকল্পটি বাতিল করা হয়।
উল্লেখ্য, বিল ক্লিনটন ৩টি পলিটিকাল থ্রিলার লিখেছেন। তার প্রথম থ্রিলারের নাম ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। এটি ২০১৮ সালে প্রকাশিত হয়। ২০২১ সালে ‘দ্য প্রেসিডেন্টস ডটার’ নামে দ্বিতীয় থ্রিলার এবং ২০২৫ সালে 'দ্য ফার্স্ট জেন্টেলম্যান' নামের সর্বশেষ থ্রিলার প্রকাশ করেছেন তিনি। এই বইগুলোতে ক্লিনটনের সহ লেখক হিসেবে আছেন জেমস প্যাটারসন।