বয়কটের হুমকি সত্ত্বেও বইমেলা আয়োজনে অনড় অবস্থান নিয়েছে বাংলা একাডেমি। সংস্থাটি জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি একুশে বইমেলা শুরু হবে। তবে একাডেমির এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের খ্যাতিমান প্রথম সারির তিন শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে না।
রোববার একুশে বইমেলা-২০২৬ আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে একুশে বইমেলা শুরু হচ্ছে। আমরা সব প্রস্তুতি শেষ করে এনেছি। আমন্ত্রণপত্রও ছাপা হয়ে যাবে দু-এক দিনের মধ্যে।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের লটারি শেষ হয়েছে। বরাদ্দও চূড়ান্ত করা হয়েছে। এখন প্রকাশকরা তাদের নির্ধারিত জায়গা সাজানোর কাজ শুরু করতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলায় মোট ৬৬২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪টি নতুন প্রকাশনা প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। মেলায় প্যাভিলিয়নের সংখ্যা ২৩টি। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠিত এবং ১২টি নতুন প্রকাশনা সংস্থার জন্য।
এদিকে রমজান মাসে বইমেলা আয়োজনের বিরোধিতা করছে প্রথম সারির প্রকাশনা প্রতিষ্ঠনাগুলো। এবারের বইমেলায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে তিন শতাধিক খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান। অন্যপ্রকাশের মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের দাবি জানিয়েছে ৩২১টি প্রকাশনা সংস্থা। সময়সূচি পরিবর্তন করা না হলে তারা মেলায় অংশ নেবে না।