প্রথম সারির প্রকাশনা সংস্থাগুলোর আসন্ন একুশে বইমেলা বয়কটের হুমকি সত্ত্বেও রোজার মাসে মেলা আয়োজনে অনড় অবস্থান নিয়েছে বাংলা একাডেমি। তবে নির্ধারিত সময়ের একদিন পরে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হবে বলে জানা গেছে।
বাংলা একাডেমির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিডিউল না পাওয়ায় শেষ মুহূর্তে এসে বইমেলা একদিন পিছিয়ে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তারেক রহমান এবারের বইমেলা উদ্বোধন করবেন।
বইমেলা পেছানোর কারণ জানিয়ে সূত্রটি বলেছে, মাত্রই সরকার গঠন হলো। যদিও অফিশিয়াল চিঠি পাইনি, তবে বেসরকারিভাবে প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেছে ২১ ফেব্রুয়ারি। যেহেতু প্রধানমন্ত্রী ২১ ফেব্রুয়ারির বিষয়ে সম্মতি দিয়েছেন, সেজন্য বইমেলা একদিন পেছানো হলো।
এদিকে বই মেলা পরিচালনা কমিটি ও বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ, সোহরাওয়ার্দী উদ্যানের অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা সহ সবকিছুই প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে। এছাড়া রমজান মাস উপলক্ষে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বইমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। তবে রমজান মাসে বইমেলা আয়োজনের বিরোধিতা করে দেশের প্রথম সারির প্রকাশনা সংস্থাগুলো। ঈদের পর বইমেলা আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠিও দিয়েছিল প্রকাশক ঐক্য। এমনকি বইমেলা বর্জনের ঘোষণাও দিয়েছে তারা।