একুশে বইমেলা-২০২৬ আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। এছাড়া এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
এই সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।
বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী, একুশে বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে।
এদিকে মেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক এর আগে স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টার মধ্যে আবেদন করতে পারবেন এবং সেই ভিত্তিতে একইদিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বইমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। তবে রমজান মাসে বইমেলা আয়োজনের বিরোধিতা করে দেশের প্রথম সারির প্রকাশনা সংস্থাগুলো। ঈদের পর বইমেলা আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠিও দিয়েছিল প্রকাশক ঐক্য। এমনকি বইমেলা বর্জনের ঘোষণাও দিয়েছে তারা।