মারা গেছেন শংকর নামে সুপরিচিত ভারতীয় লেখক মণিশংকর মুখোপাধ্যায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ষীয়ান এই লেখক একাধিক শারীরিক সমস্যা নিয়ে ১৫ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বরে পড়ে গিয়ে তার কোমরের হাড় ভেঙে যায়। সে সময় অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৪ ফেব্রুয়ারি তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জীবনাবসান ঘটে জনপ্রিয় এই লেখকের।
শংকরের মৃত্যুতে বাঙালি সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক্সে দেওয়া একটি পোস্টে বলেন, বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের (শংকর) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল। 'চৌরঙ্গী' থেকে 'কত অজানারে', 'সীমাবদ্ধ' থেকে 'জন অরণ্য'—তার কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে।
উল্লেখ্য, শংকর ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই তার আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় কলকাতায় চলে আসেন। তিনি হাওড়ায় বসবাস শুরু করেন। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া এবং তার সাহিত্যচর্চার শুরু।
শংকরের প্রথম উপন্যাস ‘কত অজানারে’ ১৯৫৫ সালে প্রকাশিত হয়। তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ছিল ‘চৌরঙ্গী’। এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি সিনেমা ১৯৬৮ সালে মুক্তি পায়। এতে অভিনয় করেন বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। এই সিনেমাটি শংকরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। তার 'সীমাবদ্ধ' এবং ‘জন অরণ্য’ উপন্যাস নিয়ে সিনেমা বানিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়।