Posts

গল্প

আমার প্রার্থনা এই যে

February 21, 2026

Rakib Shafqat Reza

Original Author My original post

27
View

ঢাকায় আসছিলাম এয়ারফোর্সের জিডি পাইলট হয়ার জন্যে। I&SC’র যে সিড়ি দিয়ে দোতলায় যেতে হয়, তার পাশের দেয়ালে লেখা ছিল, ‘ বিদ্যুৎবেগে নীলিমা ভেদ করে ছুটে চলা – এ এক দুরন্ত গতিময় পেশা, এ যেন আকাশ জয়ের নেশা !’ লিখিত পরীক্ষা দিতে একতলা-দোতলা উঠানামা করা লাগে। দেয়ালের দিকে তাকাই আর আমার গা শিউরে উঠে। বয়স কম, ছোট দুনিয়ার মানুষ।

একদিন সত্যি সত্যি মানুষের অবিশ্বাসকে তুচ্ছ করে ISSB টিকে যাই। তারপর ফাইনাল মেডিক্যালের মাঝে একদিন সবাই দলবেঁধে বুয়েট কি জিনিস দেখার নামে পরীক্ষা যে দিতে গেলাম, আমার ভাগ্যটা সেখানেই লেখা হয়ে গেল।

পড়ি ইলেকট্রিক্যালে, বানাই সফটওয়্যার, সারাদিন ঘুরি আর্কির চিপায় – ঘর পালানো বাতাসের দিনে, যখন পথের শেষে আলোর দেখা মিলতো না, দিনের আলোতে দেখতে চাইতাম আশ্চর্য মেঘদলদের … !

ব্যবসা করেছি, চাকরি করেছি, কনসালটেন্সি করেছি আবার কিচ্ছু না করে ৮ মাস জীবন থেকে পালিয়েও বেড়িয়েছি। একদিন হুট করে মনে হল, আমার জীবনের চেয়ে আমার স্বপ্নটা বড়। আমি সেখানে হেরে যাচ্ছি। একগাদা বইয়ে মুখ গুজে ক্লান্তিকর-গ্লানিকর পিএইচডির যাত্রা শেষে, বিশ্ববিদ্যালয়ের মাস্টারীতে নাম লিখিয়েছি …

এইসব করতে গিয়ে, সামাজিক হিসাবের অনেক কিছুই আমার করা হয়ে ওঠেনি। বন্ধুদের সাথে ঘড়ির সময় মিলে না। মাঝে মাঝে আমি তাদের দিকে তাকিয়ে আফসোস করি। কখনো সখনো তারা আমার দিকে তাকিয়ে নিজের জন্যে দীর্ঘশ্বাস ফেলে …

আমার প্রার্থনা, জীবনে যাই করেন – আপনি যেন সেটায় ভালোবাসা খুজে পান। আনন্দ নিয়ে করেন। প্রতি সকালে নিজের সেরাটা দেবার জন্যে আপনার রক্তে বারুদ জ্বলে ওঠে। আপনি যেন বিশ্বাস করেন আজকেই আপনার জীবনের শেষ দিন। নিজের সাথে নিজেই পাল্লা দিয়ে দৌড়ান। হার্ডল ছুতে না পারলে নিজেকে বলতে পারেন tomorrow is a new day ! এবং আপনি যেন নিজেকেও মাঝেমাঝে না বলতে শিখেন। প্রতিদিন দৌড়াতে হয় না। সবজায়গায় নিজেকে প্রমান করতে হয় না। সবকিছু জীবনে পেতে হয় না।

আমার প্রার্থনা, আপনার যেন নিজের একটা ঘর হয়। সে ঘরে যেন বড় একটা জানালা থাকে। আপনি যেন কোন কোন রাতে হুদাই পা মেলে সে জানালা দিয়ে আসা জোনাকিদের রোশনাই দেখতে পান। আকাশ যেন আপনাকে মনে করায়, ‘ রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে … ‘

একটা তুমুল পৃথিবীকে অগ্রাহ্য করবার সাহস যেন আপনার থাকে আপনার সাহস যেন এই পৃথিবীর যুক্তি-তর্ককে বুড়ো আঙ্গুল দেখায়।

আমার প্রার্থনা, আপনার একান্ত মানুষ যেন সেসব রাতে আপনার পাশে থাকে। মাঝরাতে আপনি যেন আপনাকে ঘুমাতে না দেয়া স্বপ্নের কথা তাকে বলতে পারেন … নিঃসংকচে !

আমার প্রার্থনা, আপনি যেন বিশ্বাস করেন সূর্যের আলো প্রতিদিন যতটুকু এই জমিন ছোয় তার সবটাই আপনার রাজত্ব। আর মারা যাবার আগে, আপনি যেন নিজেকে মেরে না ফেলেন। জীবিত অথবা মৃত।

আপনার জীবনে যেন আফসোসের কোন জায়গা না থাকে …

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 2 weeks ago

    পুরো লেখাটি ইতিবাচক। খুব ভালো লাগলো