Posts

কবিতা

আগুনে পোড়া মানুষের কান্না

February 25, 2026

Razib Paul

Original Author রাজীব পাল

105
View

সেদিন আকাশ নীল ছিল,
সূর্যও ছিল স্বাভাবিক,
কিন্তু মানুষের ভিতরে
জ্বলে উঠেছিল এক অদৃশ্য অগ্নিকুণ্ড।
দিপু ছিল এক শ্রমিক,
তার হাতে ছিল ঘামের গন্ধ,
তার চোখে ছিল সন্তানের ভবিষ্যৎ,
তার বুকভরা ছিল বেঁচে থাকার স্বপ্ন।
হঠাৎ গুজব এল—
শব্দহীন বিষের মতো,
মানুষের মনকে করল পাথর,
বিবেককে করল অন্ধ।
কে দেখল সত্য?
কে শুনল তার কথা?
শুধু জনতার চিৎকার—
আর আগুনের লেলিহান জিহ্বা।
গাছের সাথে বাঁধা এক জীবন,
মানুষ নয়, যেন কোনো অপরাধের প্রতীক,
কিন্তু অপরাধ ছিল কার—
দিপুর, না মানুষের নিষ্ঠুরতার?
আগুন জ্বলল,
শুধু একটি শরীর নয়,
জ্বলল মানবতা,
জ্বলল সভ্যতার মুখোশ।
আজও বাতাসে ভাসে তার আর্তনাদ—
“আমি তো মানুষ ছিলাম…”
কিন্তু উত্তর দেয় না কেউ,
নীরব থাকে আকাশ,
নীরব থাকে রাষ্ট্র,
নীরব থাকে আমরা।
একটি প্রশ্ন শুধু রয়ে যায়—
আগুন কি দিপুকে পোড়ালো,
না আমাদের মানবতাকেই ছাই করে দিল?

Comments

    Please login to post comment. Login