ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৬ এর দীর্ঘ তালিকা প্রকাশ করেছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বুকার প্রাইজের ওয়েবসাইটে এই তালিকায় জায়গা পাওয়া ১৩ জন লেখক, অনুবাদক এবং তাদের বইয়ের নাম প্রকাশ করা হয়েছে।
এবারের তালিকার জন্য চারটি মহাদেশের ১৪টি জাতীয়তার প্রতিনিধিত্বকারী লেখক এবং অনুবাদকদের দ্বারা ১১টি মূল ভাষা থেকে অনূদিত ১৩টি বইকে বেছে নেওয়া হয়েছে। এই বইগুলো বিশ্ব সাহিত্যের বৈচিত্র্যকে তুলে ধরেছে।
এবারের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের জন্য মোট ১২৮টি বই জমা পড়েছিল। এই বইগুলো থেকে ১৩টি বইয়ের দীর্ঘ তালিকাটি প্রকাশ করা হয়। বইগুলো ২০২৫ সালের ১ মে থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়েছে। বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেছেন, এ বছর জমা দেওয়া বইগুলো মূলত রেকর্ড মোট ৩৪টি ভাষায় লেখা হয়েছে।
এদিকে ৩১ মার্চ ছয়টি বইয়ের সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হবে। ১৯ মে লন্ডনে একটি অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরের বিজয়ী লেখক এবং অনুবাদকের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের ইংরেজিতে অনূদিত ও যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বই এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। এক্ষেত্রে পুরস্কারের ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৭,৫০০ ডলার) লেখক এবং অনুবাদক উভয়েই ভাগাভাগি করে নেন।
ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ-২০২৬ এর দীর্ঘ তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. ‘দ্য নাইটস আর কুয়ায়েট ইন তেহরান’ - শাইদা বাজিয়ার (জার্মান থেকে অনুবাদ: রুথ মার্টিন)
২. ‘উই আর গ্রিন অ্যান্ড ট্রেম্বলিং’ - গ্যাব্রিয়েলা ক্যাবেজন কামারা (স্প্যানিশ থেকে অনুবাদ: রবিন মায়ার্স)
৩. ‘দ্য রিমেম্বারড সোলজার’ - আঞ্জেট দানজে (ডাচ থেকে অনুবাদ: ডেভিড ম্যাকে)
৪. ‘দ্য ডেজার্টার্স’ - ম্যাথিয়াস এনয়ার্ড (ফরাসি থেকে অনুবাদ: শার্লট ম্যান্ডেল)
৫. ‘স্মল কমফোর্ট’ - ইয়া গেনবার্গ (সুইডিশ থেকে অনুবাদ: কিরা জোসেফসন)
৬. ‘শি হু রিমেইনস’ - রেনে কারাবাশ (বুলগেরিয়ান থেকে অনুবাদ: ইজিডোরা অ্যাঞ্জেল)
৭. ‘দ্য ডিরেক্টর’ - ড্যানিয়েল কেহলমান (জার্মান থেকে অনুবাদ: রস বেঞ্জামিন)
৮. ‘অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ’ - আনা পাওলা মাইয়া (পর্তুগিজ থেকে অনুবাদ: পদ্মা বিশ্বনাথন)
৯. ‘দ্য ডিউক’ - মাত্তেও মেলচিওরে (ইতালীয় থেকে অনুবাদ: আন্তোনেলা লেত্তিরি)
১০. ‘দ্য উইচ’ - মারি এনডিয়াই (ফরাসি থেকে অনুবাদ: জর্ডান স্টাম্প)
১১. ‘উইমেন উইদাউট মেন’ - শাহরনুশ পারসিপুর (ফারসি থেকে অনুবাদ: ফারিদুন ফারুখ)
১২. ‘দ্য ওয়াক্স চাইল্ড’ - ওলগা রাভন (ড্যানিশ থেকে অনুবাদ: মার্টিন আইটকেন)
১৩. ‘তাইওয়ান ট্রাভেলগ’ - ইয়াং শুয়াং-জি (ম্যান্ডারিন চাইনিজ থেকে অনুবাদ: লিন কিং)