Posts

নিউজ

মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

February 27, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
43
View

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য কবিতা বিভাগে মনোনীত হয়েছিলেন কবি মোহন রায়হান। তবে বাংলা একাডেমি কোনো ঘোষণা ছাড়াই পুরস্কারটি স্থগিত করেছে। মোহন রায়হান ওই পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত তাকে এটি দেওয়া হয়নি।   

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে মোহন রায়হানের নাম ঘোষণা করা হয়নি। পরে পুরস্কার না পেয়ে তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।   

এই বিষয়ে কবি মোহন রায়হান সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যায়ও আমি পুরস্কার গ্রহণের মহড়ায় অংশ নিয়েছি। তখনও আমাকে কিছুই বলা হয়নি। কিন্তু আজকে অনুষ্ঠানে আসার পর জানতে পারলাম, আমাকে পুরস্কারটি দেওয়া হচ্ছে না। এটা দাপ্তরিকভাবে বাতিল হয়েছে কিনা তা আমি জানি না। যদি বাতিল হয়, তাহলে সরকারি প্রজ্ঞাপন থাকা উচিত ছিল।   

তিনি জানান, বাংলা একাডেমির কর্মকর্তারা তাকে বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, চার দশক আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা 'তাহেরের স্বপ্ন' কবিতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, কবি মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এবার ৮ ক্যাটাগরিতে ৯ জনকে এই পুরস্কার দেওয়া হয়। তবে তালিকায় মোহন রায়হানের নাম থাকলেও তাকে এ পুরস্কার দেওয়া হয়নি।  

Comments

    Please login to post comment. Login