Posts

নিউজ

মোহন রায়হানকে অবশেষে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

March 1, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
39
View

অবশেষে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমি সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি হতে এই তথ্য জানা গেছে।   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (২ মার্চ) সকাল ১১টায় কবি মোহন রায়হানের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হবে। সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় এই বার্তাটি প্রচারের জন্য অনুরোধ করা হলো।   

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য কবিতা বিভাগে মনোনীত হয়েছিলেন কবি মোহন রায়হান। তবে একাডেমি কর্তৃপক্ষ কোনো ঘোষণা ছাড়াই পুরস্কারটি স্থগিত করে। মোহন রায়হান ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওই পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত তাকে এটি দেওয়া হয়নি।    

সে সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  

শনিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মোহন রায়হান সংবাদমাধ্যমে বলেন, পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি রোববার (১ মার্চ) বিকেলে সিদ্ধান্ত নেব। এখন কিছু বলব না। 

এর আগে ২৬ ফেব্রুয়ারি মোহন রায়হান সাংবাদিকদের বলেছিলেন, আমি পুরস্কার গ্রহণের মহড়ায় অংশ নিয়েছি। তখনও আমাকে কিছুই বলা হয়নি। কিন্তু অনুষ্ঠানে আসার পর জানতে পারলাম, আমাকে পুরস্কারটি দেওয়া হচ্ছে না। এটি যদি বাতিল হয়, তাহলে সরকারি প্রজ্ঞাপন থাকা উচিত ছিল। তার দাবি, চার দশক আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা 'তাহেরের স্বপ্ন' কবিতার কারণে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Comments

    Please login to post comment. Login