Posts

নিউজ

বাংলা একাডেমি পুরস্কার গ্রহণ করবেন মোহন রায়হান, তবে পুরস্কারের অর্থ নেবেন না

March 2, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
30
View

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছন কবি মোহন রায়হান। তবে এই পুরস্কারের অর্থ গ্রহণ না করে সেটি কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সাংস্কৃতিক কর্মীর কল্যাণে প্রদান করতে চান তিনি। রোববার (১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

মোহন রায়হান বলেন, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণার পর আমার বিরুদ্ধে একটি সুসংগঠিত অপপ্রচার শুরু হয়। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী যারা অতীতে স্বৈরাচার ও স্বাধীনতাবিরোধী রাজনীতির সহচর ছিল, নতুন পরিচয়ের আড়ালে তারা সামাজিক মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিতর্ক সৃষ্টি করে।'     

তিনি আরও বলেন, ‘পুরস্কার দেওয়ার আগের দিন পর্যন্ত সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে, ৪১ বছর আগে রচিত একটি কবিতাকে অজুহাত করে আমার পুরস্কার স্থগিত করা হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম, অথচ অন্যদের ডাকা হলেও আমাকে আর ডাকা হয়নি। এই আচরণ শুধু ব্যক্তিগত অপমান নয়, এটি মুক্তচিন্তার প্রতি অবমাননা।’    

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এরপরে মোহন রায়হান সংবাদমাধ্যমে বলেছিলেন, পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি রোববার বিকেলে সিদ্ধান্ত নেব।   

এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান বলেন, ‘আমার এই পুরস্কার গ্রহণ বা বর্জন নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়। আমরা জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করি। সংখ্যাগরিষ্ঠ মত পুরস্কার গ্রহণের পক্ষে। তাদের যুক্তি ছিল, ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করা মানে অপশক্তিকে জয়ী হতে দেওয়া। আবার অনেকে মত দেন, এই অপমানের প্রতিবাদে পুরস্কার বর্জনই নৈতিক অবস্থান হবে।' 

তিনি আরও বলেন, ‘আমি গভীরভাবে ভাবলাম। আমি কোনো পদক বা অর্থের কাঙাল নই। জীবনের সায়াহ্নে এসে সামান্য স্বীকৃতি ও সম্মানের প্রত্যাশাই আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। তাই আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে এই পুরস্কার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।'  

প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে অনুরোধ জানাই, নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর হাত থেকেই যেন আমি এই পুরস্কার গ্রহণ করতে পারি। যদি প্রয়োজন হয়, দিন পরিবর্তন করা হোক, কিন্তু প্রক্রিয়াটি মর্যাদাপূর্ণ হোক।’ 

তিনি এই পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন। এর পরিবর্তে কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে এই অর্থ প্রদান করার আহ্বান জানান তিনি। 

Comments

    Please login to post comment. Login