৭৭ বছর বয়সে মারা গেছেন মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী এবং রাজনৈতিক থ্রিলার লেখক ড্যান সিমন্স। তিনি ২১ ফেব্রুয়ারি কলোরাডোর লংমন্ট শহরে মারা যান। মৃত্যুকালে তার স্ত্রী এবং মেয়ে তার পাশে ছিলেন।
ড্যান সিমন্স ১৯৮৯ সালে লেখা বিজ্ঞান কল্পকাহিনী ‘হাইপেরিয়ন’ এর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। এই উপন্যাসের জন্য তিনি সেরা উপন্যাস বিভাগে মর্যাদাবান হুগো অ্যাওয়ার্ড এবং লোকাস অ্যাওয়ার্ড জিতেন। এছাড়া তিনি দুটি ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড এবং বেশ কয়েকটি ব্রাম স্টোকার অ্যাওয়ার্ড পান।
সিমন্সের প্রথম উপন্যাস ‘সং অফ কালি’ ১৯৮৫ সালে প্রকাশিত হয়। তার অন্যান্য বইগুলোর মধ্যে রয়েছে ১৯৮৯ সালের লেখা ভ্যাম্পায়ার হরর ‘ক্যারিয়ন কমফোর্ট’, ১৯৯১ সালের লেখা ‘সামার অব নাইট’, বিজ্ঞান কল্পকাহিনীর মহাকাব্য ‘ইলিয়াম অ্যান্ড অলিম্পোস’ এবং ২০০৯ সালে চার্লস ডিকেন্সের জীবনের শেষ বছরগুলো ওপর ভিত্তি করে লেখা উপন্যাস ‘ড্রুড’। এছাড়া ২০০৭ সালে তার লেখা উপন্যাস ‘দ্য টেরর’ অবলম্বনে ২০১৮ সালে একটি জনপ্রিয় টিভি সিরিজ নির্মাণ করা হয়।
১৯৪৮ সালে ইলিনয়ের পিওরিয়ায় জন্মগ্রহণকারী সিমন্স ইলিনয় এবং ইন্ডিয়ানাতে বেড়ে ওঠেন। ছোটবেলা থেকেই গল্প লেখা শুরু করেছিলেন তিনি। গল্প বলার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করাই ছিল তার লক্ষ্য। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি ৩০টির বেশি উপন্যাস এবং ছোটগল্প সংকলন প্রকাশ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান