Posts

নিউজ

ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকায় নোবেলজয়ী লেখক ওলগা তোকারচুক

March 6, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
12
View

২০২৬ সালের ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছে ২০টি উপন্যাস। এর মধ্যে রয়েছে নোবেলজয়ী পোলিশ লেখক ওলগা তোকারচুকের উপন্যাস ‘দ্য এম্পুসিয়াম’।    

উপন্যাসটি প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে একটি যক্ষ্মা স্যানেটোরিয়ামে পটভূমিতে রচিত। এর প্রধান নায়ক হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মিয়েজিস্লো ওয়োজনিচ, যিনি যক্ষ্মা রোগ নিয়ে স্যানেটোরিয়ামে আসেন। বইটি ২০২২ সালে পোলিশ ভাষায় প্রকাশিত একটি ঐতিহাসিক উপন্যাস।

‘দ্য এম্পুসিয়াম’ ইংরেজিতে অনুবাদ করেন আন্তোনিয়া লয়েড-জোন্স। এটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রকাশিত হয়। ২০১৮ সালে সাহিত্যে নোবেল প্রাইজ জয়ের পর এটি তোকারচুকের লেখা প্রথম উপন্যাস ছিল। 

এবারের ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকায় তোকারচুক ছাড়াও আছেন আইরিশ লেখক স্যালি রুনি, ইউক্রেনীয় লেখক মারিয়া রিভা, নাইজেরিয়ান লেখক চিমামান্ডা এনগোজি আদিচি, আফগান-জার্মান লেখক আরিয়া আবের, ব্রিটিশ লেখক আলি স্মিথ, মার্কিন লেখক কারেন রাসেল, র‍্যাচেল কুশনার প্রমুখ। 

এদিকে ৭ এপ্রিল এই দীর্ঘ তালিকা থেকে ৬টি বইয়ের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ২১ মে ডাবলিনে আন্তর্জাতিক সাহিত্য উৎসব চলাকালীন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে।   

উল্লেখ্য, ডাবলিন লিটারারি অ্যাওয়ার্ড ইংরেজিতে লেখা বা অনূদিত সেরা উপন্যাসের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও আর্থিকভাবে মূল্যবান বার্ষিক সাহিত্য পুরস্কার। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সিটি কাউন্সিল ১৯৯৬ সালে এটি চালু করেছে। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ইউরো (১ লাখ ১৬ হাজার ডলার)। 

সূত্র: দ্য আইরিশ টাইমস    

Comments

    Please login to post comment. Login