৮৩ বছর বয়সে মারা গেছেন প্রখ্যাত পর্তুগিজ উপন্যাসিক আন্তোনিও লোবো অ্যান্টুনেস। তিনি ৫ মার্চ পর্তুগালের রাজধানী লিসবনে নিজ বাড়িতে মারা যান। দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তার প্রকাশক ডম কুইক্সোটও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অ্যান্টুনেস বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর গোড়ার দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্তুগিজ লেখকদের একজন হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তিনি ৩০টির বেশি উপন্যাসের মাধ্যমে তার জন্মভূমির সামাজিক জটিলতাগুলো অন্বেষণ করেছেন। তিনি পর্তুগালের একজন বহুল পঠিত এবং বেস্টসেলার লেখক।
তিনি ১৯৪২ সালের সেপ্টেম্বরে পর্তুগালের রাজধানী লিসবনে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ইউনিভার্সিটি অব লিসবনে পড়াশোনা করেন। পরে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। পর্তুগিজ উপনিবেশিক যুদ্ধের সময় পর্তুগালের সেনাবাহিনীতে একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
১৯৭৯ সালে তিনি ‘এলিফ্যান্টস মেমোরি’ এবং ‘দ্য ল্যান্ড অ্যাট দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ নামের দুটি উপন্যাসের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘অ্যান এক্সপ্লেনেশন অব দ্য বার্ডস’, ‘অ্যাক্ট অব দ্য ড্যামড’, ‘দ্য রিটার্ন অব দ্য ক্যারাভেলস’, ‘দ্য ইনকুইজিটরস ম্যানুয়াল’, ‘নলেজ অব হেল’ এবং ‘হোয়াট ক্যান আই ডু হোয়েন এভরিথিংস অন ফায়ার?’।
তিনি পর্তুগিজ ভাষার সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ক্যামোয়েস প্রাইজ এবং বেশ কয়েকটি প্রধান ইউরোপীয় সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছিলেন। এছাড়া ওভিড প্রাইজ, জেরুজালেম প্রাইজ এবং জুয়ান রুলফো প্রাইজও জিতেছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারের সম্ভাব্য বিজয়ী হিসাবেও প্রায়শই তার নাম থাকত।