Posts

কবিতা

বাঁচো, অসীম

March 11, 2026

সুকান্ত সোম

108
View

ম্লান মুখে কী আস্বাদের আশায়
দিনাতিপাত করছো, অসীম?

ঝরা পাতার বুকে কী দেখছো
এত খুঁটিয়ে খুঁটিয়ে?

নিশিযাপনের মিথ্যা অভিনয়ে
কী খুঁজে পাও তুমি?

চোখের জল দিয়ে কেন
মাটিকে পোড়াচ্ছো?

অভিশাপ ডেকে আনা
মর্মর বিষণ্ন দিনে
এতটা অগ্রসর কেন, অসীম?

দেবদারু গাছের ফাঁকে
কখনো পূর্ণিমার চাঁদকেও
যখন আলো হারাতে দেখেছো—
তখনও কেন
মৃত বাতিটাকেই আঁকড়ে ধরে আছো?

কিসের প্রচ্ছায়ায়
মোহাচ্ছন্ন তুমি?

এসব ছাড়ো।

ঝরা পাতায় গান শুনিও না—
যদি পারো, ফুলগাছটায় পানি দিও;
নিদেনপক্ষে
আর কিছুটা দিন
ফুলগুলো ঝরে না পড়ুক।

 

Comments

    Please login to post comment. Login