Poetry

ধীরে পথিক

March 11, 2026

176
View

পথিক পথ ধরে হেঁটে চলেছো, 

কখনো ক্লান্ত,

 কখনো গতির বুকে চাবুক চালিয়ে ছুটছো।
দেখছো গন্তব্যের সীমানায় গাছেরা দাঁড়িয়ে,

 ওপারেই খোলা আকাশের বুকে চড়ে বেড়ায় সাদা-কালো মেঘের দল।

অসীম আকাশে অনিশ্চয়তার হাওয়ায় ভেসে যায়,

 ঝরে পড়ে মাটির বুকে মিশে যেতে—সে কি আকুলতা!

বিন্দু মেলানো দিগন্ত পথে, 

পথিক তুমি হারিয়ে যাবে অবশেষে;

 নিশ্চিত অনিশ্চয়তা বুকে জড়িয়ে নেবে তোমাকে।

সময়ের ঘোড়াকে আর কত চাবুক চালাবে,

 বল?
পাশের যে পথিক ছুটছে, যত আরব্য ঘোড়ার মতো—
দ্রুত লয় হারাবে; 

মহাকালের চোরাবালি খুঁজে নেবে তাকেও।

ধীরে চল পথিক, ধীরে।
সবুজের ঘ্রাণ নাও, 

আকাশের নীল ধরে নাও হাতের মুঠোয়।
ঘাসেদের ছুঁয়ে দিও,

 শিশিরে ভিজিও পা দুটো।

তারপর না হয় যেও, পথিক।

Comments

    Please login to post comment. Login