Posts

প্রবন্ধ

আমার চোখে রমজান

March 11, 2026

Radia

Original Author Radia

5
View

রমজান শুধু একটি মাসের নাম নয়, এটি যেন হৃদয়ের গভীরে নাড়া দেওয়া এক অনুভূতির নাম। প্রতি বছর যখন রমজান আসে, তখন মনে হয় পৃথিবীটা যেন একটু বদলে যায়। চারদিকে এক অন্যরকম প্রশান্তি, এক অন্যরকম পবিত্রতা অনুভূত হয়।আমার চোখে রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দেয়। মুসলিম ধর্মে এই মাসে ভোরে সেহরি খেয়ে সারাদিন কিছু না খেয়ে থাকতে হয়, নিজেকে সংযম ও ধৈর্য ধরতে হয়, আল্লাহর ইবাদত করতে হয় এবং মাগরিবের আযানের সাথে ইফতার করে রোজা ভাঙা হয়। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি শুধু না খেয়ে থাকার একটি নিয়ম। কিন্তু আসলে রমজান আমাদের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার একটি সময়।প্রতিদিন বিকেলের দিকে যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, তখন আমাদের ঘরে ছোট্ট একটি আনন্দের পরিবেশ তৈরি হয়। টেবিলে খেজুর, ফল, শরবত, আলুর চপ, বেগুনি, আলুনি, ডিমের চপ নানা রকম খাবার সাজানো থাকে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে মাগরিবের আযানের জন্য। কিন্তু ঠিক সেই সময়ই আমার মনে পড়ে যায় সমাজের সেইসব মানুষের কথা, যাদের কাছে ইফতার মানেই হয়তো শুধু এক গ্লাস পানি, একটি খেজুর এবং একমুঠো শুকনা মুড়ি।আমি কল্পনা করি, কোনো এক দিনমজুর সারাদিন কঠোর পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে। তার হাতে হয়তো খুব বেশি কিছু নেই। তবুও সে রোজা রেখেছে, ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করেছে। আবার কোথাও কোনো মা হয়তো তার সন্তানের মুখের দিকে তাকিয়ে ভাবছে, আজ ইফতারে তাকে কী খাওয়াবে। তাদের জীবনের এই কঠিন বাস্তবতা ভাবলেই আমার মনটা ভারী হয়ে ওঠে।এই মানুষগুলোর কথা ভাবলেই বুঝতে পারি, আমি কতটা সৌভাগ্যবান। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, সেটুকুই অনেক। আমার টেবিলে হয়তো অনেক খাবার থাকে, কিন্তু অনেক মানুষের জীবনে সেই সামান্যটুকুও নেই। তখন মনে হয়, আমার পাওয়া নিয়ে অভিযোগ করার কোনো অধিকার নেই। বরং তাদের না পাওয়া আমাকে শিখিয়ে দেয় আমার যতটুকু আছে, তাতেই খুশি থাকতে।রমজান আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মানুষকে সাহায্য করার শিক্ষা। যখন দেখি কেউ ইফতার জোগাড় করতে পারছে না, তখন মনে হয় যদি আমি পারতাম তাদের পাশে দাঁড়াতে! হয়তো আমার ছোট্ট একটি সাহায্যই কারো জন্য বড় সুখ হয়ে উঠতে পারে। একটি খেজুর, একটি রুটি বা এক গ্লাস শরবত অল্প কিছু খাবার। কখনো কখনো এই ছোট জিনিসগুলোই একজন ক্ষুধার্ত মানুষের কাছে অমূল্য হয়ে ওঠে।আমার মনে হয়, রমজানের আসল সৌন্দর্য এখানেই। এই মাস আমাদের শেখায় অন্যের কষ্ট অনুভব করতে, অন্যের পাশে দাঁড়াতে এবং নিজের সামান্যটুকুও ভাগ করে নিতে। কারণ সত্যিকারের আনন্দ তখনই আসে, যখন নিজের সুখের সাথে অন্যের সুখও জড়িয়ে যায়।তাই আমার চোখে রমজান শুধু ইফতার আর রোজার মাস নয়। এটি সহানুভূতির মাস, মানবতার মাস। এই মাস আমাকে বারবার মনে করিয়ে দেয়—পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কষ্টে আছে, আর আমাদের ছোট্ট সাহায্যই হয়তো তাদের জীবনে একটু আলো এনে দিতে পারে।এই কারণেই আমার চোখে রমজান হলো ভালোবাসা, মানবিকতা, সুন্দর আচরণ আর একে অপরের সাথে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার এক মহিমান্বিত পবিত্র শিক্ষা।
...সমাপ্ত...

Comments

    Please login to post comment. Login