Posts

নিউজ

মার্কিন প্রেসিডেন্টদের লেখা বই নিষিদ্ধ করেছে টেক্সাসের স্কুল

March 17, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
18
View

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিল কান্ট্রির একটি স্কুল ডিস্ট্রিক্ট প্রায় ১ হাজার ৫০০টি বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এগুলোর মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশের লেখা বইও রয়েছে। সম্প্রতি পেন আমেরিকা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।   

প্রতিবেদনে বলা হয়েছে, সান আন্তোনিও থেকে ৩০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত প্রায় ১ লাখ জনসংখ্যার দ্রুত বর্ধনশীল শহর নিউ ব্রাউনফেলসের স্কুল কর্তৃপক্ষ বইগুলো নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ বইগুলোর মধ্যে ওবামার ‘এ প্রমিজড ল্যান্ড’, ক্লিনটনের ‘মাই লাইফ’ এবং বুশের ‘ফরটিওয়ান: এ পোর্ট্রেট অব মাই ফাদার’ সহ শত শত বই রয়েছে।   

এছাড়া স্কুল ডিস্ট্রিক্ট দ্বারা নিষিদ্ধ স্মৃতিকথা বা জীবনীগুলোর মধ্যে রয়েছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘বিকামিং’ ও ‘দ্য লাইট উই ক্যারি’; মালালা ইউসুফজাইয়ের ‘আই অ্যাম মালালা’; রন চেরনোর ‘আলেকজান্ডার হ্যামিলটন’; ম্যাথিউ পেরির ‘ফ্রেন্ডস, লাভার্স, অ্যান্ড দ্য বিগ টেরিবল থিং’; ব্রিটনি স্পিয়ার্সের ‘দ্য ওম্যান ইন মি’; সিসিলি টাইসনের ‘জাস্ট অ্যাজ আই অ্যাম’; ইলহান ওমরের ‘দিস ইজ হোয়াট আমেরিকা লুকস লাইক: মাই জার্নি’।

এই নিষিদ্ধ তালিকায় বারবারা কিংসলভারের ‘ডেমন কপারহেড’, কোলসন হোয়াইটহেডের ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড’, অ্যান প্যাচেটের ‘বেল কান্তো’ এবং টমি অরেঞ্জের ‘দেয়ার দেয়ার’ সহ আরও বেশ কিছু উপন্যাসও রয়েছে।  

টেক্সাসের সিনেট বিল-১৩ অনুসারে বইগুলো নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। এই আইন অনুযায়ী স্কুল লাইব্রেরিগুলোকে ‘অশালীন’ বা ‘অশ্লীল’ বলে বিবেচিত বইগুলো সরিয়ে ফেলতে হয়। পেন আমেরিকা জানিয়েছে, এলজিবিটিকিউ এবং বর্ণবাদ সংক্রান্ত বিষয়বস্তুর অভিযোগে বইগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। 

উল্লেখ্য, মার্কিন স্কুল ডিস্ট্রিক্ট হলো স্থানীয় সরকারি সংস্থা, যা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পাবলিক স্কুলগুলো পরিচালনা করে থাকে। এগুলো স্থানীয় সরকার বা স্বাধীন সত্তা হিসেবে কাজ করে।   

Comments

    Please login to post comment. Login