মাঝেমাঝে অনেক আপাই জিজ্ঞেস করে, ছেলেদের কি গিফট দেয়া যায় যেটা তারা রেগুলার ইউজ করবে ? আপাদের তো আর আন্ডারওয়ার দেওয়ার কথা বলা যায় না, বলি মুজা দেন। আপারা হাসে, আমাকে শেখায় – শব্দটা মুজা না, মোজা …
নিত্যদিনে ব্যাচেলর ভাইয়াদের কাজে আসবে, এমন জিনিসের তালিকায় মুজার সিরিয়াল এক কি দুই নম্বরে রে ভাই !
১/ বনানী ফ্লাইওভার তখনো হয়নি। এক রোজার দিনে বিআরটিসির এসি বাসে করে কাকলী থেকে নিকুঞ্জে যাচ্ছি। ঝুম ঝুমায়ে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট পানিতে থইথই। রোজার দিন, অফিসের ছুটি, পানিতে ভেসে যাওয়া শহরে বীভৎস জ্যাম । তারপর বাসে মানুষের এমন ভিড়, মনে হতেই পারে - মাগরিবের ওয়াক্তে আল্লাহ দুনিয়া ভাইঙ্গা দিবেন। লাস্ট বাসে চড়ে আমরা বেহেস্তে যাচ্ছি !
হঠাৎ শুনি সামনের দিকে আপামনিদের কিউকিউ-মিউমিউ। প্রথমে আস্তে, এরপর হুট করে হাউমাউ চিৎকার। হতে পারে ভিড়ের মধ্যে কারো গায়ে ধাক্কা লেগেছে – ঢাকার বাসে তো এটা নিত্য ব্যাপার। কিন্তু না, কান পাততেই শুনি আপারা ‘ এই মা, ছিঃ কি গন্ধ, ইয়াক থু, থাকা যাচ্ছে না, এই ভাই- এই যে মিস্টার’ জাতীয় চ্যাচামেচি করছেন। উকি দিয়ে দেখি, মানুষের সমুদ্রে এক ভাই কাঁচুমাচু হয়ে দাড়িয়ে আছেন। গলায় SIBL এর অফিসার আইডি কার্ডের রিবন। তাকে ঘিরে চুপ করে দাড়িয়ে অন্য নিরুপায় ভাইয়েরা। বৃষ্টির দিনে আর্দ্র আবহাওয়া, এর মধ্যে পানিতে জুতা ভিজে তার পা থেকে আসা গন্ধে জানালা বন্ধ এসি বাস সয়লাব। রোজা রাখলে মানুষের নাক এমনিতেই একটু সেনসিটিভ হয়ে যায় – আপুমনিরা তো পারলে বেচারা ভাইকে জানালা দিয়ে ছুড়ে ফেলে দেয়। খালি এসি বাস, জানালা বন্ধ বলে পারছেন না …
আপাদের একদফা-একদাবি মেনে, ভাইটা শেষমেষ সেই তুমুল বৃষ্টির মধ্যে জিয়া কলোনিতে মুখ কালো করে নেমে গেল। আমার ঈমান দুর্বল, ইফতারের পরে তার জন্যে দোয়া করা ছাড়া আর কিছু করতে পারি নাই …
নেমে গিয়েও বেচারার কপালে শান্তি জুটে নাই। এক আন্টি মার্কা আপা দেখি সমানে চেচিয়েই যাচ্ছেন, ‘ পুরুষ মানুষ খবিশের জাত। অপরিষ্কার। উনার পায়ে চিকা মরা গন্ধ। রোজা রাখসি, বমি আসতেছে, আপনাদের কথা ভেবে বমিও করতে পারছি না। একটা পুরুষ যাত্রীও কোন কথা বলল না ক্যান … হ্যান ত্যান হ্যান ত্যান …’
২/ প্রায় অফিসে স্যারেরা জুতা খুলে স্পঞ্জের স্যান্ডেল পড়ে হাটেন। বিশেষ করে ব্যাংকে। আমি একটা ব্যাংকে গিয়েছি। আমার সাথে আছে আমার খালাতো ভাই সায়েম। শীতের শেষ। নাকে একটা বাজে গন্ধ আসছে, ছেলে মানুষ বলে সহজেই বুঝে নিয়েছি কাহিনী কি। গন্ধটা মাঝেমাঝে লাগে, অনেক সময় লাগে না।
-ভাইয়া, তুমি কি গন্ধ পাচ্ছো ?
- হু
- স্মেলটা erratic, খেয়াল করসো ?
ইংলিশ মিডিয়ামের পোলাপাইন নিয়ে এই এক ঝামেলা। তার দিকে ভালো করে তাকাতেই সে বলা শুরু করলো, ‘ ঐযে দেখো, লোকটা পা নাচ্চাচ্ছে। বাতাসে অসিলেশান হচ্ছে। পজিটিভ হাফ সাইকেলের স্মেল তুমি নাকে পাচ্ছো, নেগেটিভ সাইকেলের স্মেল সেভাবে পাচ্ছো না। একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে … ‘
ইদ উপহার হিসেবে একটা ছোট্ট বাচ্চা আমাকে মোজা গিফট করেছে। মোজায় লেখা My Best Friend. ফিলিপাইন বেড়াতে গিয়েছিল বাবা-মায়ের সাথে, সেখান থেকে কেনা।
আমাকে অবশ্য এমনিতে কেউ কিছু দেয় না। আমার মনে হয় আর কিছু না পেলেও সমস্যা নাই এই জীবনে ...
-রাকীবামানিবাস
২০শে মার্চ, ২০২৬
