
বর্তমান বাংলা সিনেমাতে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হয়, চর্চা হয় যা হচ্ছে ভায়োলেন্স। নায়কদের নিজস্ব মনস্তাত্ত্বিক রাগ যেনো বিভিন্ন নৃশংসতার মাধ্যমে ফুটিয়ে তোলায় যেনো চলচ্চিত্রের মূল ভাষা। অনেকের ধারণা এই ভায়োলেন্স দৃশ্যের প্রবর্তন হালের জনপ্রিয় সিনেমা অ্যানিমেল, মার্কো থেকে অনুপ্রাণিত সেইসাথে গল্পের গাঁথুনিও। দর্শক হিসেবে সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে সেদিকে আমি কার্পণ্য করছি না কিন্তু বর্তমানে দেশীয় কর্মাশিয়াল সিনেমার মধ্যে ভায়োলেন্সের সাথে গল্পেরও যে মেলবন্ধন রয়েছে তা আসলেই বলা যায়। কারণ একটা সময় কর্মাশিয়াল সিনেমার মধ্যে গল্পের অভাব চোখে পড়ার মতো ছিলো। কিন্তু কর্মাশিয়াল সিনেমাও যে একটা আর্ট সিনেমার মতো চোখে আঙ্গুল রেখে গল্প বলতে সে ভাষা শিখিয়েছিল আমাদের গণমানুষের নায়ক মান্না। শুধু যে মান্না গণমানুষের হয়ে কথা বলতো তা নয়, আজকের জেনারেশনের হয়তো অনেকেই জানে না ভায়োলেন্স সিনেমার মধ্যে আলাদা বেঞ্চমার্ক তৈরি করা যায় সে বিষয়টি শিখিয়েছিলেন মান্না। কিন্তু তার মৃত্যুর পর সেই ছিটেফোঁটাও যেনো কোথাও হারিয়ে গিয়েছিল। হালের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী দিয়ে শুরু এরপর তাতে মেহেদী হাসান হৃদয় সহ যোগ হয়ে নতুন আঙ্গিকে ফিরিয়ে এনেছেন। কিন্তু ভায়োলেন্স সিনেমার মধ্যে দেখতে পাচ্ছি আমরা মূলত নৃশংসতার সাথে কাটাকাটি কিংবা বিভিন্ন বড় মেশিনগান থেকে ছোড়া গুলি। কিন্তু এইসবের উর্দ্ধেও ভায়োলেন্সকে নিজের চোখ, কথার বলার দৃষ্টিভঙ্গি এবং নিজের হাঁটাচলা এবং অতিমাত্রার ভায়োলেন্স শো না করেও পরিমিত ভায়োলেন্স দেখিয়ে মান্না সেইসব খেটে খাওয়া মানুষদের কথা বলতেন যাদের সমাজব্যবস্থার আবর্জনা হিসেবে ধরা হতো। তাই তিনি বনে গিয়েছিলেন গণমানুষের নায়ক। কিন্তু একজন সিনেমাপ্রেমি এবং সাংবাদিকতা ও গণমাধ্যমের শিক্ষার্থী হিসেবে তিনি আমার চোখে ছিলেন দ্য গডফাদার অফ ভায়োলেন্স ফিল্ম।
বর্তমান মিডিয়া পাড়ায় নতুন সিনেমা নিয়ে যেরকম একদিকে বিভিন্ন দৃষ্টিনন্দন আলোচনা হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে বাইরের ভায়োলেন্স সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশে ভায়োলেন্স সিনেমা হচ্ছে তা নিয়েও হচ্ছে যার যার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আলোচনা-সমালোচনা। কিন্তু এতো আলোচনা এবং সমালোচনার ভিড়ে আমি আজকে বাংলা সিনেমার ভায়োলেন্সকে আর্ট হিসেবে দেখানো মান্নার কিছু আলোচিত সিনেমা নিয়ে কথা বলতে চাই। যা দিয়ে প্রমাণ করেছিলেন ভায়োলেন্স এবং গল্প দুটোই কেনো যুক্তিযুক্ত কর্মাশিয়াল সিনেমায় সেইসাথে এটিও বলতে চাই হালের জনপ্রিয়তা পাওয়া বরবাদ, রাক্ষস কিংবা তুফান বা তান্ডব সিনেমাতে দর্শক যে ভায়োলেন্স সিনেমার সাথে পরিচয় হয়েছে সেই ভায়োলেন্স সিনেমার সাথে বাংলা সিনেমা পরিচয় হয়েছিল অনেক আগেই। ভায়োলেন্স সিনেমার সাথে বাংলা সিনেমা প্রথম পরিচয় হয় বাংলা সিনেমার অ্যাকশন কিং খ্যাত নায়ক জসীমের হাত ধরে। বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক মনে করা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জসিমকে। সিনেমায় ‘খলনায়ক’র অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও অ্যাকশন সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ‘নায়ক’ হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে এই ভায়োলেন্স সিনেমার ল্যাগেসি টেনে নিয়ে যায় গণমানুষের নায়ক মান্না। জসীম মূলত ছিলেন বাংলাদেশের অ্যাকশন ধারার পথিকৃৎ। ৮০–এর দশকে তিনি “অ্যাংরি হিরো” ইমেজ তৈরি করেন- মারামারি, প্রতিশোধ, গ্রাম-শহরের দ্বন্দ্ব- এসব ছিল তাঁর সিনেমার প্রধান উপাদান। তবে তাঁর ছবিগুলোতে ভায়োলেন্স থাকলেও সেগুলো অনেক সময় সরল, আবেগমিশ্রিত এবং কিছুটা মেলোড্রামাটিক ছিল।
অন্যদিকে মান্না ৯০- এর দশক ও ২০০০-এর শুরুর দিকে সেই ধারাকে আরও বিস্তৃত ও আধুনিক করেন। তাঁর সিনেমাগুলো মূলত রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস, আন্ডারওয়ার্ল্ড, সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই; আরও তীব্র ও স্টাইলাইজড অ্যাকশন ছিলো।ফলে তাঁর ছবিতে ভায়োলেন্সের মাত্রা ও উপস্থাপন- দুইই তুলনামূলকভাবে বেশি এবং তীক্ষ্ণ।আরও একটি পার্থক্য হলো- জসীম যেখানে অ্যাকশনের ভিত্তি গড়ে দেন, মান্না সেখানে সেই ধারাকে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে যান এবং সময়ের বাস্তবতার সঙ্গে মিলিয়ে আরও “হার্শ” বা কঠোর রূপ দেন।তাই বলা যায়, জসীম অ্যাকশন ধারার সূচনা ও ভিত্তি করে দিলেও মান্না সেই ধারায় বিশদ বিস্তার, তীব্রতা ও আধুনিকীকরণ করেছেন। তবে দু’জনই নিজ নিজ সময়ে দর্শকদের কাছে সমানভাবে প্রভাবশালী ছিলেন- এটা অস্বীকার করার সুযোগ নেই।কিন্তু আফসোসের বিষয় হলো মান্নার গভীর, প্রভাবশালী কণ্ঠের শক্তিশালী অভিনয় এবং গল্পের সঙ্গে মিশে থাকা ভায়োলেন্সের তীক্ষ্ণ তীব্রতা সামনে থেকে উপভোগ করার সৌভাগ্য আমার যেমন হয়নি, ঠিক তেমনি এই প্রজন্মের কারোরই হয়নি তা নিঃসন্দেহে বলা যেতেই পারে।বাংলা সিনেমায় ভায়োলেন্সের যে আধুনিক প্রবণতা আজ চোখে পড়ে, তার শিকড় অনেকটাই প্রোথিত নব্বইয়ের দশকের সেই রূপান্তরমুখী সময়টিতে- যেখানে মান্না এক নতুন ভাষা তৈরি করেছিলেন। তিনি শুধু অ্যাকশন নায়ক ছিলেন না; বরং ভায়োলেন্সকে এক বহুমাত্রিক প্রকাশভঙ্গিতে রূপ দিয়েছিলেন, যা কেবল মারামারি বা রক্তপাতের গণ্ডিতে আটকে ছিল না।
মান্নার পর্দা-ব্যক্তিত্বে ভায়োলেন্স ছিল এক ধরনের উপস্থিতি- কণ্ঠের দৃঢ়তায়, সংলাপের উচ্চারণে, চোখের দৃষ্টিতে, এমনকি হাঁটার ভঙ্গিতেও। তাঁর দরাজ কণ্ঠে উচ্চারিত সংলাপ যেন নিজেই এক শক্তির প্রতীক হয়ে উঠত। তিনি যখন পর্দায় এগিয়ে আসতেন, তখন তা শুধু একজন নায়কের আগমন হতো না- বরং এক অদৃশ্য চাপ তৈরি হতো, যা ভিলেনের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে দিত।তার অভিনয়ে রাগের বহিঃপ্রকাশ ছিল নিয়ন্ত্রিত, অথচ তীক্ষ্ণ। চোখের চাহনি, মুখাবয়বের সূক্ষ্ম পরিবর্তন- এসবের মাধ্যমেই তিনি সংঘাতের তীব্রতা প্রকাশ করতেন। ফলে, ভায়োলেন্স তাঁর ক্ষেত্রে কেবল দৃশ্যমান ক্রিয়া নয়, বরং এক মানসিক ও আবেগিক শক্তির রূপ লাভ করেছিল।একইসঙ্গে, তাঁর অ্যাকশন ছিল স্টাইলনির্ভর, কিন্তু কখনোই অপ্রয়োজনীয় মাত্রায় অতিরঞ্জিত নয়। বরং পরিমিত ও পরিকল্পিত ব্যবহারেই তিনি দৃশ্যগুলোকে বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী করে তুলতেন। এই সংযমই তাঁর অভিনয়কে আলাদা মাত্রা দিয়েছে- যেখানে ভায়োলেন্স দর্শকের উপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং অনুভব করানো হয়েছে।আজকের প্রেক্ষাপটে যখন ভায়োলেন্স অনেক সময় কেবল দৃশ্যমান উত্তেজনায় সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন মান্নার সেই উপস্থাপন আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। কারণ তিনি দেখিয়েছিলেন-সহিংসতা কেবল হাতের আঘাতে নয়, ব্যক্তিত্বের শক্তিতেও প্রকাশ পেতে পারে।একজন সিনেমাপ্রেমীর দৃষ্টিকোণ থেকে তাই মান্না শুধু একজন জনপ্রিয় নায়ক নন; তিনি বাংলা সিনেমায় ভায়োলেন্সের এক নতুন নন্দনতত্ত্বের প্রবর্তক- যাকে নিঃসন্দেহে “দ্য গডফাদার অফ বাংলাদেশী ভায়োলেন্স ফিল্ম” কিংবা প্রকৃত অর্থেই এক ‘আলফা মেল’ উপস্থিতি বলা যায়।
আশির দশকে বাংলা চলচ্চিত্রে নতুন মুখের সন্ধানে যে কজন অভিনেতা সত্যিকার অর্থেই আবিষ্কার হয়ে উঠেছিলেন, মান্না ছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম। পুরো নাম এ এস এম আসলাম তালুকদার মান্না; শুরুতে একক নায়ক হিসেবে তেমন শক্ত অবস্থান গড়ে তুলতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গড়ে তিনি হয়ে ওঠেন ঢালিউডের নির্ভরতার প্রতীক।২০০৮ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত যে শীর্ষস্থান তিনি ধরে রেখেছিলেন, সেখানে পৌঁছাতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে এক যুগেরও বেশি সময়। আশির দশকে আগমন, অথচ পুরো নব্বইয়ের বড় অংশটাই কেটেছে লড়াইয়ে। তখন ইন্ডাস্ট্রিতে সিনিয়রদের রাজত্ব- জসিম, ইলিয়াস কাঞ্চন- আর মাঝখানে ঝলসে উঠলেন অমর নায়ক সালমান শাহ, যিনি ১৯৯৩-৯৬ সময়কালে টপ পজিশনে। নিজের পরের প্রজন্মের নায়কের সাফল্য দেখেও মান্নাকে ধৈর্য ধরতে হয়েছে।এটাই তাঁকে আলাদা করে। কারণ মান্নার স্বপ্ন ছিল একটাই- শীর্ষস্থান। আর তিনি জানতেন, শর্টকাটে নয়, লং রানে জিততে হবে।বক্তব্যধর্মী ছবির ‘ম্যাচিউর’ নায়ক ছিলেন মান্না। ক্যারিয়ারের শুরুতেই তাঁকে নিয়ে আলোচনা হয়েছিল - ‘ছেলেটা বেশ ম্যাচিউর অভিনয় করে।’ সেই ম্যাচিউরিটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে সমাজবাস্তবতার ছবিতে। তবে মান্নার ক্যারিয়ারের প্রকৃত বাঁক আসে নির্মাতা কাজী হায়াতের সঙ্গে জুটি বাঁধার মাধ্যমে। এই জুটিই তাঁকে অ্যাকশন, প্রতিবাদী ও মানবিক চরিত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল ছবিতে কাজ করলেও মান্না সব সময় নিখুঁত স্ক্রিপ্ট বাছাই করতে পারেননি। একসময় অশ্লীলতার জোয়ার তাঁর ক্যারিয়ারেও লাগে, যদিও পরবর্তীতে তিনি নিজেই এর বিরুদ্ধে সোচ্চার হন। শুধু অভিনেতা হিসেবেই নয়, প্রযোজক হিসেবেও তিনি ছিলেন সফল। মৌসুমী ও শাবনূরকে প্রথম এক ফ্রেমে আনার সাহসী উদ্যোগ নিয়েছিলেন তিনিই। অকাল প্রয়াণ না হলে ঢালিউড হয়তো আরও অনেক শক্তিশালী মান্না-ছবি উপহার পেত।
জীবনের শেষদিকে এসে ‘কাবুলীওয়ালা’ (২০০৬) ছবির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেন, কেন তিনি এই ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে আফগান কাবুলিওয়ালার চরিত্রে তাঁর সংবেদনশীল অভিনয় দর্শক ও সমালোচকদের মুগ্ধ করে। শিশুশিল্পী দীঘির সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন ছবিটিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।ভুল-ভ্রান্তি, সাফল্য-ব্যর্থতার মধ্য দিয়েও মান্না হয়ে উঠেছিলেন ঢালিউডের এক অবিচ্ছেদ্য অধ্যায়। অকালেই থেমে গেলেও তাঁর কিছু ছবি, কিছু চরিত্র আর কিছু দৃশ্য আজও প্রমাণ করে-মান্না শুধু একজন জনপ্রিয় নায়ক নন, তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক শক্ত স্তম্ভ।এমনকি ব্যান্ড তারকা জেমসকে ‘মনের সাথে যুদ্ধ’ ছবিতে গান গাওয়ার জন্য রাজি করানোর কৃতিত্বও মান্নার। অনেকে বলেন, ইন্ডাস্ট্রির ‘মেকানিজম’ তিনি ভেতর থেকে বুঝতেন। তাই সহকর্মীদের কাছে তিনি ছিলেন ‘গবেষক নায়ক’।যেমনটা বলা হয় জসিমকে নিয়ে- চলচ্চিত্রই ছিল তাঁর ধ্যানজ্ঞান; মান্নাও তেমনই। শুটিং প্যাকআপের পর বসতেন পরের ছবির পরিকল্পনায়। কীভাবে আগের চেয়ে বড় সাফল্য আনা যায়- এই ছিল তাঁর চিন্তা।তিনি চলচ্চিত্র ছাড়া আর কিছু ভাবতেন না। তাই তাঁর ক্যারিয়ারে গণমানুষের উপযোগী ছবির সংখ্যাই বেশি। আর সেখানেই তিনি হয়ে ওঠেন গণমানুষের নায়ক।মান্না অভিনীত অনেক সফল ছবির পরিচালক কাজী হায়াৎ এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন , ‘মান্না পোড় খেতে খেতে ঢাকার চলচ্চিত্রশিল্পে বড় হয়েছে। একটি ছবি মুক্তি পেয়েছে, তারপর সিনেমা হলে গিয়ে পড়ে থেকেছে। ছবি না চললে কেঁদেছে। যেন পরীক্ষায় ফেল করেছে। নায়ক মান্না এমনি করে মানুষের কাছে নিজেকে মেলে ধরে ভালোবাসা আদায় করে নিয়েছে

মান্না কেবল একজন সফল নায়ক নন; তিনি একটি সময়ের প্রতীক। দীর্ঘ স্ট্রাগল, বহুমাত্রিক কাজ, প্রযোজনা-বোধ, বাজার বিশ্লেষণ, আর বক্তব্যধর্মী ছবিতে শক্ত অবস্থান- সব মিলিয়ে তিনি ঢালিউডের এক পূর্ণাঙ্গ অধ্যায়।ভবিষ্যতে তাঁর কাজ নিয়ে গবেষণা হবেই। কারণ সর্বশ্রেণির দর্শক তাঁকে গ্রহণ করেছিল। আর সেটাই তো শেষ কথা- নায়ক কেবল পর্দায় বড় হলেই হয় না, দর্শকের হৃদয়ে জায়গা করতে হয়। সেই জায়গাটাই জয় করেছিলেন মান্না।শাকিব খান যখন নিজের অবস্থান তৈরি করছেন, তখন মান্নার সঙ্গে কয়েকটি ছবিতে দেখা যায় তাঁকে। মান্না বুঝেছিলেন- দুজন এক ফ্রেমে থাকলে দর্শক গ্রহণ করবে। সেটাই হয়েছিল।মান্না কেন এত জনপ্রিয় ছিলেন? প্রত্যেক মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে যা পূরণ হয় না। প্রত্যেক মানুষেই জীবনে কিছু ক্ষেত্রে বঞ্চিত হয়। এই বঞ্চিত মানুষগুলো যখন পর্দায় মান্নাকে নিজের অধিকার আদায় করতে দেখেছে তখন তারা মান্নাকে অধিকার বঞ্চিতদের প্রতিনিধি ভেবেছে। পর্দায় অধিকার আদায়ের জন্য মান্নার সংগ্রামের সুবাদেই সাধারণ মানুষের আপন হয়ে ওঠেন তিনি। দর্শকদের মনে এই রকম প্রভাব কম অভিনেতাই ফেলতে পারে।তখন ও ঢালিউডে শাকিব খান যুগ শুরু হয়নি। রোমান্টিক ছবির নায়ক হিসেবে ঢালিউডকে রিয়াজ টেনে নিয়ে গেলে অ্যাকশন হিরো হিসেবে টেনেছেন মান্না। অশ্লীল ছবির বিরুদ্ধে তাঁর বজ্র কন্ঠ ছিল। মান্নাকে কেন্দ্র করে পরিচালকেরা রাজনৈতিক প্রেক্ষাপট এর ছবি বানাতেন।মান্না মারা যাওয়ার পর মনে দাগ কাটা সেই রকম রাজনৈতিক প্রেক্ষাপট এর ছবি আর কোথায় হল? আমিন খান, অমিত হাসানরা চেষ্টা করেছেন বটে কিন্ত দর্শকদের মান্না যে ফ্লেভার দিতেন তা আর তারা পারেননি। রিয়াজ গুটিয়ে নিয়েছেন নিজেকে, মান্না নেই। ফলে ফিল্মেও ধস নেমেছিল। এরপর দীর্ঘদিন ধরে এখন পর্যন্ত বাংলা সিনেমাকে নিজের পরিবারের মতো একাই টেনে নিয়ে গেলেন শাকিব খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুজন শিক্ষক এবং বেশ কিছু শিক্ষার্থী দীর্ঘদিন বাংলা চলচ্চিত্র নিয়ে গবেষণা করছিলেন। তাঁদের সে গবেষণার লিখিত রূপ ‘বাংলাদেশের চলচ্চিত্রশিল্প: সংকটে জনসংস্কৃতি’। এ বইতে লেখা হয়েছে, ওই সময়ে জনপ্রিয়তার বিচারে আর কোনো নায়ক বা নায়িকা মান্নার মতো এত সমর্থন পাননি। বইটিতে বর্তমান দশকের ‘আইকন অভিনেতা’ বলে মান্নাকে শনাক্ত করেছেন গবেষকেরা। অধ্যাপক গীতি আরা নাসরীন বাংলাদেশের চলচ্চিত্রশিল্প: সংকটে জনসংস্কৃতি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গবেষণার কাজে যখন আমরা ঢাকা ও আশপাশের সিনেমা হলসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষাগৃহে গিয়েছি, তখন দেখেছি, মান্না হচ্ছেন একমাত্র অভিনেতা, যাঁকে পর্দায় দেখা গেলে তুমুল করতালি পড়ে। প্রেক্ষাগৃহের দর্শকদের নিয়ে আমরা জরিপ করেছি, তাঁদের শতকরা ৪৫ জন বলেছেন, তাঁদের প্রিয় নায়ক হলেন মান্না।তাঁদের প্রায় সবাই একটি জায়গায় একমত ছিলেন যে, দর্শকদের খুব চেনা মনে হতো মান্নাকে। তথাকথিত সুদর্শন এবং ‘শুদ্ধ’ ভাষার ও নম্র সুরে কথা বলা ভালো ছাত্র ও ভদ্রলোকের চরিত্রে নয়, বরং মান্নার প্রায় সব সিনেমায় দর্শক মান্নাকে পেয়েছেন ক্ষমতাশালীর বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায়। কোনো সিনেমায় মান্না সন্ত্রাসী লালনকারী রাজনৈতিক নেতার বিরুদ্ধে যুদ্ধরত সৎ পুলিশ কর্মকর্তা, কোনো সিনেমায় অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে বস্তি রক্ষায় নিয়োজিত প্রতিবাদী যুবক, কখনো ধনীর ধন কেড়ে এনে গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া রবিনহুড। পর্দায় তাঁকে দেখা গেছে, ধর্ষককে খুন করতে। কুচক্রী প্রভাবশালীদের দমাতে। এসব দেখে সমাজের অসহায় শ্রেণির দর্শকেরা সাময়িক শান্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন। বাস্তবে তাঁরা যা করতে পারেন না, পর্দায় তাঁদের প্রতিনিধি হয়ে মান্না সেসব করে দেখিয়েছেন। মান্না যেন নিম্নবর্গের দর্শকের কাছে তাঁদের একমাত্র কণ্ঠস্বর।তাছাড়াও মান্নার অ্যান্টি হিরো রোল ছিলো সবার থেকে আলাদা। আঞ্চলিক ভাষার মিশেলে মান্না অ্যান্টি হিরো রোলকে আইকনিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তিনি যেমন পর্দায় কুচক্রী প্রভাবশালীদের দমাতেন ঠিক তেমনি অ্যান্টি হিরো রোলে নিজেও সমান অস্থিরতা দেখাতে পারতেন তবে অ্যান্টি হিরো রোলেও যে মানবিকতা থাকে সেটি তিনি আলাদা ইমোশন দিয়ে দেখিয়েছিলেন। তখনকার সময়ে বাংলাদেশী সিনেমাতেও অ্যান্টি হিরো রোলটা অতোটা সুপরিচিত ছিলো না। মান্নার আগে এই অ্যান্টি হিরো রোলকে বাংলা সিনেমায় পরিচিত করান বাংলা সিনেমার অভিভাবক নায়ক রাজ রাজ্জাক।সুদীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক ও অ্যাকশনধর্মী নায়কের ভূমিকার পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে অ্যান্টি-হিরো রোলে অভিনয় করে অভিনয়ের গভীরতা প্রমাণ করেছিলেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা 'রংবাজ', যেখানে তিনি প্রচলিত ধারার বাইরে গিয়ে অ্যাকশনধর্মী অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করেন।পরে নায়ক মান্নায় সে রোলকে জনপ্রিয় পর্যায়ে নিয়ে যান।স্বাধীনতার পর প্রায় নব্বই দশক পর্যন্ত ঢাকার বেশির ভাগ সিনেমার নায়কেরা মূলত মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করেছেন। পরীক্ষায় ভালো ফল করে, ভালো চাকরি করতেন। কিন্তু মান্নার চরিত্রগুলো সে রকম ছিল না। তাঁর চরিত্রটি ছিল বরং উঁচু আওয়াজের খ্যাপাটে যুবকের। প্রায়ই সংলাপে থাকত খিস্তিখেউড়, আচরণে অস্থিরতা। বড় ডিগ্রি নিয়ে বড় চাকরি নয়, পর্দায় তার তাঁর সাফল্যের মাপকাঠি ছিল সমাজের অন্যায়কারীদের পরাজিত করা। মূলত এসব কারণেই খুব সহজে মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন মান্না।কিন্তু, হায়! আমাদের সেই মান্না এখন মাত্র ৪৪ বছর বয়সেই টাঙ্গাইলে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। জীবনানন্দ দাশ এর কবিতার লাইন যেন বেশ মানিয়ে যায়- একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। তখনকার দিনের সবচেয়ে জনপ্রিয় নায়ক মান্নাকে ছাড়া কেটে গেল এক যুগেরও বেশি সময়। মোটেও ভালো কাটেনি। আজও ভালো নেই মান্নাকে ছাড়া ঢাকার চলচ্চিত্রভুবন। ভালো নেই এফডিসি, ভালো নেই প্রেক্ষাগৃহ। ভালো নেই মান্নার সহশিল্পীরা। চলচ্চিত্র অঙ্গনে এখনও মান্নাকে ছাড়া শুধুই হাহাকার। মান্নাশূন্যতা পূরণ হয়নি আজও।
আজ আমি এক ধরনের দুঃসাহস নিয়েই কলম ধরছি। মান্নার অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা রয়েছে- যেগুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। কিন্তু আজকের এই লেখায় আমি সেসব বহুলচর্চিত ছবির ভিড় থেকে একটু সরে দাঁড়াতে চাই। বরং আলোকপাত করতে চাই সেইসব কাজের ওপর, যেখানে ভায়োলেন্স কেবল বিনোদনের উপাদান হয়ে ওঠেনি, বরং নিজের এক স্বতন্ত্র ভাষা ও উদ্দেশ্য নিয়ে পর্দায় উপস্থিত হয়েছে।মান্নাকে নিয়ে কিছু লেখা- এটা একসময় আমার কল্পনারও বাইরে ছিল। কারণ তিনি শুধু একজন অভিনেতা নন, এক প্রজন্মের অনুভব, এক ধরনের পর্দা-ব্যক্তিত্ব, যাকে শব্দে বাঁধা সহজ নয়। তবু এই প্রয়াস- একজন দর্শক হিসেবে, একজন সিনেমাপ্রেমী ও গণমাধ্যমের শিক্ষার্থী হিসেবে-এই লেখা তাঁর জন্যই- একটি ছোট্ট ট্রিবিউট।এই লেখাটি তাই নিছক বিশ্লেষণ নয়, বরং এক নীরব স্বীকারোক্তি। সেই অভিনেতার প্রতি, যিনি ভায়োলেন্সকে নতুন অর্থে সংজ্ঞায়িত করেছিলেন; যিনি দেখিয়েছিলেন, শক্তি শুধু দৃশ্যে নয়, উপস্থিতিতেও নিহিত।

বিশেষ দ্রষ্টব্য: আম্মাজান
মান্নার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় নিঃসন্দেহে ‘আম্মাজান’ (১৯৯৯)। কাজী হায়াত পরিচালিত এই ছবিতে তিনি একজন মাতৃভক্ত সন্তানের চরিত্রে এমন গভীর অভিনয় করেন, যা আজও দর্শকের চোখ ভিজিয়ে দেয়। আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘আম্মাজান’ গানটি যেন ছবির আবেগকে আরও অমর করে তোলে। ছবিটি শুধু ব্যবসাসফলই হয়নি, জাতীয় পুরস্কারও পেয়েছে।এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত। ‘আম্মাজান’-এর জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন।আম্মাজান ছায়াছবির কারনে মান্না সেই বছর বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার এর সেরা নায়ক এর পুরষ্কার পান।‘আমার আম্মাজান, আমার লগে কথা কইছে’- এই এক লাইন, ছোটবেলা থেকে মনে ধরে আছে, টেলিভিশনের পর্দায় মান্নাকে একদিকে তার ভয়ংকর, হিংস্র রূপে দেখে বিস্মিত হয়েছি; আবার ঠিক সেই মানুষটিকেই যখন মায়ের প্রতি শিশুসুলভ নিষ্পাপ ভালোবাসায় ভেঙে পড়তে দেখেছি, তখন আবেগ আর ধরে রাখা সম্ভব হয়নি।শোনা যায়, তখনকার সময়ে সিনেমা হলে নাকি অনেকেরই সেই সীনে সবাই চোখ ভিজিয়ে ছিল, কেউ কেউ শাড়ির আঁচল মুখে গুঁজে কেঁদেছিল। সময়ের সঙ্গে সেই মুহূর্তগুলো যেন আরও স্মৃতিময় হয়ে উঠেছে এবং ভুলে যাওয়া এখনো অসম্ভব।“আম্মাজান”- বাংলা সিনেমায় আবেগ ও ভায়োলেন্সের এক বিরল মেলবন্ধন, যেখানে মান্না তাঁর পর্দা-ব্যক্তিত্বকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। এই চলচ্চিত্রে ভায়োলেন্স কেবল শক্তির প্রকাশ নয়; বরং এটি আবেগ, আনুগত্য, ভালোবাসা এবং প্রতিশোধের এক জটিল রূপক- যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন ‘বাদশাহ’।
সাদা- যা সাধারণত পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক- মান্নার উপস্থিতিতে এখানে হয়ে ওঠে প্রতিশোধের রঙ। পুরো চলচ্চিত্রে তাঁর সাদা পাঞ্জাবি যেন এক ক্যানভাস, যেখানে অন্যায়ের বিরুদ্ধে তাঁর প্রতিটি আঘাত রক্তের দাগ হয়ে ফুটে ওঠে। এই ভিজ্যুয়াল বৈপরীত্যই “আম্মাজান”-এর ভায়োলেন্সকে আলাদা করে- এখানে রক্ত শুধু ধ্বংসের চিহ্ন নয়, বরং এক ধরনের ন্যায়বোধের প্রতীক হয়ে দাঁড়ায়।একটি ছুরি- এই সীমিত অস্ত্র নিয়েই মান্না যে ভয়ের আবহ তৈরি করেছেন, তা তাঁর অভিনয়ের গভীরতার প্রমাণ। তিনি দেখিয়েছেন, ভায়োলেন্স অস্ত্রের বহরে নয়, বরং ব্যবহারের উদ্দেশ্য ও মানসিকতায় নিহিত। তাঁর আঘাত কখনো বেপরোয়া নয়; বরং ঠান্ডা, হিসেবি, এবং প্রায় নীরব। এই নীরবতাই তাঁর সহিংসতাকে আরও ভয়ংকর করে তোলে।চরিত্রটির আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হলো তার মায়ের প্রতি অগাধ আনুগত্য। ‘মা-পাগল’ ছেলের এই রূপে মান্না যেমন কোমল, তেমনি ভয়ংকর। মায়ের সামান্য ইচ্ছাকেও তিনি আদেশ হিসেবে গ্রহণ করেন- এবং সেই আনুগত্যই কখনো কখনো তাকে ঠেলে দেয় অন্ধ প্রতিশোধের দিকে।ভালোবাসা এখানে আশ্রয় নয়, বরং অনেক সময় ধ্বংসের প্রেরণা হয়ে ওঠে। মৌসুমীর চরিত্রকে কেন্দ্র করে তাঁর যে অস্থিরতা, তা এই অ্যান্টি-হিরো সত্তাকে আরও উন্মোচিত করে।মান্নার ভায়োলেন্সের আরেকটি বড় দিক তাঁর কণ্ঠ ও সংলাপপ্রদান। কখনো তিনি নিচু স্বরে, আবার দরাজ কন্ঠে উচ্চস্বরে- যা ভয়ের আবহ তৈরি করে। আবার প্রয়োজন হলে গলা উঁচু করে নিজের আধিপত্য ঘোষণা করেন।আমি বাদশাহ, আমাকে এই লাইনে(আন্ডারওয়ার্ল্ড) আসতে কেউ ব্যাক আপ করে নাই, আমি নিজেই বাদশাহ হয়ছি রে, আমি কেমনে আসছি ওরে (সৃষ্টিকর্তাকে)জিগা।এই সংলাপটি নিছক আত্মপরিচয়ের প্রকাশ নয়; বরং এটি তার নিজের গড়ে তোলা ক্ষমতা, প্রভাব ও আধিপত্যের এক সুস্পষ্ট ঘোষণাপত্র।যেখানে উঠে আসে তাঁর সংগ্রাম, একাকিত্ব এবং নিজের তৈরি করা পরিচয়ের অহংকার। তাঁর চোখের দৃষ্টি ও কণ্ঠের ওঠানামা- এই দুয়ের সমন্বয়েই ভায়োলেন্স এখানে শব্দের মধ্যেও জীবন্ত হয়ে ওঠে।
পাশাপাশি বাদশা ও নবাবের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। সেনসিটিভ মুহূর্ত থেকে শুরু করে তাদের বন্ধুত্ব, দায়িত্ববোধ, বোঝাপড়া, পারস্পরিক নির্ভরতা, আবেগের প্রতিফলন- সব মিলিয়ে গল্পকে আরও গভীর করে তুলেছে একদিকে ঠিক তেমনি আজও আমার হৃদয়ে আঁচড় কেটে আছে। নবাব কেবল একজন সাপোর্টিং চরিত্র নয়; তিনি ছিলেন বাদশার বিশ্বস্ত সঙ্গী, সংকট মুহূর্তের নির্ভরতার ঠিকানা, নি:শর্ত আনুগত্যের প্রতীক।নবাব চরিত্রে ছিলেন জেকি আলমগীর। দেশীয় সিনেমার অনেক সাপোর্টিং চরিত্র আড়ালে থাকলেও গল্পের আবেগ এবং শক্তি গড়ে তুলতে তারা যে ভূমিকা রাখে, তা অনেক সময় আমরা ভুলে যাই। নবাবের চরিত্রটি আমার কাছে সবসময়ই অসাধারণ লেগেছে।“আম্মাজান”-এ মান্না প্রমাণ করেছেন, ভায়োলেন্স কেবল দৃশ্যমান সংঘর্ষ নয়—এটি এক ভাষা, যা চোখে, কণ্ঠে, নীরবতায় এবং প্রতীকে প্রকাশ পায়। আর সেই ভাষাকে তিনি এমনভাবে রূপ দিয়েছেন, যা বাংলা সিনেমায় আজও এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে। তাই আম্মাজান কোনো সিনেমা নয়- এটা এক আবেগ, এক ইতিহাস।

আব্বাজান
“আব্বাজান”- শিরোনামেই এক ধরনের কর্তৃত্ব, এক অদৃশ্য ছায়াশাসনের ইঙ্গিত। আর সেই ছায়ার ভেতর দাঁড়িয়ে মান্নার মোহাম্মদ আলী আকবর চরিত্রটি হয়ে ওঠে দ্বন্দ্বে ভরা এক অ্যান্টি-হিরোর প্রতিচ্ছবি, যেখানে ভায়োলেন্স কেবল শক্তির প্রকাশ নয়- বরং আনুগত্য, পরিচয় এবং অন্তর্দ্বন্দ্বের এক জটিল সমীকরণ। এই ছবির কারনে ২য় বার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরষ্কার পেয়েছিলেন।এই চলচ্চিত্রে মান্নার ভায়োলেন্সকে মূলত
দুই স্তরে দেখা যায়। প্রথমত, তাঁর নামের মধ্যেই এক ভয়- এক ব্র্যান্ডেড আতঙ্ক, যা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে আন্ডারওয়ার্ল্ডে নেমে আসে নীরবতা। এখানে ভায়োলেন্স দৃশ্যমান হওয়ার আগেই কার্যকর হয়ে ওঠে; তাঁর উপস্থিতিই যেন হুমকি। দ্বিতীয়ত,“আব্বাজান”-এর হুকুম বাস্তবায়নের প্রশ্নে তিনি একেবারেই আপসহীন- যে আদেশ আসে, তা পালন করাই তাঁর কাছে ধর্মের মতো। এই অন্ধ আনুগত্যই তাঁর সহিংসতাকে আরও শাণিত করে তোলে।তবে এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো- তার ভেতরের দ্বিধা। মোহাম্মদ আলী আকবর জানে, সে যে পথে হাঁটছে তা অন্ধকারের পথ। তবুও সে থামতে পারে না। কারণ এই পথই তার পরিচয়, তার অস্তিত্ব। মান্না এই টানাপোড়েনকে ফুটিয়ে তুলেছেন এক অসাধারণ সংযমে- চোখের চাহনিতে, সংলাপের ফাঁকে ফাঁকে, এমনকি নীরবতার মধ্যেও।
ভায়োলেন্স এখানে নিছক নৃশংসতা নয়; এটি এক ধরনের বাধ্যতা। তিনি যখন আঘাত করেন, তা ব্যক্তিগত রাগের বহিঃপ্রকাশ নয়, বরং দায়িত্ববোধের এক বিকৃত রূপ। কিন্তু একইসঙ্গে, তাঁর মধ্যে বারবার ফিরে আসে মানবিকতার ছায়া- ভালোবাসার আকাঙ্ক্ষা, স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছে। সেই ভালোবাসা যখন ধ্বংস হয়ে যায় সন্ত্রাসের আগুনে, তখন তাঁর ভেতরের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে।এই দ্বৈততার কারণেই মান্নার ভায়োলেন্স এখানে একমাত্রিক নয়। একদিকে তিনি ভয়ঙ্কর, অন্যদিকে ভীষণ মানবিক। তিনি যেমন আতঙ্ক সৃষ্টি করেন, তেমনি দর্শকের সহানুভূতিও আদায় করেন। নিজের কাজের জন্য নিজের কাছেই প্রশ্নবিদ্ধ হওয়ার যে প্রবণতা- সেটিই তাঁর চরিত্রকে গভীরতা দেয়।ছবিতে তাঁর এন্ট্রিই এই দ্বৈততার ঘোষণা- একদিকে তীব্র ভয়াবহতা, অন্যদিকে এক অদৃশ্য মানবিক স্পর্শ। মান্না দেখিয়েছেন, একজন সহিংস মানুষও ভেতরে ভেতরে ভাঙতে পারে, প্রশ্ন করতে পারে, ভালোবাসতে পারে।“আব্বাজান”-এ ভায়োলেন্স তাই কেবল ক্ষমতার ভাষা নয়; এটি এক শৃঙ্খল- যার মধ্যে আটকে থাকে মানুষ নিজেই। আর সেই বন্দিত্বকেই মান্না তাঁর শক্তিশালী, সংযত ও বহুস্তরীয় অভিনয়ের মাধ্যমে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

লাল বাদশাহ
“লাল বাদশা”- শিরোনামেই আছে এক ধরনের দাপট, আর সেই দাপটের পূর্ণ রূপ দেখা যায় মান্নার পর্দা-উপস্থিতিতে। তাঁর ক্যারিয়ারের শীর্ষ সময়ের এই চলচ্চিত্র শুধু বাণিজ্যিক সাফল্যের জন্য নয়, বরং ভায়োলেন্সের এক প্রদর্শনমূলক, জনমুখী রূপ নির্মাণের জন্যও বিশেষভাবে উল্লেখযোগ্য।মালেক আফসারীর নির্মাণশৈলী বরাবরই ছিল বৃহৎ ক্যানভাসনির্ভর- উচ্চস্বরে সংলাপ, নাটকীয় উপস্থাপন, আর দৃশ্যমান আড়ম্বর। “লাল বাদশা”-তে সেই ধারাটি আরও প্রগাঢ় হয়েছে। এখানে ভায়োলেন্স নিছক গল্পের উপাদান নয়; এটি দর্শক-উত্তেজনা তৈরির এক কৌশল, এক ধরনের ‘স্পেকট্যাকল’। আর সেই স্পেকট্যাকলের কেন্দ্রবিন্দুতে ছিলেন মান্না।
ছবির শুরুতেই ভরা বাজারে খুনের দৃশ্য—এবং সেখান থেকে নায়কের আবির্ভাব- একেবারেই প্রচলিত ধারার বাইরে নয়, কিন্তু উপস্থাপনায় ছিল এক তীব্রতা। মান্নার প্রবেশ যেন চরিত্রের আগমন নয়, বরং এক শক্তির ঘোষণা। তাঁর পায়ের ফ্রেম থেকে শুরু করে ধীরে ধীরে পূর্ণ অবয়বের উন্মোচন- এই নির্মাণভঙ্গি দর্শকের মধ্যে যে উন্মাদনা তৈরি করত, তা ছিল তাঁর তারকাখ্যাতিরই প্রতিফলন।এই ছবিতে মান্নার ভায়োলেন্স সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে তাঁর ‘প্রেজেন্স’-এ। তিনি যখন পর্দায়, তখন অ্যাকশন শুরু হওয়ার আগেই এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়। তাঁর সংলাপ উচ্চারণ- লাউড, অথচ নিয়ন্ত্রিত- দর্শকের কাছে শক্তির সরাসরি বার্তা পৌঁছে দেয়। চোখের দৃষ্টি, শরীরের ভঙ্গি, আর এগিয়ে যাওয়ার ছন্দ- সবকিছু মিলিয়ে তিনি ভায়োলেন্সকে এক ‘পারফরমেটিভ’ রূপ দিয়েছেন।ভিলেন গাংগুয়া, যার গেটাপে ভয়ংকরতা ছিল স্পষ্ট, তার বিপরীতে মান্না তৈরি করেছেন এক সমান্তরাল শক্তির অবস্থান। এই দ্বন্দ্ব কেবল শারীরিক সংঘর্ষে সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল আধিপত্যের লড়াই- কথায়, চোখে, উপস্থিতিতে। শাঙ্কোপাঞ্জা ও সাদেক বাচ্চুর মতো পার্শ্বচরিত্রগুলো সেই সংঘর্ষকে আরও স্তরপূর্ণ করেছে।ক্লাইম্যাক্সের ফাইট সিকোয়েন্সটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সময়ের প্রেক্ষাপটে দৃশ্যটির নির্মাণ ছিল বেশ এগিয়ে- গতি, কাট, এবং অ্যাকশনের বিন্যাসে এক ধরনের আধুনিকতার ছাপ দেখা যায়, যা আজকের দক্ষিণী সিনেমার সঙ্গেও তুলনীয় মনে হতে পারে। এখানে মান্নার ভায়োলেন্স আর শুধু গল্পের প্রয়োজন নয়, বরং এক চূড়ান্ত প্রদর্শন- যেখানে নায়ক নিজের শক্তিকে প্রতিষ্ঠা করে চূড়ান্তভাবে।“লাল বাদশা”-তে মান্না দেখিয়েছেন, ভায়োলেন্স কখনো কখনো এক ধরনের ‘স্টার ল্যাঙ্গুয়েজ’ হয়ে উঠতে পারে- যেখানে প্রতিটি সংলাপ, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আঘাত দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করে। এই সংযোগই তৈরি করেছিল তাঁর সেই সময়কার ‘ওয়ার্ড অফ মাউথ’ ক্রেজ—যা ছবিটিকে শুধু হিট নয়, এক স্মরণীয় বাণিজ্যিক ঘটনাতেও পরিণত করে।এই দৃষ্টিকোণ থেকে, “লাল বাদশা” কেবল একটি অ্যাকশন সিনেমা নয়; এটি মান্নার স্টারডম ও ভায়োলেন্স-নির্ভর পর্দা-ভাষার এক উজ্জ্বল প্রদর্শনী- যেখানে শক্তি, স্টাইল এবং দর্শক-মনস্তত্ত্ব একসূত্রে গাঁথা।

লুটতরাজ
“লুটতরাজ”- শিরোনামেই যেমন অস্থিরতা, তেমনি এর ভেতরে লুকিয়ে আছে শৃঙ্খলা প্রতিষ্ঠার এক কঠোর লড়াই। এই ছবিতে মান্না শুধু নায়ক নন, প্রযোজক হিসেবেও ছিলেন দায়বদ্ধ; আর সেই দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায় তাঁর চরিত্র নির্মাণে। তিনি এখানে একজন আদর্শ পুলিশ অফিসার-কিন্তু সেই আদর্শ কোনো নিস্তেজ, নিয়মমাফিক আনুগত্যে আটকে নেই; বরং তা আক্রমণাত্মক, সচেতন এবং প্রতিরোধমুখী।এ ছবিতেও নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার সাথে মান্নার অসাধারণ অভিনয় দেখা যায়।বাংলা সিনেমায় পুলিশ চরিত্রকে দীর্ঘদিন ধরে অনেকটাই সংযত, কখনো কখনো নিষ্ক্রিয়ভাবে দেখানো হয়েছে। “লুটতরাজ”-এ মান্না সেই প্রচলিত ছাঁচ ভেঙে দেন। তাঁর পুলিশ অফিসার আইন মানে ঠিকই, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করে না। বরং প্রয়োজন হলে কঠোর হয়ে ওঠে, সরাসরি মোকাবিলায় নামে। এই জায়গাতেই তাঁর ভায়োলেন্স আলাদা- এটি ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার অস্ত্র।রাজীবের মতো শক্তিশালী ভিলেনের বিপরীতে দাঁড়িয়ে মান্না যে ভারসাম্য তৈরি করেছেন, সেটিই ছবির অন্যতম আকর্ষণ। এই সিনেমায় সবচেয়ে বড় প্রাণ ছিলো মান্না এবং রাজীবের অভিনয়। মান্না এবং রাজীব - হোক বাবা- ছেলের চরিত্র কিংবা ভিলেন, যখনই পর্দায় এসেছেন আমাদেরকে অভিনয়ের বৈচিত্র্যে মুগ্ধ করেছে। তাঁদের সংলাপ বিনিময় কেবল কথোপকথন নয়- এ যেন দুই শক্তির সংঘর্ষ। মান্নার কণ্ঠের দৃঢ়তা, সংলাপের গতি, আর দৃষ্টির তীক্ষ্ণতা- সব মিলিয়ে তিনি এমন এক চাপ তৈরি করেন, যেখানে ভিলেনের শক্তিও চ্যালেঞ্জের মুখে পড়ে।এই ছবিতে ভায়োলেন্সের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর পরিমিতি। মান্না অপ্রয়োজনীয় অতিরঞ্জনে যাননি; বরং প্রয়োজন অনুযায়ী অ্যাকশন ব্যবহার করেছেন। তাঁর প্রতিটি আঘাত, প্রতিটি প্রতিরোধ যেন হিসেবি- যা দৃশ্যকে বাস্তবসম্মত করে তোলে। ফলে ভায়োলেন্স এখানে কেবল উত্তেজনা সৃষ্টির উপাদান নয়, বরং চরিত্রের নৈতিক অবস্থানের প্রকাশ।
আরও তাৎপর্যপূর্ণ হলো-তিনি দেখিয়েছেন, একজন আইনরক্ষকও পরিস্থিতির চাপে আগ্রাসী হয়ে উঠতে পারে, এবং সেই আগ্রাসন সবসময় নেতিবাচক নয়। কখনো কখনো সেটিই হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একমাত্র কার্যকর উপায়।“লুটতরাজ”-এ মান্নার ভায়োলেন্স তাই দ্বিমাত্রিক নয়; এটি একইসঙ্গে নৈতিক, কৌশলগত এবং প্রতীকী। তাঁর উপস্থিতি, সংলাপ, আর নিয়ন্ত্রিত অ্যাকশন- সব মিলিয়ে তিনি প্রমাণ করেছেন, শক্তি মানেই বিশৃঙ্খলা নয়; সঠিক হাতে সেই শক্তিই শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।এই চলচ্চিত্রে তিনি যে ধরণের আগ্রাসী অথচ নিয়ন্ত্রিত পুলিশ চরিত্র নির্মাণ করেছেন, তা বাংলা সিনেমায় এক অনন্য নজির হয়ে থাকবে- যেখানে ভায়োলেন্স কেবল দৃশ্য নয়, বরং ন্যায়বোধের এক শক্তিশালী ভাষা।

বোমা হামলা
“বোমা হামলা”- নামটির মধ্যেই যে বিস্ফোরণ, তার প্রতিধ্বনি সবচেয়ে বেশি শোনা যায় মান্নার চরিত্রে। এখানে তিনি আবারও পুলিশ অফিসার, কিন্তু “লুটতরাজ”-এর সংযত আগ্রাসন পেরিয়ে এইবার তাঁর উপস্থিতি আরও কঠোর, আরও নির্মম, আরও আপসহীন।এই চলচ্চিত্রে মান্না এক ভিন্ন মাত্রার আইনরক্ষক- যিনি শুধু নিয়ম মানেন না, বরং নিয়মকে কার্যকর করতে প্রয়োজনে নিজেই হয়ে ওঠেন এক অপ্রতিরোধ্য শক্তি। তাঁর কাছে সন্ত্রাসের কোনো রঙ নেই- রাজনৈতিক পরিচয়, ক্যাডার কিংবা প্রভাবশালী গোষ্ঠী- সবই তাঁর দৃষ্টিতে একই অপরাধের রূপ। এই নিরপেক্ষ কঠোরতাই তাঁর চরিত্রকে আলাদা করে তোলে।সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন তাঁর কণ্ঠে। মান্নার গলার স্বর এখানে যেন ইচ্ছাকৃতভাবে ভারী, শীতল এবং হুমকিসূচক—যা প্রতিটি সংলাপকে শুধু বক্তব্য হিসেবে নয়, এক ধরনের মানসিক চাপ হিসেবে প্রতিষ্ঠা করে। তিনি যখন কথা বলেন, তা যেন সতর্কবার্তা; আর যখন চুপ থাকেন, সেই নীরবতাও সমান ভীতিকর হয়ে ওঠে।এই ছবিতে ভায়োলেন্সের প্রকাশ কেবল অ্যাকশনে সীমাবদ্ধ নয়- বরং তা মনস্তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক দুই দিকেই বিস্তৃত। জেরা দৃশ্যগুলোতে তাঁর নিষ্ঠুরতা স্পষ্ট- সত্য উদ্ঘাটনের জন্য তিনি যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। বন্দির মুখ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁর কঠোর পদ্ধতি সেই বাস্তবতাকেই তুলে ধরে, যেখানে ন্যায় প্রতিষ্ঠার নামে অনেক সময় আইনরক্ষক নিজেই হয়ে ওঠে ভয়ের প্রতীক।তবে এই নৃশংসতা নিছক প্রদর্শন নয়। এর পেছনে রয়েছে এক ধরনের নৈতিক অবস্থান- সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা। মান্না এখানে দেখিয়েছেন, সততার পথ সবসময় কোমল নয়; অনেক সময় তা নির্মম সিদ্ধান্তের মধ্য দিয়েই এগিয়ে যায়। তাঁর চোখের চাহনি, সংলাপের ছন্দ, আর নিয়ন্ত্রিত অথচ তীব্র শরীরী ভাষা- সব মিলিয়ে তিনি এমন এক চরিত্র নির্মাণ করেছেন, যেখানে ভয় ও ন্যায় একইসঙ্গে সহাবস্থান করে।
“বোমা হামলা”-তে ভায়োলেন্স তাই দ্বিধাবিভক্ত- একদিকে তা অপরাধ দমনের হাতিয়ার, অন্যদিকে তা নিজেই প্রশ্ন তোলে সেই পদ্ধতির নৈতিকতা নিয়ে। আর এই সূক্ষ্ম দ্বন্দ্বটিকেই মান্না তাঁর অভিনয়ের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। এই চলচ্চিত্রে তিনি প্রমাণ করেছেন, ভায়োলেন্স শুধু শক্তির প্রদর্শন নয়-এটি এক অবস্থান, এক সিদ্ধান্ত, এবং অনেক সময় এক কঠিন দায়িত্ব, যা বহন করতে গেলে মানুষকেও হয়ে উঠতে হয় কিছুটা কঠোর, কিছুটা নির্দয়।

আমি জেল থেকে বলছি
“আমি জেল থেকে বলছি”- শিরোনামেই এক অদ্ভুত প্রতিধ্বনি, যেন বন্দিত্বের ভেতর থেকেও উচ্চারিত হচ্ছে প্রতিবাদ, ক্ষোভ এবং প্রতিশোধের ঘোষণা। মান্নার ক্যারিয়ারে এটি নিছক একটি অ্যাকশন চলচ্চিত্র নয়; বরং ভায়োলেন্সের মনস্তত্ত্বকে সবচেয়ে নির্মম ও নগ্নভাবে উন্মোচন করা কাজগুলোর একটি।এই চলচ্চিত্রে ওমর ফারুক চরিত্রে মান্না- একজন সৎ ভূমি ম্যাজিস্ট্রেট- প্রথমে আইনের প্রতীক, ন্যায়ের প্রতিনিধি। কিন্তু রাজনৈতিক অসৎ চক্রের ফাঁদে পড়ে যখন তাঁর ব্যক্তিগত জীবন ভেঙে চুরমার হয়ে যায়, তখনই শুরু হয় এক ভয়ঙ্কর রূপান্তর। পরিবারের ওপর পাশবিক নির্যাতন- যা তিনি নিজের চোখের সামনে দেখেন- সেই ট্র্যাজেডিই তাঁর ভেতরের মানুষটিকে ভেঙে দেয়, এবং সেই ভাঙন থেকেই জন্ম নেয় এক প্রতিশোধপরায়ণ সত্তা দানব।মান্না এই রূপান্তরকে যেভাবে উপস্থাপন করেছেন, সেটিই ছবির প্রাণ। শুরুতে তাঁর সংলাপ, কণ্ঠ, দৃষ্টিতে ছিল সংযম ও দায়িত্ববোধ; কিন্তু ধীরে ধীরে সেই কণ্ঠ হয়ে ওঠে ভারী, নিয়ন্ত্রিত, আর শেষে প্রায় শীতল। এই ভয়েস কন্ট্রোলই তাঁর ভায়োলেন্সকে আলাদা মাত্রা দেয়—যেখানে চিৎকার নয়, বরং চাপা স্বরই হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি।এখানে মান্নার ভায়োলেন্স কোনো হঠাৎ বিস্ফোরণ নয়; এটি জমে থাকা ক্ষোভের নৃশংসতার স্তরভিত্তিক উন্মোচন। তিনি যখন একে একে প্রতিপক্ষকে আঘাত করেন, তখন তা কেবল প্রতিশোধ নয়- বরং এক ধরনের নৈতিক সংকটের বহিঃপ্রকাশ। তিনি জানেন, তিনি আইন ভাঙছেন; তবুও সেই পথেই হাঁটছেন, কারণ তাঁর কাছে আর কোনো পথ খোলা নেই।
এই ছবির অন্যতম শক্তি হলো- ভায়োলেন্সকে ‘ন্যায় প্রতিষ্ঠার বিকল্প’ হিসেবে দেখানো। দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে পারে, সেই নির্মম বাস্তবতাকে মান্না তাঁর চোখের দৃষ্টি, সংলাপের ছন্দ, এবং শরীরী ভাষার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তাঁর প্রতিটি পদক্ষেপে ছিল এক ধরনের অদম্য তাড়না- যেন তিনি আর মানুষ নন, বরং এক প্রতিক্রিয়া, এক প্রতিশোধের প্রতিমূর্তি।এখানে ভায়োলেন্স শুধু শারীরিক নয়; এটি মানসিক, অস্তিত্বগত। একজন সৎ অফিসার থেকে “আসামি” হয়ে ওঠার এই যাত্রা দর্শককে বাধ্য করে ভাবতে- আইন যখন ভেঙে পড়ে, তখন ন্যায় কোথায় দাঁড়ায়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন ওমর ফারুক নিজেই হয়ে ওঠেন নিজের আইনের নির্মাতা।“আমি জেল থেকে বলছি”-তে মান্না দেখিয়েছেন, ভায়োলেন্স কখনো কখনো মানুষের ভেতরের শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়- যখন সব পথ বন্ধ হয়ে যায়। তাঁর অভিনয়ে যে ব্যক্তিত্ব, যে নিয়ন্ত্রিত তীব্রতা, তা এই চরিত্রকে শুধু স্মরণীয়ই করেনি; বরং বাংলা সিনেমায় প্রতিশোধভিত্তিক ভায়োলেন্সের এক গভীর ও প্রভাবশালী দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিশেষ দ্রষ্টব্য: দেশদ্রোহী
এইবারও কাজী হায়াতের ছবি।কাজী হায়াত পরিচালিত অসাধারণ ছিলো এই ছবি।বলে রাখা ভালো, মান্নার গঠনমূলক গল্পের সাথে ভায়োলেন্সের যে সাদৃশ্যতা তাতে অন্যতম কারিগর ছিলেন কাজী হায়াৎ।“দেশদ্রোহী”- শিরোনামেই যেন এক দ্বন্দ্ব, এক সামাজিক রায় লুকিয়ে আছে। আর সেই রায়ের ভার বয়ে বেড়ানো চরিত্র রবি- যাকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন মান্না, এক ভিন্নমাত্রার অ্যান্টি-হিরো রূপে।মান্নার ক্যারিয়ারে নায়কোচিত দীপ্তি যেমন উজ্জ্বল, তেমনি অ্যান্টি-হিরো চরিত্রেও তিনি ছিলেন সমান সাবলীল। “দেশদ্রোহী” সেই দক্ষতারই এক গুরুত্বপূর্ণ উদাহরণ। এখানে তিনি শুধু একজন ভিলেনসদৃশ চরিত্র নন; বরং এক সামাজিক বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি- যেখানে রাজনৈতিক কূটচক্রের শিকার হয়ে এক তরুণ ধীরে ধীরে হারিয়ে ফেলে নিজের স্বাভাবিক সত্তা।অসৎ নেতারা কীভাবে তাদের কাজে ক্যাডারদের ব্যবহার করে এবং সুবিধা শেষ হলে ছুঁড়ে ফেলে দেয় তার একটা নমুনা দেখানো হয়েছে এ ছবিতে।রবি চরিত্রটির ভিতরকার দ্বৈততা এই ছবির মূল শক্তি। একদিকে সে পেশাদার খুনি- নির্দেশ পেলেই নির্মম, বেপরোয়া। অন্যদিকে তার ভেতরে জমে থাকে এক দীর্ঘশ্বাস- এক অদৃশ্য ক্ষত, যা তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। সে জন্মগত অপরাধী নয়; পরিস্থিতির চাপে, ভুল পথে পরিচালিত হয়ে সে হয়ে ওঠে সমাজের চোখে “দেশদ্রোহী”। এই ট্র্যাজেডিই চরিত্রটিকে এক গভীর মানবিকতা দেয়।এই জটিলতাকে মান্না ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সংযত অথচ তীক্ষ্ণ অভিনয়ে। তাঁর আঞ্চলিক ভাষার ব্যবহার এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ- সংলাপগুলো কেবল উচ্চারিত হয়নি, বরং চরিত্রের মাটি, তার শিকড়, তার বাস্তবতাকে সামনে এনেছে। এতে করে রবি হয়ে ওঠে আরও বিশ্বাসযোগ্য, আরও কাছের।
তাঁর চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মিশ্রণ- রাগ, ক্ষোভ, এবং চাপা যন্ত্রণা। সেই চাহনি অনেক সময় সংলাপের চেয়েও বেশি কথা বলেছে। হাঁটার ভঙ্গি, শরীরের গতি, এমনকি নীরবতার মধ্যেও তিনি তৈরি করেছেন এক ধরনের ভীতিকর উপস্থিতি- যা ভায়োলেন্সকে কেবল দৃশ্যমান রাখেনি, বরং অনুভবযোগ্য করে তুলেছে।“দেশদ্রোহী”-তে ভায়োলেন্স তাই শুধু রক্তপাত বা সংঘর্ষ নয়; এটি এক সামাজিক ব্যর্থতার প্রতিফলন। মান্না দেখিয়েছেন, কীভাবে একটি তরুণ মনকে ধ্বংস করে দিতে পারে ক্ষমতার অপব্যবহার, কীভাবে একজন মানুষ নিজের অজান্তেই হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর প্রতীকে।এই চলচ্চিত্রে তাঁর অভিনয় প্রমাণ করে- ভায়োলেন্সের সবচেয়ে তীব্র রূপটি কখনো অস্ত্রে নয়, বরং মানুষের ভেতরের ভাঙনে। আর সেই ভাঙনের শব্দই সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয় “দেশদ্রোহী”-র রবির চোখে, কণ্ঠে, আর নিঃশব্দ উপস্থিতিতে। সুবিধাবাদী নেতা রাজিবকে উচিত শিক্ষা দিতে গিয়ে দেশদ্রোহী বানানো হয় তাকে। ফাঁসির আসামী করা হয়। ফাঁসির মঞ্চে যাবার আগে জনগণের উদ্দেশে তার বক্তব্য ছিল পর্দা কাঁপানো। ছবির একটি গানে মানুষ ও কুকুরের তফাত দেখিয়ে বাস্তবতা তুলে ধরা হয়েছে। মাস্টওয়াচ ছবি।

বর্তমান
আগেই বলা হয়েছে- মান্না অ্যান্টি-হিরো চরিত্রে ছিলেন এক অনন্য উপস্থিতি। এই ধারার চরিত্রে যখনই তিনি পর্দায় এসেছেন, তখন সেই বেপরোয়া, নিয়ন্ত্রণহীন অথচ গভীরভাবে মানবিক সত্তাটিকে এমনভাবে আত্মস্থ করেছেন, যা সহজে ভোলার নয়। তাঁর অভিনীত “বর্তমান” সেই ধারারই আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন।এই ছবিটি মূলত বলিউডের সঞ্জয় দত্ত অভিনীত বাস্তব সিনেমার বাংলাদেশী রিমেইক। সঞ্জয় দত্ত অভিনীত রাঘুনাথ নামদেব শিবালকারের চরিত্রটি ছিলো মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ডন ছোটা রাজনের বায়োগ্রাফির উপর নির্মিত। যদিও বাংলাদেশীর প্রেক্ষাপটে এই সিনেমাতে আমরা দর্শক হিসেবে যে সমাজব্যবস্থা দেখতে পায় তাতে করে রিমেইকের সেই গন্ধটি আর তেমন কাজে আসে না। বরং বাংলাদেশের সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে এটি পেয়েছে এক স্বতন্ত্র রূপ। এখানে গল্পের কেন্দ্রবিন্দু কবীর- এক সাধারণ যুবক, যার স্বপ্ন খুব বড় নয়, আর পাঁচটা সাধারণ মানুষের মতো তারও স্বপ্ন পরিবারের জন্য আয়রোজগার করা। বেকারত্বের ক্লান্তি পেরিয়ে যখন সে নিজের চেষ্টায় ছোট একটি ব্যবসা দাঁড় করায়, তখনই ক্ষমতাবান সন্ত্রাসী চক্রের হস্তক্ষেপ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মুহূর্তেই কবীরের জীবনে ঘটে যায় সেই অনিবার্য পরিবর্তন- একটি খুন, এবং তার পরেই রাজনীতির ছত্রছায়ায় আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতে প্রবেশ। সেখান থেকে তার উত্থান- বলা যায় আর সেখান থেকেই শুরু হয় কবীরের পতন, কিংবা অন্য এক উত্থান।টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন- সবকিছুই যেন তার দৈনন্দিনতার অংশ হয়ে ওঠে। কিন্তু এই উত্থান কেবল ক্ষমতার নয়; এটি এক মানুষের ধীরে ধীরে বদলে যাওয়ার গল্প।মান্না এই কবীর চরিত্রটিকে গড়ে তুলেছেন এক বহুমাত্রিক ভায়োলেন্সের মাধ্যমে। তাঁর আঞ্চলিক সংলাপ উচ্চারণে ছিল এক ধরনের কাঁচা, বাস্তবধর্মী তীব্রতা- যেখানে প্রতিটি শব্দ যেন হুমকি বহন করে। তাঁর চোখের দৃষ্টিতে ছিল আধিপত্যের ঘোষণা, আর শরীরী ভাষায় ছিল এক অদৃশ্য চাপ, যা দৃশ্যকে ভীতিকর করে তুলত।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- এখানে ভায়োলেন্স কেবল অস্ত্রনির্ভর নয়। মান্না দেখিয়েছেন, সহিংসতা অনেক সময় প্রকাশ পায় কণ্ঠস্বরের দৃঢ়তায়, বাক্যের ভঙ্গিতে, কিংবা নিঃশব্দ দৃষ্টির মধ্যেও। তাঁর কবীর চরিত্র প্রমাণ করে, ভায়োলেন্স মানেই আঘাত নয়- এটি এক ধরনের ক্ষমতার ভাষা, যা দিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করা হয়।“বর্তমান”-এ মান্নার এই উপস্থাপন বাংলা সিনেমায় ভায়োলেন্সের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। কারণ তিনি দেখিয়েছেন- সহিংসতা কখনো কেবল বাহ্যিক নয়; এটি মানসিক, সামাজিক এবং ভাষাগতও হতে পারে। আর সেই বহুমাত্রিক প্রকাশই তাঁর অভিনয়কে করে তুলেছে সময়ের চেয়ে এগিয়ে।“বর্তমান”-এর কবীর তাই শুধু একজন ডন নয়; তিনি এক প্রতীক- যেখানে দেখা যায়, কীভাবে একজন সাধারণ মানুষ পরিস্থিতির চাপে, প্রতিরোধের পথে হাঁটতে গিয়ে, ধীরে ধীরে হয়ে ওঠে সেই ভয়েরই কেন্দ্রবিন্দু, যাকে একসময় সে নিজেই ঘৃণা করত।তিনি দেখিয়েছেন- ভায়োলেন্স শুধু অস্ত্রের ঝনঝনানিতে সীমাবদ্ধ নয়। বরং আঞ্চলিক ভাষার দৃঢ় উচ্চারণ, সংলাপের ভঙ্গি, আর চোখের তীক্ষ্ণ চাহনির মধ্য দিয়েও ভয়ের এক আবহ তৈরি করা যায়। তাঁর কথার মধ্যে ছিল হুমকি, দৃষ্টির মধ্যে ছিল আধিপত্য- যা অনেক সময় অস্ত্রের চেয়েও বেশি কার্যকর হয়ে উঠেছে।কবীর চরিত্রে মান্নার হাঁটা, থামা, তাকানো- সবকিছুতেই ছিল এক অদৃশ্য ক্ষমতার প্রকাশ। তাঁর অ্যাকশন ছিল সংযত, কিন্তু প্রভাবশালী; কখনোই অপ্রয়োজনীয় বাড়াবাড়ি নয়, বরং প্রয়োজন অনুযায়ী তীব্র। এই পরিমিত ব্যবহারই ভায়োলেন্সকে দিয়েছে এক ধরনের বাস্তবতা, যা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।

বিশেষ দ্রষ্টব্য: ধর
“ধর” (১৯৯৯)- কাজী হায়াতের নির্মাণে এটি কেবল একটি সন্ত্রাসকেন্দ্রিক গল্প নয়; বরং সমাজের প্রান্তিক বাস্তবতা থেকে জন্ম নেওয়া ভায়োলেন্সের এক গভীর পাঠ। এখানে মান্না যে চরিত্রটি নির্মাণ করেছেন, তা সরলরৈখিক নয়- বরং ধীরে ধীরে গড়ে ওঠা এক মানসিক ও সামাজিক রূপান্তরের প্রতিচ্ছবি।টোকাই পরিচয়ের এক ভাসমান ছেলের জীবনসংগ্রাম দিয়ে গল্পের শুরু। বঞ্চনা, অপমান, আর প্রতিনিয়ত টিকে থাকার লড়াই- এই অভিজ্ঞতাগুলোই চরিত্রটির ভিতরে জমা হতে থাকে অদৃশ্য ক্ষোভ হিসেবে। সেই ক্ষোভই একসময় তাকে ঠেলে দেয় অপরাধজগতে। ডিপজলের দলের সঙ্গে যুক্ত হওয়ার পর এই পরিবর্তনটি দৃশ্যমান রূপ পায়- কিন্তু মান্নার অভিনয় এটিকে শুধুই “অপরাধে জড়িয়ে পড়া” হিসেবে দেখায় না; বরং এটি হয়ে ওঠে এক অনিবার্য পতনের কাহিনি।এই ছবিতে মান্নার ভায়োলেন্স সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে তার অভ্যন্তরীণ টানাপোড়েনে। তিনি হঠাৎ করেই নির্মম হয়ে ওঠেন না; বরং প্রতিটি ধাপে, প্রতিটি আঘাতে, প্রতিটি সিদ্ধান্তে সেই নির্মমতা তৈরি হয়। তাঁর চোখে ধরা পড়ে ক্ষুধা, রাগ, আর বেঁচে থাকার তাগিদ- যা তাকে ক্রমশ কঠোর করে তোলে। ফলে, তাঁর করা প্রতিটি সহিংস কাজ দর্শকের কাছে কেবল দৃশ্য নয়, বরং পরিস্থিতির ফল হিসেবে ধরা দেয়।সংলাপ প্রদানে মান্না এখানে এক বিশেষ মাত্রা যোগ করেছেন। তাঁর কণ্ঠে একদিকে যেমন হতাশা, তেমনি রয়েছে প্রতিবাদ। বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে আর্তনাদের মুহূর্তগুলো- সেগুলো ভায়োলেন্সকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। সেখানে অস্ত্র নেই, আঘাত নেই, কিন্তু তীব্রতা আছে- এক গভীর অস্তিত্ব সংকটের তীব্রতা।
অ্যাকশনের দিক থেকেও “ধর” সংযত কিন্তু প্রভাবশালী। এখানে ভায়োলেন্স অতিরঞ্জিত নয়; বরং বাস্তবতার কাছাকাছি। মান্নার শরীরী ভাষা- হাঁটা, থামা, আঘাত করা- সবকিছুতেই আছে এক ধরনের কাঁচা রুক্ষতা, যা চরিত্রটির সামাজিক অবস্থানকে বিশ্বাসযোগ্য করে তোলে।সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- এই ছবিতে ভায়োলেন্স কোনো ‘গ্লোরিফিকেশন’ নয়। বরং এটি দেখায়, কীভাবে সমাজের অবহেলা ও বৈষম্য একজন মানুষকে ধীরে ধীরে সহিংসতার দিকে ঠেলে দেয়। মান্না সেই যাত্রাটিকে এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে দর্শক শুধু বিচার করে না, বরং অনুভব করে।“ধর”-এ তাঁর অভিনয় তাই নিছক অ্যাকশন নয়; এটি এক সামাজিক দলিল- যেখানে ভায়োলেন্স মানে কেবল আঘাত নয়, বরং বঞ্চনার প্রতিক্রিয়া। আর সেই প্রতিক্রিয়াকেই মান্না তাঁর তীব্র, সংযত এবং গভীর অভিনয়ের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
লেখক: আমি সুমন বৈদ্য বর্তমানে ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়ন করছি।পাশাপাশি একজন ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক হিসেবে কর্মরত অবস্থায় রয়েছি।