মানুষ টাকা দিয়ে মুক্তি কেনে, আর আমি চেয়েছিলাম সেই টাকা ফেরত দিয়ে তার সই করা একটি চিরস্থায়ী দলিলে নিজের পরাজয় কিনে নিতে। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, টাকাগুলো তার হাতে দিয়ে বলব—জাবেদ, এই টাকাগুলো তোমার স্ত্রীর চিকিৎসার জন্য রাখো। জানি অনেক টাকার প্রয়োজন হবে, তুমি নিশ্চয়ই সবটা গুছিয়ে নিতে পারবে। আমি এই টাকা নিতে আসিনি, আমি এসেছি আমাদের এই নাটকের শেষ দৃশ্যটা নিজের হাতে লিখে দিতে।
আমার ইচ্ছা ছিল কোনো উকিলে নোটিশ নয়, কোনো সাক্ষী নয়, শুধু আমাদের মাঝে একটা অদৃশ্য দলিল থাকবে। সেখানে লেখা থাকবে আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু ভালোবেসে তা আবার ফিরিয়ে দিয়েছি। আমি তোমাকে এই মর্মে মুক্তি দিতে চেয়েছিলাম যে, এরপরে যখনই আমার অবাধ্য মন তোমার জন্য হাহাকার করে উঠবে, যখন আমার পা দুটো তোমার ঠিকানার দিকে এগোতে চাইবে, তখন আমি ওই বড় বড় করে করা তোমার সইটার দিকে তাকাব। ওই সইটা হবে আমার জন্য একটা আগল, একটা শক্ত দেওয়াল। ওটা দেখে আমি নিজেকে বোঝাব—দেখো চামেলি, এই মানুষটা তোমাকে কোনোদিন চায়নি। তুমি ছিলে তার জীবনের এক অস্বস্তিকর অধ্যায়, যা সে টাকা দিয়ে মুছে ফেলতে চেয়েছিল।